ব ষর্ ব র ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়সকালবেলা যখন বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়, তখন থেকেই সারা রাজশাহী শহরের মানুষের প্রধান গন্তব্যস্থলে পরিণত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সবুজঘেরা চত্বর। নতুন বছরের প্রথম সূর্যকে চারুকলার মুক্তমঞ্চ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে ‘এসো হে বৈশাখ এসো এসো’ সুরে সুরে। এর পরই শুরু হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এ বছর শোভাযাত্রায় তুলে ধরা হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্য। তাই কেউ সেজেছিল খেটে খাওয়া দিনমজুর, কেউ বা কৃষক, কেউ বা গ্রামের বধূ। আবার সারা দেশের বিভিন্ন আদিবাসীর কথা মনে করিয়ে দিতে কেউ কেউ ছিল সে ধরনের আদিবাসী সাজ নিয়েও। লোকজ সংস্কৃতির অপরিহার্য অংশ নানা রঙের বিশাল সব মুখোশের যেন শেষ নেই। রংবেরঙের ফেস্টুন আর প্ল্যাকার্ড তো ছিলই। তবে শোভাযাত্রার মধ্যমণি হয়ে ছিল বিশাল বড় এক হুতোম পেঁচা আর জ্ঞানী জ্ঞানী চেহারার ইয়া মস্ত এক কচ্ছপ।বাঙালি ঐতিহ্যের মুড়িমুড়কি থেকে শুরু করে কাচের চুড়ি, কাঠের পুতুল, মাথার ফিতা, একতারা সবই ছিল বৈশাখের এই মেলায়। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, পুতুলনাচ, লোকজ নাচ-গানের আসর, মঞ্চনাটক আর সেই সঙ্গে চারুকলার প্রাকৃতিক সৌন্দর্য আর কোথাও পাওয়া যায় না।—ফয়সাল হাসানঢাকা বিশ্ববিদ্যালয়রং লেগেছে শাড়িতে! শুধু কি শাড়িতে? লেগেছে পাঞ্জাবি আর ফতুয়ায়। লাল, গোলাপি, নীল, সাদা, হলুদ—কত্ত মজার রং। রং লেগেছে হাজারো তরুণ-তরুণীর মনে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসই সেজেছে রঙিন সাজে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে জাদুঘরের সামনে হাজার লোকের ভিড়ে কথা হলো আতিয়ার সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন? উত্তরে আতিয়া বলেন, ‘আসলে এখানে এত্ত বড় অনুষ্ঠান! মেলার ভিড়ে হারিয়ে যেতে কার না ভালো লাগে।’ মঙ্গল শোভাযাত্রার মিছিলের যেন শেষ নেই। মানুষ আর মানুষ। বাহারি সব মুখোশ, ঢোল, তবলা, বাঁশি আর রঙিন বসনের স্নিগ্ধতায় পয়লা বৈশাখের মিষ্টি রোদ গায়ে মাখতে নাকি অপার সুখ চারুকলার শ্রেয়ার কাছে। টিএসসি চত্বরে দেখা সাবিহার সঙ্গে। বললেন, ‘ঈদ, পূজা— আমাদের কত উৎসব, কিন্তু তাও কোথায় যেন একটু অপূর্ণতা থেকে যায়। কিন্তু পয়লা বৈশাখই একমাত্র উৎসব, যা কিনা আমাদের সব জাতি-বিভেদ ভুলিয়ে দেয়।’ মুখে, হাতে, পিঠে আলপনা এঁকে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তমাল, ঝুমা, সাবিহা, মৌরী, আবিররা। তাঁরা সবাই এবার প্রথম বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন। তাই অন্য রকম মজা তাঁদের।—ইমাম হাসানইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি—আইইউবিবর্ণাঢ্য-জমকালো র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) পরিবার। এ উপলক্ষে নতুন বছরের প্রথম আলোকিত ভোরে এক বৈশাখী র্যালি ও মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল নয়টায় সমবেত কণ্ঠে বৈশাখী গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর পর্যন্ত একে একে পরিবেশিত হয় আবৃত্তি, গান ও নৃত্য। পাশাপাশি বৈশাখী মেলায় জমে উঠেছিল পান্তা-ইলিশ, ফুচকা-চটপটি, কাঁচা আম আর আমের শরবতের লোভনীয় ভোজ। উৎসবের এই আমেজে যোগ দিয়ে উৎসাহ জোগান ভারপ্রাপ্ত উপাচার্য ওমর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তারা। আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স (ডোসা) এবং আর্ট ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। দিনব্যাপী সব আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক নাজির আহমেদ এবং ডোসার জ্যেষ্ঠ ম্যানেজার কাজী ফারুক আহমেদ। বৈশাখের বিভিন্ন অনুষ্ঠান সারা বিশ্ববিদ্যালয়ে এক উৎসবের আমেজ এনে দেয়।—হাসান সাইমুম ওয়াহাব