বাবার হাত ধরে ওরা ছোট্ট দুই ভাই-বোন এসেছে খুদে পাঠাগারে। বই হাতে নিয়ে যেন ঝলমল করছে ছোট মেয়েটার চোখ-মুখ। বাবার মুখেও হাসি। সন্তানের হাতে বই তুলে দিতে পারার আনন্দে উদ্ভাসিত তিনি। ভালো একটা বই মানেই তো আস্ত এক নতুন দুনিয়া। সেই নতুন দুনিয়ার আনন্দের ভাগ শিশুসন্তানদের দিতে পারার যে সুখ, তার ছটাই যেন লেগে আছে বাবার চোখেমুখে। এই খুদে পাঠাগারটাও বেশ চোখে পড়ার মতো। ইন্টারনেট-মোবাইল ফোনের এই যুগে, ফোন বুথের আবেদন ফুরোতে চলল বলে। তেমন একটা ফোন বুথকেই বেছে নিয়েছেন উত্তর ইংল্যান্ডের এই এলাকার মানুষজন। গড়ে তুলেছেন ছোটখাটো এ পাঠাগার ( সূত্র: প্রথম আলো, ১০ অক্টোবর, ২০১০)।কোনো পরিসংখ্যান বা জরিপের খুব বেশি দরকার হয় না। স্রেফ চোখের দেখাতেই আমরা বুঝতে পারি ঢাকায় দিনে দিনে কমছে বইয়ের দোকানের সংখ্যা। শাহবাগ আজিজ সুপার মার্কেট এককালে শুধু বইয়ের জায়গা ছিল। এখন সেখানেও পাল্টে গেছে দৃশ্যপট। নতুন বইয়ের জন্য হুড়োহুড়ি চোখেই পড়ে না। নীলক্ষেতেও পুরোনো বইয়ের দোকানপাটের বদলে সস্তা সিডি-ডিভিডি বিক্রেতাদের হাঁকডাকই আজকাল বেশি। আমাদের নতুন বই কেনার উৎসব সম্ভবত ঘুরেফিরে কেবল ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলাতেই গিয়ে ঠেকেছে। স্যাটেলাইট টেলিভিশন আর সহজলভ্য সিডি-ডিভিডির ধাক্কায় কি কোণঠাসা বই? আমরা কি নতুন বইয়ের গন্ধ নেওয়ার আনন্দ প্রায় ভুলতে বসেছি? উত্তর ইংল্যান্ডের মানুষজন কিন্তু নবপ্রযুক্তির এই রমরমার ভিড়েও পুস্তকের তাৎপর্য ভোলেনি। নইলে সাইবার ক্যাফে কিংবা কিয়স্কের বদলে কেন এই পাঠাগার গড়া?‘সারা বিশ্ব’ পাতায় ছাপা হওয়া ঝলমলে ছবিটা আমাদের বই কেনার আনন্দের কথাই মনে করিয়ে দেয় আরেকবার। যে আনন্দ আমরা প্রায় ভুলতেই বসেছি। — ই. হো. চৌ.