বই কিনে দেউলিয়াত্ব ঠেকাচ্ছে পদ্মা ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ জালিয়াতি, নানা ধরনের দুর্নীতিসহ ব্যাপক অনিয়ম-অব্যবস্থাপনার কারণে দেউলিয়া হওয়ার পথে পদ্মা ব্যাংক। ব্যাংকটির কাছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বিশাল অঙ্কের টাকা ধার নিলেও আর ফেরত দিচ্ছে না। কুদ্দুস গ্রুপের কাছেই ব্যাংকটির পাওনা প্রায় ২০০ কোটি টাকা! এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ছোট-বড় অঙ্কের পাওনা টাকাও তারা আদায় করতে ব্যর্থ হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের নির্লজ্জ দুর্নীতিই অন্যতম কারণ। এ প্রসঙ্গে বিশিষ্ট অনর্থবিদ টাকাউল সালেহিন বলেন, এভাবে চলতে থাকলে অচিরেই পদ্মা ব্যাংক দেউলিয়া হবে। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সুনীতি চৌধুরী এ বিষয়ে কোনো দুশ্চিন্তাই করছেন না! এই প্রতিবেদক কথা বলতে চাইলে তিনি বলেন, ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে চা-কফি কিছু খাওয়াতে পারবেন না। তবে কথা বলতে মানা নেই। পদ্মা ব্যাংক দেউলিয়া হবে কি না, জানতে চাইলে তিনি বিরাট এক হাই তুলে বলেন, ‘পদ্মা ব্যাংক কখনোই দেউলিয়া হবে না। আর এ ব্যাপারে আমি এক শ ভাগ নিশ্চিত!’ কীভাবে দেউলিয়া হবে না, প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, ‘আমরা ব্যাংকের হয়ে বেশ কিছু বই কিনে রাখছি। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না।’