বই চাই গো বই চাই...
বেলা তিনটার দিকে বইবোঝাই করা একটি বাস অর্থাত্ ভ্রাম্যমাণ পাঠাগার এসে থামল বেইলি রোড অফিসার্স কলোনির চত্বরে। এটি বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে এসেছে। এরকম কয়েকটি বাস প্রতিদিনই রাজধানীর নির্দিষ্ট কিছু জায়গায় দাঁড়ায়। আমরা যখন এখানে এলাম, দেখলাম বাসটি দেখেই পাঁচ-ছয় বছর বয়সী একটি মেয়ে দৌড়ে গিয়ে ওই বাসে উঠল। তার হাতে সুকুমার রায়ের আবোল তাবোল। বইটি জমা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম—‘নাম কী তোমার?’—সামারা—কোন ক্লাসে পড়ো?—ক্লাস ওয়ানে?—কোন স্কুলে?—ভিকারুননিসা নূন।—একা এসেছো?—না, আম্মুর সঙ্গে, ওই যে আম্মু।আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে গিয়ে বই পছন্দ করতে শুরু করল। এরই মধ্যে পাঠাগার ভরে গেছে নানা বয়সের লোকজনে। তাদের বেশির ভাগই পাঠাগারের সদস্য। অধিকাংশই তরুণ-তরুণী। সদস্য না হয়েও পাঠাগারে ঢুকে বই দেখতে বা পড়তে কোনো বাধা নেই। তেমন কয়েকজনেরও দেখা মিলল। তবে বই বাসায় নিতে হলে অবশ্যই সদস্য হতে হয়।এই সপ্তাহে কে কোন বই নেবে—এ নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল তিন বন্ধু—তাসকিয়া, নাফিয়া ও জারিন। কথা হলো তাদের সঙ্গে। তাসকিয়ার পছন্দ বৈজ্ঞানিক কল্পকাহিনি। নাফিয়ার উপন্যাস। পছন্দ হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবাল। জারিন বলল, ‘বই পড়ায় আমি সর্বভুক। প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, আত্মজীবনী সবই আমি পড়ি।একজন এসে শরত্চন্দ্রের পথের দাবি বইটি দেখিয়ে গ্রন্থাগারিককে জিজ্ঞেস করল, এই বইটা কেমন?—ভালো বই। নিতে পারো। এমন অনেকেই বই নির্বাচনের ক্ষেত্রে তাঁর সঙ্গে পরামর্শ করেন। কথা হলো তাঁর সঙ্গে। নাম ইসতিয়াক আল ইসলাম। জিজ্ঞেস করলাম, কিসের ওপর ভিত্তি করে পরামর্শ দেন? তিনি বললেন, ১১ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যুক্ত আছি। এই সময়ে অনেক বই পড়া হয়েছে। তা ছাড়া এর আগেও আমি বই পড়তাম।এরই মধ্যে বিকেল চারটা বেজে গেছে। সবাই যার যার পছন্দের বই নিয়ে নেমে পড়ল। পাঠাগারের বাস চলতে শুরু করল। এবারের গন্তব্য ভিকারুননিসা নূন স্কুলের পূর্ব দিকের ইস্টার্ন হাউজিংয়ে। সেখানে অবস্থান করবে পাঁচটা পর্যন্ত। তার পরে গন্তব্য শান্তিনগরের ইস্টার্ন ফেয়ার। এভাবে একেকটি পাঠাগার প্রতিদিন পাঁচ থেকে ছয়টি জায়গায় এক থেকে দুই ঘণ্টা অবস্থান করে। কোথায় কতক্ষণ অবস্থান করবে, তা নির্ধারণ করা হয় সদস্যের সংখ্যানুপাতে। ঢাকা মহানগরে এমন ছয়টি পাঠাগার সপ্তাহের ছয় দিনে (মঙ্গলবার এ কার্যক্রম বন্ধ থাকে) প্রায় আড়াই শ জায়গায় যায়। ঢাকার বাইরের জন্য আছে আরও ২৩টি বাস। সব মিলিয়ে এসব পাঠাগার দেশের এক হাজারেরও বেশি জায়গায় যায়।এ দেশে প্রয়োজনের তুলনায় পাঠাগার কম। তার অনেকটাই পূরণ করছে বিশ্বসাহিত্য কেন্দ্রের এসব ভ্রাম্যমাণ পাঠাগার। ঢাকায় বসবাসকারী যাঁদের পাঠাগারে যেতে ইচ্ছে করে, কিন্তু যানজটের ভয়ে সেই ইচ্ছে দমন করেন, তাঁরা এই পাঠাগারের সেবা নিতে পারেন। আপনার বাসার কাছেই হয়তো সপ্তাহে কোনো একদিন এই পাঠাগার এসে এক বা দুই ঘণ্টা অবস্থান করে। কিন্তু আপনি তা জানেন না। তাঁরা ভ্রাম্যমাণ পাঠাগারের সহসমন্বয়কারী মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনার এলাকায় কবে, কখন, কোন জায়গায় অবস্থান করে পাঠাগারটি। যে প্রশ্নগুলো ভেসে ওঠে আপনার মনে, সেগুলোর উত্তর পাবেন এবং তিনি আরও যোগাযোগের সুযোগ করে দেবেন। তাঁর ফোন নম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রেই পাবেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের ফোন নম্বর ৯৬৬০৮১২, ৮৬১৮৫৬৭।