
তাঁর পরিচিতি ‘ক্যাম্পাসের বাঁশিওয়ালা’ নামে হিসেবে। এই বংশীবাদকের নাম খান মোহাম্মদ শিহাব। চতুর্থ বর্ষে পড়ছেন রংপুর মেডিকেল কলেজে। তবে তাঁর বেড়ে ওঠা ঢাকার মতিঝিলে। মাধ্যমিক পড়েছেন মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে আর উচ্চমাধ্যমিক বিএএফ শাহীন কলেজে।
বাঁশিওয়ালা হয়ে ওঠার গল্প বলছিলেন শিহাব, ‘বাঁশির সুর সব সময়ই আমাকে মুগ্ধ করত। ছোটবেলায় নিজে নিজে বাজানোর চেষ্টা করে কয়েকবার ব্যর্থ হয়েছি। তারপর মাধ্যমিক শেষ করে ছায়ানটে ভর্তি হয়েছিলাম মরতুজা মুরাদ কবির স্যারের তালিম নিতে।’
প্রতিষ্ঠাবার্ষিকী, নবীনবরণ, পুনর্মিলনী অনুষ্ঠান, পয়লা বৈশাখ, বিজয় দিবসসহ কলেজের এমন যেকোনো আয়োজনে শিহাব আছে সামনের সারিতে। আর ওই অনুষ্ঠানগুলোতে আয়োজকের পাশাপাশি বাঁশির সুরে বাঁধেন অতিথিদের।
শুধু কি মেডিকেল ক্যাম্পাস, রংপুরের বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি হাতে হরহামেশাই দেখা মেলে তাঁর। আর এসব অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে অভিজ্ঞতাও কম অর্জন হয়নি শিহাবের। এমন এক দিনের অভিজ্ঞতা শোনালেন তিনি, ‘এক রেস্তোরাঁয় নাশতা করে বিল দিতে গেছি, রহস্যজনকভাবে ম্যানেজার আমার বিল নিতে চাইছিলেন না। ব্যাপারটি জানতে চাইলে বললেন, এক অনুষ্ঠানে আমার বাঁশি শুনে নাকি মুগ্ধ তিনি, তাই বিল নেবেন না!’
বহুমুখী প্রতিভার শিহাবের সদর্প উপস্থিতি নাটক আর যাত্রার মঞ্চেও। তাঁর নির্দেশনা আর অভিনয়ে রাজত্ব, কবর এমন আরও অনেক নাটক মুগ্ধ করেছে রংপুর মেডিকেলের শিক্ষার্থীদের। এ ছাড়া বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
‘কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে টিচার শিরোনামে বানানো আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির জন্য শিক্ষক আর সহপাঠীদের কাছ থেকে অনেক বাহবা পেয়েছি।’ জানান শিহাব। এসব কাজ করতে গিয়ে যুক্ত হয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে। নিজে উদ্যোগী হয়ে গড়ে তুলেছেন ব্যান্ড দল। দেশীয় গান আর প্রচলিত সংগীতযন্ত্র নিয়ে যে ব্যান্ড দলের কাজ।
নিজের স্বপ্নের কথা জানান শিহাব, ‘চিকিৎসা পেশায় উচ্চতর ডিগ্রি নিতে চাই। এরপর আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে চিকিৎসাসেবা নিয়ে কাজ করব।’ আর বাঁশি? শিহাবের সরল উত্তর, ‘আমি বাঁশি ছাড়লেও বাঁশি আমাকে ছাড়বে না!’