বই-ই হোক উপহার
পলাশবনে ফাগুন এসেছে। ফাগুন এসেছে বইমেলাতেও। তরুণ-তরুণীতে ভরে গেছে মেলা প্রাঙ্গণ! কারণ কী? কারণ একটাই, এই বসন্তে প্রিয় মানুষকে ফুল, কার্ডসহ নানা উপহারের পাশাপাশি একটি ‘বই’ উপহার দিতে চান তাঁরা। তাই তো মেলাজুড়ে এত তারুণ্যের ভিড়!‘একুশে বইমেলা’র প্রবেশপথেই দেখা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমা জান্নাতের সঙ্গে। দুহাত ভর্তি বইয়ের ব্যাগ নিয়ে বের হচ্ছিলেন তিনি। ‘মেলার শুরুতে তিনটায় ঢুকেছি বইমেলায়। বেছে বেছে পছন্দের বই কিনতে সন্ধ্যা হয়ে গেল।’ নাঈমার মতো এ সময়ের অনেক তরুণ এখন বই পড়েন, বই কেনেন, বই উপহার দেন।‘সময় এখন ই-বুকের হলেও বইয়ের আবেদন কিন্তু কমেনি। যাঁরা বই পড়তে ভালোবাসেন, তাঁরা বইয়ের পাতা উল্টিয়ে পড়তেই ভালোবাসেন।’ এমন মন্তব্য আরেক বইপ্রেমী আন্না খন্দকারের। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের এই শিক্ষার্থী যেকোনো উপলক্ষেই উপহার হিসেবে বই পেতে এবং বই দিতে ভালোবাসেন। তিনি আরও জানান, ‘আমি আমার বন্ধুদের সব সময়ই বই উপহার দিই। কারণ, বই উপহার দিলে কোনো প্রশ্ন ওঠে না, কারও মনে সন্দেহ জাগে না। বই সব সময়ই ঝামেলামুক্ত উপহার।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোভন রহমান বই কেনেন নিজের মনের খোরাক মেটানোর জন্য। তাঁর আগ্রহের জায়গা মুক্তিযুদ্ধ, ‘মুক্তিযুদ্ধের পুরো বিষয়টা এখনো জানা হয়ে ওঠেনি আমার। আর এটা তো অনেক মর্মস্পর্শী, অন্যভাবে বলতে গেলে আত্মার সঙ্গে সম্পর্কিত; তাই আবেগটাও বেশি কাজ করে। সে জন্যই মুক্তিযুদ্ধের বই বেশি কিনি আমি।’জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত আহমেদ খুঁজছেন সায়েন্স ফিকশন ও আইটি-বিষয়ক বই। ঘুরে দেখে আজই কিনবেন। ফিরতে হবে সাভারেরও কিছু দূরে নিজ ক্যাম্পাসে। কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী জেরিন তাসনিমের সঙ্গে। তাঁর পছন্দ কিশোর উপন্যাস আর ভূতের গল্প। জেরিন বলেন, ‘এখনো দেখছি, বই কিনব মেলার শেষ সপ্তাহে।’২.এ মেলা শুধু ঢাকার মানুষদের জন্যই নয়। এ মেলা দূরান্তরের মানুষের জন্যও। সুদূর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বই কিনতে এসে চক্ষু চড়কগাছ হলো মিলু মোস্তারির। ‘চারপাশে সব প্রিয় লেখকদের বই! কোনটা ছেড়ে কোনটা নেব ভেবেই পাচ্ছি না।’ কথা বলতে বলতে হাতের দিকে চোখ পড়ে গেল। তিল ধারণের জায়গা নেই হাতে কিন্তু বই কেনার আশ এখনো মেটেনি তাঁর। সঙ্গে আসা বন্ধুর অনুযোগ, ‘সারা দিন খাটিয়ে মেরেছে, সন্ধ্যা হয়ে এল। আর এখন কিনা বলছে আরও কয়েকটা স্টল ঘোরা বাকি!’ গোবেচারা নিলু মোস্তারিও নাছোড়বান্দা, ‘সেই রাজশাহী থেকে এসে পুরো মেলা না ঘুরে চলে যাব, এটা কি হয়!’ সামনে এগোতেই চোখ পড়ে গেল বড়সড় একদলের ওপর। এঁদের বিভিন্ন জনের আগ্রহ ভিন্ন ভিন্ন রকমের বইয়ে। কেউ কিনেছে সায়েন্স ফিকশন, কারও হাতে উপন্যাস, কারও হাতে ভ্রমণকাহিনি। কেবল একজনের হাতই ফাঁকা। তবে কি তিনি শুধু বেড়াতেই এসেছেন?‘না। কিনেছি। দুটি অভিধান। বাংলা-ইংরেজি আর ইংরেজি-বাংলা। হাতে নিয়ে ঘোরা মুশকিল। তাই রেখেছি পিঠ-ব্যাগে,’ হাসতে হাসতে জানালেন শেখ মেহেদী; পড়েন তিতুমীর সরকারি কলেজে।সিলেট থেকে এসেছেন নায়েব আলী। পড়েন সিলেট এমসি কলেজে। নায়েবের হাতভরা শিশুদের বই। কারণ? নায়েব জানান, তিনি তাঁর বোনের মেয়ের জন্য বই কিনেছেন। তাঁর মতে, পাঠ্য বইয়ের বাইরে শিশুদের গল্পের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজের জন্য কী পছন্দ? ‘আমি কিনব উপন্যাস আর অনুবাদের বই। রাত আটটার দিকে বই কিনেই সিলেটের বাস ধরব,’ জানান নায়েব।বেলা পড়ে গেছে। সন্ধ্যাও পেরিয়ে গেছে। আর সেই সঙ্গে সাঙ্গ হচ্ছে মেলার আরেক দিন। আগামীকাল আবার সকাল হবে। দিন গড়িয়ে আবার মেলা জমে উঠবে। সেই উৎসবে আপনি যুক্ত হচ্ছেন তো?