বই টুকিয়ে পাঠাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তরুণদের উদ্যোগেই গড়ে​ উঠেছে পাঠাগার
এই তরুণদের উদ্যোগেই গড়ে​ উঠেছে পাঠাগার

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সিদ্দিক মাস্টারের ঢাল। সে ঢাল থেকেই হাতিরঝিলের দিকে গেছে এক সরু গলি। গলির ভেতরে কিছুটা যাওয়ার পর আলোর দেখা মিলল। আগে থেকেই শিশুদের হইচই শোনা যাচ্ছিল। কাছে গিয়ে দেখা গেল, একটা ভবনের নিচতলায় ছোটাছুটি করছে খুদে পড়ুয়ারা। সাইনবোর্ড দেখে জানা গেল, এটি প্রচেষ্টা স্কুল। এই স্কুলেরই একটি কক্ষে গড়ে তোলা হয়েছে পাঠাগার। যে পাঠাগারটি গড়ে উঠেছে তরুণদের ব্যতিক্রমী উদ্যোগে। কেমন সে উদ্যোগ? স্বেচ্ছাসেবী সংগঠন হুইসেল বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা মাহিদুল ইসলাম বলছিলেন, ‘আমরা দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বই সংগ্রহ করে এই পাঠাগার চালু করেছি। জ্ঞানপিপাসু ও বই পড়ার সুবিধা নেই এমন মানুষের জন্যই এই পাঠাগার।’

পাঠাগারে রয়েছে সব ধরণের বই
পাঠাগারে রয়েছে সব ধরণের বই

পাঠাগার গড়ার এই ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছে তরুণদের সংগঠন হুইসেল বাংলাদেশ। মাহিদুল ইসলামের কাছেই জানা গেল, তাঁদের উদ্যোগের নাম ছিল ‘প্রজেক্ট বই টোকাই’। এর মাধ্যমে প্রায় আট মাস ধরে সংগঠনের সদস্যরা মানুষের কাছে গিয়ে সংগ্রহ করেছেন নতুন ও পুরোনো বই। কেউ কেউ আবার ফেসবুক ইভেন্ট পেজে সাড়া দিয়েও পাঠিয়েছেন বই।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সে পাঠাগারের ভেতরে ঢুকেই দেখা গেল কয়েকজন বসে আছে বই হাতে। ছোটদের গল্পের বই, কিশোর উপন্যাস, বাংলাদেশি বিভিন্ন লেখকের বই, ইংরেজি শেখার বই, সাময়িকীসহ বিশ্ববরেণ্য লেখকের বইয়ের অনুবাদও রয়েছে এই পাঠাগারে। প্রচেষ্টা স্কুলের শিক্ষার্থী আরিফুল খুঁজছিল ঠাকুরমার ঝুলি। তার মতোই আরও কয়েকজন শুধু বই দেখছে আর কোনটি পড়বে তা-ই ভাবছে।
পাঠাগারের দায়িত্বে থাকা প্রচেষ্টা স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষক মাহফুজ রহমান বলেন, ‘বাচ্চারা সুযোগ পেলেই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ে। ওদের পছন্দ ঠাকুরমার ঝুলি, ভূত নিয়ে গল্পের বইগুলো। এ ধরনের বই আরও বেশি থাকলে ভালো হতো।’
স্কুলের সময়টুকু এই পাঠাগার ব্যবহার করেন শিক্ষার্থী ও শিক্ষকেরা। তবে বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্যই উন্মুক্ত। এই পাঠাগার গড়ার কারণ সম্পর্কে হুইসেল বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাকিল মাহমুদ বলেন, ‘সমাজকে পরিবর্তন করতে হলে জ্ঞানের প্রয়োজন। জ্ঞান আহরণের সবচেয়ে ভালো মাধ্যম বই। আমরা মানুষের ঘরে পড়ে থাকা অলস বই সংগ্রহ করে পাঠাগার স্থাপন করেছি।’
প্রজেক্ট বই টোকাই উদ্যোগের মাধ্যমে ৭৮৩টি বই সংগ্রহ করেছেন সংগঠনের সদস্যরা। মাহিদলু ইসলাম বলেন, আরও কিছু বই জোগাড় করতে পারলে চট্টগ্রাম ও দেশের অন্য শহরগুলোতেও একটি করে পাঠাগার করব।’