বংশ ও পরিবেশগত দুই কারণেই হতে পারে ক্যানসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে ছবি দেখছেন অতিথিরা
নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীতে ছবি দেখছেন অতিথিরা

ক্যানসার একটি দুরারোগ্য ব্যাধি, যা মানবদেহের অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফল। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রতিবছর অনেক রোগী মৃত্যুবরণ করে। সঠিক সময়ে চিকিৎসা না নিলে ক্যানসার দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। বিভিন্ন জিনের বিবর্তন ও পরিবর্তন ক্যানসারের জন্য দায়ী বলে ধারণা করা হয়, যা বংশগত ও পরিবেশগত দুই কারণে হতে পারে।
‘ক্যানসার চিকিৎসা নির্দেশনার জন্য মলিকুলার মার্কার সমূহের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গতকাল বুধবার নগরের পাঁচলাইশের চিটাগং রিসার্চ ইনিশিয়েটিভসের (সিআরআই) সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ক্যানসার–সম্পর্কিত নানা তথ্যউপাত্ত তুলে ধরেন কিং ফয়সাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অধ্যাপক সৈয়দ এস ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক তাহমিনা বানু। সেমিনারে অন্তত ২০ জন চিকিৎসক অংশ নেন।
সেমিনারে বক্তারা আরও বলেন, খাদ্যাভ্যাস, জীবনযাপন ব্যবস্থা, ধূমপান, ভারী ধাতুদূষণ প্রভৃতি পরিবেশগত কারণ হিসেবে উল্লেখযোগ্য, যা প্রতিরোধের জন্য সচেতনতা সৃষ্টি দরকার। অন্যদিকে ক্যানসার নির্ণয় ও চিকিৎসা উভয় ব্যয়বহুল ও জটিল হওয়ায় সঠিক সময় যথোপযুক্ত চিকিৎসা সম্ভব হয় না। বিশেষ করে আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য তা আরও কষ্টসাধ্য ব্যাপার।
অধ্যাপক তাহমিনা বানু জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ইইউজিইএফ ল্যাব এবং সিআরআই হেলথ গ্রুপ সম্মিলিতভাবে একটি পদ্ধতির উদ্ভাবন করেছে। এর মাধ্যমে স্বল্প খরচে ও সহজ উপায়ে রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যানসারের প্রাথমিক পর্যায় শনাক্তকরণ এবং চিকিৎসার কার্যকারিতার ধরন নির্ধারণ সম্ভব হবে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে জিন সিকোয়েন্সিং পদ্ধতি প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এই পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট কোনো জিনের গঠনগত পরিবর্তন জানা যাবে এবং তার জন্য চিকিৎসা নেওয়া সম্ভব। এ ছাড়া জন্মগত ত্রুটি, অটিজমসহ নানা রোগের জিনগত কারণও উদ্ভাবন এবং ক্যানসারসহ বিভিন্ন রোগের প্রকৃত কারণ ও দ্রুত চিকিৎসাপদ্ধতি নির্ধারণ সম্ভব হবে। রোগী স্বল্প খরচে চিকিৎসা নিতে পারবে।’