বিবিএ পড়ুয়া অলিভের একটা বই জরুরি দরকার। বাসায় বসেই বিশ্ববিদ্যালয় লাইব্রেরির ওয়েবসাইটে ঢুকে পাসওয়ার্ড দিয়ে নিজের ‘লাইব্রেরি অ্যাকাউন্ট’ থেকে প্রয়োজনীয় বইটি লাইব্রেরিতে আছে কি না, সার্চ দিতেই বেরিয়ে পড়ল বইটির ‘বার কোড’। সেই সঙ্গে লাইব্রেরির সংগ্রহ বইটি এখন কত কপি আছে এবং একই বিষয়ের ওপর আরও বেশ কটি বইয়ের সংক্ষিপ্ত তালিকাও পাওয়া গেল। অলিভ সঙ্গে সঙ্গে বইটির ‘বুকিং’ দিয়ে রাখলেন অনলাইনেই। অর্থাৎ অলিভ পরদিন বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে গিয়েই তাঁর কাঙ্ক্ষিত বইয়ের একটি কপি নিতে পারবেন সবার আগে। বলছিলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রন্থাগারের কথা।১৯৯২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যাত্রার সঙ্গে সঙ্গেই শুরু হলো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গ্রন্থাগারের। বর্তমানে ৪০ হাজার বই, ১৭ হাজার অনলাইন রিসার্চ জার্নাল, এক হাজার ৫০০ সিডি-রম বই, হাজারখানেক অডিও-ভিডিওর সংগ্রহ নিয়ে সেই গ্রন্থাগার এখন সমৃদ্ধ ও অত্যাধুনিক। সম্পূর্ণ অটোমেটেড বা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গ্রন্থাগার বলা হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে।১৯৯৮ সালের কথা। এনএসইউ পড়ুয়া একদল মেধাবী তরুণকে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নেয় গ্রন্থাগার ব্যবস্থাপনার একটি নিজস্ব সফটওয়্যার তৈরির। এভাবেই তৈরি হলো ‘বাই-লিঙ্গুয়াল লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার’ যা বাংলা ও ইংরেজি দুটি ভাষা সমর্থন করে। এই সফটওয়্যারের সাহায্যে গ্রন্থাগারের যাবতীয় বই, গবেষণাপত্র, জার্নালের সম্পূর্ণ তালিকা বাসায় বসেই দেখতে পারেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান এবং ডিজিটাল অ্যান্ড অনলাইন লাইব্রেরিয়ানশিপ কোর্সের সমন্বয়ক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যে তাদের প্রয়োজনীয় বই অনলাইনে বুকিং দিয়ে রাখতে পারে শুধু তা-ই নয়, তারা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত প্রায় ১৭ হাজার জার্নাল বাসায় বসেই দেখতে পারে ‘মাই এথেন্স’ সুবিধার মাধ্যমে।’বই সাজানোর ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোর মতো ‘লাইব্রেরি অব কংগ্রেস ক্লাসিফিকেশন সিস্টেম’ ব্যবহূত হচ্ছে।১০টি বিভাগে বিভক্ত এই লাইব্রেরি একসঙ্গে প্রায় এক হাজার জন ব্যবহার করতে পারেন। গ্রুপ স্টাডির জন্য লাইব্রেরি ভবনের নিচতলায় একসঙ্গে প্রায় ৫০০ জনের বসার মতো স্টাডি হল রয়েছে। শিক্ষকদের জন্য রয়েছে ফ্যাকাল্টি স্টাডি কর্নার। দেশের প্রায় সব দৈনিক এবং বিদেশি পত্রিকাা ও ম্যাগাজিন নিয়ে রয়েছে ‘ম্যাগাজিন অ্যান্ড নিউজ পেপার আর্কাইভ’। অনলাইন জার্নাল দেখা ও গবেষণাসংক্রান্ত ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ৫০টি মাল্টিমিডিয়া কম্পিউটার নিয়ে রয়েছে লাইব্রেরির নিজস্ব ‘সাইবার জোন’। সপ্তাহে সাত দিন, এমনকি সেমিস্টার গ্যাপেও খোলা থাকে এই লাইব্রেরি।