বই আছে, বিষয় আছে পড়ানোর শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়ার শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক অতিরিক্ত দায়িত্ব হিসেবে চারু ও করুকলা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে পাঠদান করেন। ওই বিদ্যালয়ে জীবন ও কর্মমুখী শিক্ষা বিষয়টি পড়ান শারীরিক শিক্ষার শিক্ষক। ওই বিষয়গুলোর শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকেরাই পাঠদান করছেন।
লোহাগাড়া উপজেলার প্রায় সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের দশা শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ের মতোই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে চারু ও কারুকলা, তথ্য ও যোগাযোগ, কর্ম ও জীবনমুখী শিক্ষার শিক্ষক নেই। শিক্ষক না থাকায় এসব বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহও তৈরি হচ্ছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লোহাগাড়ায় কোনো সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তবে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৩৪টি । এ ছাড়া ৩৪টি মাদ্রাসা ও তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে উপজেলায়। এসবের কোনোটিতেই চারু ও কারুকলার শিক্ষক নেই। আর কম্পিউটার–বিষয়ক শিক্ষক আছেন কেবল চারটি বিদ্যালয়ে। এ ছাড়া কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা নামের নতুন বিষয় গত বছর থেকে অন্তর্ভুক্ত হলেও এখনো ওই বিষয় পড়ানোর জন্য সরকার শিক্ষকের পদ তৈরি করেনি। শারীরিক শিক্ষা বিষয়েও শিক্ষক অপ্রতুল। উপজেলার মাত্র ১৬টি বিদ্যালয়ে এ পদে শিক্ষক রয়েছেন।
লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর বলেন, বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক মানিক বড়ুয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে চারু ও কারুকলা এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে পাঠদান করেন। কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়টি পাঠদান করেন শারীরিক শিক্ষার শিক্ষক খোকন কান্তি নাথ। এসব বিষয়ে শিক্ষক না থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তাঁরা।
১ জানুয়ারি লোহাগাড়ার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করা হয় িশক্ষার্থীদের মধ্যে। বাংলা, ইংরেজির সঙ্গে শিক্ষার্থীরা পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কর্ম ও জীবনমুখী এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ের বইও। তবে শেষোক্ত বিষয়গুলোর শিক্ষক না থাকায় এসব বিষয়ে নিয়ে আগ্রহ নেই শিক্ষার্থীদের মধ্যে। লোহাগাড়ার পুটিবিলা উচ্চবিদ্যালয়ের নুসরাত জাহান ও জয় দাশ এবার অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, চারু ও কারুকলা, কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের শিক্ষক না থাকায় পাঠদান যথাযথ হবে কি না, এ নিয়ে সন্দিহান তারা।
চুনতি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মো. জাহাঙ্গীর জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বাধ্যতামূলক হলেও এখানকার অধিকাংশ শিক্ষার্থী কম্পিউটার চালু করতেই জানে না।
লোহাগাড়ার উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, সরকারি বিধি মোতাবেক এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ১২টি শিক্ষকের পদ রয়েছে। তবে সব বিদ্যালয়ে এই জনবলকাঠামো নেই। উপজেলার কোনো বিদ্যালয়েই চারুকলার শিক্ষক নেই। চারটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক রয়েছেন। সরকার বিদ্যালয়গুলোর জন্য নতুন জনবলকাঠামো তৈরি করছে। তখন হয়তো কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়েও শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে।
চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম লোহাগাড়ার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন বিষয়ে শিক্ষক না থাকার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে অবশ্যই এসব পদে শিক্ষক নিয়োগ করা হবে।