ফয়'স লেকে স্বাধীনতা কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফয়’স লেকের কনসার্টে গান করেন নগর বাউল জেমস
ফয়’স লেকের কনসার্টে গান করেন নগর বাউল জেমস

ঘড়ির কাঁটায় তখন বিকেল তিনটা। গিটারের টুংটাং শব্দ ভেসে আসছিল লেকের পাড় থেকে। অবশেষে নাবিলা ইসলামের কণ্ঠে চূড়ান্ত ঘোষণা-মঞ্চে আসছে চট্টগ্রামের ব্যান্ডদল ফেরারি। এসেই সুর তুললেন তাঁরা, ‘রক্ত দিয়ে নাম লিখেছি/ বাংলাদেশের নাম’। মুহূর্তেই মঞ্চের আশপাশ ভরে ওঠে দর্শনার্থীদের ভিড়ে। এভাবে শুরু থেকেই জমে ওঠে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কের স্বাধীনতা কনসার্ট। গত ২৮ মার্চ এ কনসার্ট অনুষ্ঠিত হয়।
ফেরারি পরিবেশন করে পাঁচটি গান। তাদের পরিবেশিত ‘তীর হারা এ ঢেউয়ের সাগর’ গানের সঙ্গে কণ্ঠ মেলান সবাই। এবার মঞ্চে আসেন রন্টি দাশ। ‘কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে’ গানটির মাধ্যমে রন্টি শুরু করেন। তিনি পরিবেশন করেন ‘মধু হই হই’, ‘গাড়ি চলে না’, ‘ওরে সাম্পানওয়ালা’ ও ‘সুন্দরী কমলা নাচে’। এরপর গাইলেন মিলন মাহমুদ। শুরু করলেন ‘বাংলাদেশ’ গানটি দিয়ে। এ ছাড়া তাঁর ‘ভালোবাসি বল’, ‘চল সবাই’ গানগুলো মাতিয়ে তোলে সবাইকে।
সন্ধ্যা নামতেই মঞ্চে গিটারে সুর তোলেন নগর বাউল জেমস। তিনি একে একে ‘লেইস ফিতা লেইস’, ‘দিওয়ানা দিওয়ানা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি চলে যেও না’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘চুল টানা বিবিয়ানা’, ‘মিরাবাঈ’, ‘হই হই কাণ্ড’ প্রভৃতি গান পরিবেশন করেন। জেমস যখন তাঁর শেষ গান ‘পাগলা হাওয়া’ করে মঞ্চ ছাড়ছিলেন তখনো দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
কনকর্ডের সহকারী ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘এই আয়োজনে দর্শনার্থীদের উচ্ছ্বাস আমাদের মুগ্ধ করেছে। বিশেষ করে তারুণ্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।’