ব-দ্বীপের আত্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি ব-দ্বীপের আত্মা ও প্রতীক: সমকালীন বাংলাদেশি চিত্রকলা’ শিরোনামে একটি চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে যাত্রা শুরু করল অ্যালুভিয়াল আর্টস। এই উদ্যোগ সানফ্রানসিসকো ও সিলিকন ভ্যালিবাসীর প্রশংসা কুড়িয়েছে। ৬ থেকে ১৭ জুন, ১২ দিনব্যাপী এই প্রদর্শনীতে দর্শকরা উপভোগ করে বাংলাদেশের তিন খ্যাতনামা শিল্পী—কালিদাস কর্মকার, প্রশান্ত কর্মকার বৌদ্ধ ও নগরবাসী বর্মণের ৬৯টি শিল্পকর্ম। সাধারণ দর্শক থেকে শিল্পানুরাগী, সবার মন কেড়ে নেয় এই প্রদর্শনী। কালিদাসের চিত্রকর্মে কৌশল, মিশ্রমাধ্যম, বর্ণবৈচিত্র্য, আধ্যাত্মিকতা, বাংলাদেশের ইতিহাস-সচেতনতা ও বাঙালি-সংস্কৃতির সঙ্গে নিবিড় সংযোগ শিল্পানুরাগী দর্শককে মুগ্ধ করেছে। তাঁর চিত্রকর্মে তিনি ব্যবহার করেন চারপাশে খুঁজে পাওয়া উপাদান, যেমন পরিত্যক্ত কাগজ, পোড়া গাড়ির লোহার টুকরা, নুড়ি-পাথর, শামুক। জাগতিক এই উপকরণের সঙ্গে অনায়াসে তিনি মিলিয়ে দেন তাঁর আধ্যাত্মিক কিন্তু সদাজাগ্রত সত্তা। এই শিল্পীর একাত্তর-পরবর্তী চিত্রগুলোতে আমরা দেখি যুদ্ধের উন্মত্ততা, ধ্বংস ও বেদনা। এরপরের দশকগুলোতে কালিদাসের সৃষ্টি-বিবর্তিত হয়ে স্থিরতা পায় তাঁর অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতার মানস সরবরে। নগরবাসী বর্মণ যদিও বিভিন্ন মাধ্যমের কাজে সিদ্ধহস্ত তবু তাঁর ছবিগুলোতে নদীমাত্রিক বাংলাদেশ যেন পট থেকে লাফিয়ে ওঠে দর্শকের মনের আঙিনায়। বুড়িগঙ্গার তীরে বেড়ে ওঠা শৈশব হাতছানি দেয় তাঁর প্রতিটি চিত্রকর্মে। তাঁর ছবিগুলোতে ফুটে ওঠা পারিবারিক ও সাম্প্রদায়িক জীবনে ঘটে যাওয়া অনিবার্য পরিবর্তনগুলো কোথায় যেন একটা চিনচিনে ব্যথার জন্ম দেয়।প্রশান্ত কর্মকারের কাজ মূলত মিশ্রমাধ্যমে করা সিল্কস্ক্রিন প্রিন্ট ও ইনটাগ্লিও এচিং। তিনি ছবির মূল বিষয়টিকে পটভূমি থেকে খুবড়ে তুলে এনে ভিন্ন আরেকটি বিষয়ের সঙ্গে মিশিয়ে দৃষ্টিকাড়া এক চিত্রের জন্ম দেন। আর দর্শক চেনা-জানা দৃশ্যগুলোকে নতুনভাবে আবিষ্কার করেন। ছবিতে রঙের বিরল ও বিক্ষিপ্ত ব্যবহার তাঁকে দিয়েছে ঈর্ষণীয় স্বকীয়তা। উপস্থিত দর্শকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এশীয় আর্ট মিউজিয়াম, সানফ্রানসিসকো এশিয়ান আর্ট মিউজিয়ামের দক্ষিণ এশীয় চিত্রকলার কিউরেটর; সমকালীন চিত্রকলার অঙ্গনে সানফ্রানসিসকোর নেতৃত্বস্থানীয় সংস্থা ইয়েরবা রুয়েনা সেন্টার ফর দি আর্টসের কয়েকজন কিউরেটর; ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি ও ইউনিভার্সিটি অব সানফ্রানসিসকোর চিত্রকলা ইতিহাস বিভাগের প্রতিনিধিরা। এ ছাড়া উপস্থিত ছিলেন সিলিকন ভ্যালির কয়েকজন শীর্ষস্থানীয় চিত্রকর্ম সংগ্রহকারী। মূলত স্থানীয় অবাঙালি ক্রেতাদের কাছেই প্রদর্শনীর ৬৯টি চিত্রকর্মের ৩২টি দ্রুত বিক্রি হয়ে যায়।স্থানীয় এক গ্যালারিতে আয়োজিত এই সফল উদ্যোগের মূল চালিকাশক্তি ছিলেন অ্যালুভিয়াল আর্টসের প্রতিষ্ঠাতা সামিরা রহমতুল্লাহ। (আগ্রহী পাঠকেরা বিস্তারিত জানতে চাইলে এই শিল্পসেবী প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে পারেন: http://alluvialarts.com/)। সামিরার ভাষায়, ‘আমার দৃঢ়বিশ্বাস, আগামী দশকে বাংলাদেশের চিত্রশিল্প বিশ্বের বাজারে বিপুলভাবে সমাদৃত হয়ে উঠবে, যেমন গত এক দশকে আমরা দেখেছি ভারতীয় চিত্রকলার ক্ষেত্রে।’লেখক: সানফ্রানসিসকো স্টেইট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়ার মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক।