ফয়’স লেক এলাকার পরিবেশ দূষণ করছে ঢালাই চুল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফয়’স লেকের ফটক দিয়ে ঢুকতেই বাম পাশে চোখে পড়ে সুউচ্চ একটি চুল্লি। এর দক্ষিণে আনুমানিক ৫০ গজ দূরত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি)। উত্তর পাশে প্রায় ১০০ গজ দূরত্বের মধ্যে রয়েছে আনসার ভিডিপির সদরদপ্তর। আশপাশে ঘনবসতি। চুল্লিটিতে পাথর, বালু ও সিমেন্ট মিশিয়ে তৈরি হয় ছাদ বা স্তম্ভ (পিলার) ঢালাইয়ের মসলা (রেডিমিক্স)। স্থানীয় ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, ‘রাতদিন এই চুল্লিতে রেডিমিক্স তৈরি হয়। চুল্লিতে সিমেন্ট দেওয়ার সময় ধূলিকণায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা।’ আরেক ব্যবসায়ী আলম সওদাগর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রায় দুই বছর ধরে আমরা পরিবেশদূষণের শিকার। নাক মুখ দিয়ে ধূলিকণা খাচ্ছি। অথচ পরিবেশ অধিদপ্তরের দূরত্ব এই চুল্লি থেকে ৫০০ গজ। কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই।’১৪ ফেব্রুয়ারি সরেজমিন পরিদর্শনে গেলে নানা পেশা ও শ্রেণীর মানুষ রেডিমিক্স তৈরির ওই কারখানা নিয়ে এন্তার অভিযোগ করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের ঠিক বিপরীতে অবস্থিত কারখানাটির নাম এপিক রেডিমিক্স অ্যান্ড কনক্রিট প্রোডাক্টস লিমিটেড। প্রায় দুই বছর আগে এটি স্থাপিত হয়। একটি বেসরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, জনবসতি এলাকায় ও সরকারি প্রতিরক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের পাশেই কেন এই কারখানা? প্রশ্ন করলে এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সোহরাবুল ইসলাম উল্টো কারখানাটি পরিবেশবান্ধব দাবি করে বলেন, ‘মূলত নির্মীয়মাণ ইম্পেরিয়াল হাসপাতালে (কারখানা থেকে ৫০০ গজ দক্ষিণ-পশ্চিমে) রেডিমিক্স সরবরাহ দেওয়ার জন্য এটি স্থাপন করা হয়েছে।’ভুক্তভোগীদের কাছ থেকে পরিবেশদূষণের অভিযোগ মৌখিকভাবে পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘রেডিমিক্স তৈরির সময় ধূলিকণা (ডাস্ট) পরিহার করা যাবে না।’ জানা যায়, কারখানার দক্ষিণ পাশে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিন হাজার শিক্ষার্থী। ইউএসটিসির উপউপাচার্য (একাডেমিক) এম জাফর আহমদ বলেন, ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগের শতশত রোগী ছাড়াও ২০০ রোগী ভর্তি থাকেন।’ রেডিমিক্স তৈরির কারখানা থেকে নির্গত ধূলিকণার কারণে পরিবেশদূষণের শিকার হচ্ছেন তাঁরা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে ইউএসটিসির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের।’ ইউএসটিসির আরেক শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, ‘শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার শিক্ষার্থীই নয় কারখানাটির আশপাশের বিপুলসংখ্যক মানুষ দূষণের শিকার হচ্ছেন।’ ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সরেজমিনে কারখানার ভেতরে দেখা যায়, বিপুল পরিমাণ বালু, পাথর ও সিমেন্টের বস্তা স্তূপ করে রাখা হয়েছে মাঠে। এটির ওপরে কোনো ছাদ নেই। আশপাশের গাছপালা ও ভবনগুলো ধূলিমলিন হয়ে পড়েছে। কারখানার প্রকৌশলী মো. সোহরাবুল ইসলাম জানান, ‘প্রতিদিন প্রায় চার হাজার বর্গফুট রেডিমিক্স এই কারখানায় তৈরি হয়। বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানের (ডেভেলপার কোম্পানি) নির্মীয়মাণ ভবনের ছাদ কিংবা স্তম্ভ ঢালাইয়ের জন্য এসব সরবরাহ দেওয়া হয়।’ কারখানার শ্রমিক মো. ইসমাইল বলেন, ‘রেডিমিক্স তৈরির নির্দিষ্ট সময় নেই। যে সময় অর্ডার হয় সে সময় রেডিমিক্স তৈরি হয়।’ কারখানার অদূরে অবস্থিত আনসার সদর দপ্তরের ১৩ আনসার ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মো. আলম বলেন, ‘জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের কারখানা থাকা উচিত নয়।’কারখানা থেকে নির্গত ধূলিকণার প্রভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘জনসাধারণের জন্য ক্ষতিকারক এমন কারখানা অন্যত্র সরিয়ে নেওয়া উচিত।’ ওই চুল্লি বা সাইলো থেকে রেডিমিক্স তৈরির সময় ধূলিকণা বাতাসের সঙ্গে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে—ভুক্তভোগীদের এমন অভিযোগ নাকচ করে দিয়ে এপিকের মানবসম্পদ এবং প্রশাসনিক কর্মকর্তা (হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্টেশন অফিসার) গিয়াসউদ্দীন বলেন, ‘মূলত এই প্ল্যান্টে যে রেডিমিক্স তৈরি হয় তা আমাদের নিজস্ব প্রকল্পের জন্য। এ ছাড়া, পাইপ লাইনের মাধ্যমে উন্নত প্রযুক্তিতে এখানে রেডিমিক্স তৈরি হয়। বাতাসে ধূলিকণা ওড়ার প্রশ্নই ওঠে না।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিত্সক কামাল উদ্দিন ধূলিকণার ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলেন, শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ধূলিকণা ফুসফুসে ঢুকছে। ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এমনকি যক্ষ্মাও হতে পারে।’ এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান আখন্দ প্রথম আলোকে বলেন, ‘ভুক্তভোগীদের কাছ থেকে ওই কারখানার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’