বই আর পাঠকের রাজ্যে
দরজার কপাট ঠেলে ভেতরে তাকাতেই চোখে পড়ে ‘শেষের কবিতা’, ‘চার অধ্যায়’, ‘গোরা’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘রক্ত করবী’, ‘চোখের বালি’ প্রভৃতি শব্দগুচ্ছ। থরে থরে সাজানো বইয়ে ভরা একটি বুক শেলফের পাশে এসব লেখা আছে। এই শব্দমালা বাঙালির মনে যে চিত্রকল্প তৈরি করে অবধারিতভাবে, সেখানে আছেন রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের সাদা-কালোয় আঁকা চমৎকার একটি প্রতিকৃতি শোভা পাচ্ছে ওই শব্দগুচ্ছের পাশে। পাশের শেলফে যৈবতী কন্যার মন, শকুন্তলা আর নটী বিনোদিনীর সঙ্গে আছেন সেলিম আলদীন। আরও একটু এগোলে দেখতে পাবেন ‘সুচেতনা’, ‘বনলতা সেন’ আর সুরঞ্জনার পাশে স্থান পাওয়া জীবনানন্দ দাশ বলছেন, ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,/বলো নাকো কথা ওই যুবকের সাথে;/ফিরে এসো সুরঞ্জনা:/নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে...’অন্যদিকে আছেন ‘মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তারে’র কবি আল মাহমুদ। তাঁর সামনে দাঁড়ালে অবচেতনে আপনার কণ্ঠে ধ্বনিত হবে—‘কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ;/নিমডালে বসে থাকা হলুদ পাখিটি/ পাতার আগুন ঘিরে রাতজাগা ছোট ভাইবোন...’এসব দেখে আপনার মনে হতে পারে আহা, একইভাবে নীরা কিংবা বরুণার পাশে যদি সুনীল থাকত!দ্বিতীয় তলায় উঠেই দেখবেন বেগম রোকেয়া সাখাওয়াতের প্রতিকৃতি। পাশে বড় অক্ষরে লেখা সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী। তার উল্টো দিকের শেলফে রাখা আছে বেশ কিছু বিখ্যাত ইংরেজি বই। প্রজেকটিভ ডিসপ্লেতে আছে ‘দ্য লাস্ট মোগল’খ্যাত স্কটিশ লেখক উইলিয়াম ডালরিম্পলের গল্পগ্রন্থ নাইন লাইফস: ইন সার্চ অব দ্য সেক্রিড ইন মডার্ন ইন্ডিয়া। বইটি সম্পর্কে মেপল লিপসের শিক্ষার্থী জেনি জানতে চাইলে পাশ থেকে একজন বললেন, ‘নয়জন মানুষ নয়টি জীবন, সবাই মুক্তির আশায় ভিন্ন ভিন্ন ধর্মীয় পথ বেছে নিয়েছেন। বইটিতে এই নয়টি জীবন নিয়ে লেখা নয়টি গল্প স্থান পেয়েছে।’এভাবে শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, শওকত ওসমানসহ আরও অনেকের নাম করা যায়।দেশি-বিদেশি হাজারো বইয়ে সমৃদ্ধ চমৎকার সাজানো-গোছানো এই বইয়ের দোকানের অবস্থান শান্তিনগর মোড় থেকে সামান্য দূরে (পিবিএস লি. ৪৩ শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, শান্তিনগর, ঢাকা)। প্রায় দুই হাজার বর্গফুটের দুটি ফ্লোর নিয়ে এই দোকান। দোকানের নাম পিবিএস। শান্তিনগর মোড় থেকে একটু দূরে বলে সেখানে কোলাহল নেই। আর আয়তনে বড় বলে অনেক দর্শনার্থী-ক্রেতা থাকলেও ঘিঞ্জি অনুভূত হয় না। তাই ক্রেতারা দেখে-শুনে