ফয়’স লেকে বিজয়ের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিজয়ের গানে মেতে উঠি এক প্রাণে’—ফয়’স লেকে পাহাড়ের কোলে সোনা রোদে সুরের উষ্ণতা। তরুণ-তরুণীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে দেশের জয়গানে। গানে গানে উদ্যাপিত হয় বিজয়ের দিন। বিকেল সাড়ে চারটা। কনসার্ট শুরু হয় শিল্পী মিলন মাহমুদের গান দিয়ে। প্রথমেই করেন তাঁর ‘মা’ গানটি। প্রথম গানেই যেন জমে যায় কনসার্ট। শিল্পীর সঙ্গে গলা মেলান শ্রোতারাও। তিনি একে একে গেয়ে শোনান ‘হাওয়া’, ‘চলো সবাই’ ও ‘স্বপ্ন যাবে বাড়ি’। এরপর মঞ্চ মাতাতে আসে ব্যান্ডদল শিরোনামহীন—‘সারা বেলা বন্ধ জানালা’ দিয়ে মাত করেন শ্রোতাদের। তাঁরা গেয়ে শোনান ‘ইচ্ছে ঘুড়ি’, ‘হাসি মুখ’, ও ‘একাপাখি’। শিরোনামহীন যখন মঞ্চ ছাড়ছে তখন পশ্চিমে হেলে পড়ছে সূর্য। গানে গানে সন্ধ্যা নামছে লেক-পাহাড়ের ধারে। কিন্তু শ্রোতাদের কোনো ক্লান্তি নেই। অবশেষে মঞ্চে এলেন জনপ্রিয় শিল্পী হূদয় খান। তারুণ্যের উন্মাদনা যেন বেড়ে গেল কয়েক গুণ। হূদয় খানের সঙ্গে গেয়ে চলেছেন শ্রোতারাও। তিনি গেয়ে শোনান ‘চাই না মেয়ে’, ‘কি জ্বালা’ ও ‘আড়াল থেকে’।