ধীরে-সুস্থে ঠান্ডা মাথায় বই নির্বাচন করতে পারেন। প্রয়োজনে কোন বইটা কিনবেন কিংবা বইটি কেমন—এসব নিয়ে দর্শনার্থী-ক্রেতারা নিজেদের মধ্যে পরামর্শও করে নিতে পারেন। এখানে বড়দের বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের বইয়ের সংগ্রহও যথেষ্ট সমৃদ্ধ। আছে সংগীতের চমৎকার সংগ্রহ। বই আর গানের সিডি দেখতে দেখতে এক ফাঁকে চা-কফি বা অন্য কোনো পানীয় সহযোগে নাশতা করে নেওয়ার জন্য এক পাশে আছে চমৎকার ছিমছাম একটি ক্যাফে।কথা হয় দোকানের ব্যবস্থাপক ফজলুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘বাংলাদেশে বইয়ের চেইন শপ নেই। আমাদের এই উদ্যোগ চেইন শপের পরিকল্পনা মাথায় রেখে। শান্তিনগর থেকে শুরু করলাম। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন স্থানে দোকান করা হবে। এরপর ঢাকার বাইরেও যাব।’হেমন্তের এক শেষ বিকেলে ওই দোকানে গিয়ে দেখা পাওয়া যায় বেশ কয়েকজন ক্রেতা-দর্শনার্থীর। বেশির ভাগই তরুণ-তরুণী। তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহিরুল ইসলাম। কথা হয় তাঁর সঙ্গে:প্রায়ই আসেন এখানে?‘মাসে দুই-একবার আসা হয়।’নির্দিষ্ট কোনো বই খুঁজছেন?‘না। আমি সাধারণত বেশ খানিকটা সময় নিয়ে আসি। অনেকক্ষণ ধরে বই নেড়েচেড়ে দেখি, পড়ি। যদিও এখানে পড়ার ব্যবস্থা নেই (অনেক জায়গা আছে, এক পাশে পড়ার ব্যবস্থা রাখলে ভালো হতো। অনেকের কণ্ঠেই এমন আকাঙ্ক্ষা ধ্বনিত হতে শোনা যায়)। তবু আমি দেখার ফাঁকে ফাঁকে খানিকটা পড়ে নিই। কোনো একটা নির্দিষ্ট বই না। এ বই থেকে একটু, ও বই থেকে একটু, ছাড়া ছাড়া করে পড়া; বিশেষ করে যে বইগুলো আমি আগেই পড়েছি কিন্তু সংগ্রহে নেই, সেসব বইয়ের পছন্দের কথাগুলোয় একটু চোখ বুলিয়ে নিই। সবশেষে ফেরার সময় দুই একটা বই কিনে নিয়ে যাই।’তারপর কথা হয় সদ্য বিশ্ববিদ্যালয়-পাস করা প্রমার সঙ্গে।বই পড়তে ভালো লাগে?‘নিশ্চয়ই, নইলে আর এখানে আসা কেন।’এই ভালো লাগার শুরুটা কখন এবং কীভাবে?‘একদিন সমুদ্রসৈকতে দাঁড়িয়েছিলাম। সামনে বিস্তৃত সমুদ্র, ওপরে অনন্ত আকাশ। সেখানে দাঁড়িয়ে নিজেকে খুব ক্ষুদ্র আর তুচ্ছ মনে হচ্ছিল। নিজেকে বড় অসহায় লাগছিল। বাড়ি ফিরে বাবাকে (বাবা সারাক্ষণ বই পড়তেন) নিজের উপলব্ধির কথা বললাম। তিনি হেসে বলেছিলেন, তোমার শরীর তো ছোটই। শুধু ছোট নয়, ক্ষণস্থায়ীও বটে। কিন্তু ধরো ওই অসীম আকাশটাকে যদি তুমি নিজের মাঝে ধারণ করতে পারো, তখন নিজেকে আর ছোট মনে হবে না। আর সেটা তুমি করতে পারো বই পড়ে পড়ে। সেই থেকে শুরু।’হ্যাঁ, প্রিয় পাঠক, আপনিও একটা চমৎকার শেষ বিকেল বা সন্ধ্যা কাটিয়ে আসতে পারেন পিবিএসে। সংগ্রহ করে নিয়ে আসতে পারেন নিজের মধ্যে আকাশ ধারণ করার কিছু রসদ।