বই পড়া
বই পড়ার অভ্যাস যখন তৈরি হয়, তখন আমি ক্লাস সেভেনের শেষ দিকে। বই পড়া নিয়ে প্রথম প্রথম ছোটখাটো কিছু বিপদে পড়তাম। সে রকম একটা বিপদের গল্প বলা যায়। কারণ, এ ধরনের বিপদের সঙ্গে অনেকেরই পরিচয় থাকার কথা।তখন ক্লাস এইটে পড়ি। বই পড়া নামক ব্যাধির প্রাথমিক পর্যায়। আমাদের স্কুলের লাইব্রেরি থেকে মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন সমগ্র নিয়ে ক্লাসে এসেছি। বেশ স্বাস্থ্যবান বই। স্বাস্থ্যবান বই নেওয়ার উদ্দেশ্য শুধু পড়া বললে ভুল হয় বরং আমার হাতে স্বাস্থ্যবান বই দেখে আশপাশের বন্ধুদের চোখে খানিকটা সমীহ ভাব দেখে আনন্দ পেতাম।তখন বই পড়ার ব্যাপারে ভুল ধারণা ছিল, এ রকম বই যত মোটা হবে, গুরুত্ব হবে তত বেশি এবং ভয়ও বেশি পেতে হবে। আমার হাতে মোটা বই দেখে বন্ধুরা বইয়ের সঙ্গে সঙ্গে আমাকেও খানিকটা ভয় পেত বোধ হয়।যা-ই হোক, স্বাস্থ্যবান বই নিয়ে আমি নিজেই ভীত, কখন শেষ হবে এই ভেবে। বাড়িতে এসে নিতান্ত অবহেলার সঙ্গে পড়া শুরু করলাম। বিপত্তিটা শুরু হলো পড়া শুরু করার খানিক পরই। বিকেলের বন্ধুরা এসে বাইরে ডাকছে খেলতে। এদিকে বই ছেড়েও ওঠা সম্ভব নয়। বইটা যেন হঠাৎ চুম্বক হয়ে গেছে। যে চুম্বকের ধর্ম মানুষকে আকর্ষণ করা।রাতে পড়তে বসলাম, খানিক ক্লাসের পড়া পড়ি আর গোপনে ড্রয়ার খুলে গল্পের বই পড়ি। মা দেখে ফেলবেন কি না, সেদিকে সতর্ক নজর থাকে। একসময় আর হুঁশ থাকল না। গল্পের বইয়ে মগ্ন হয়ে গেলাম। সামনে বৃত্তি পরীক্ষা, তাই পড়ার সময় ফাঁকি দিয়ে গল্পের বই পড়া মহানিষিদ্ধ। সেই নিষিদ্ধ কর্মের একপর্যায়ে আমার মা নিঃশব্দে হাঁটার ক্ষমতা অর্জন করে পেছনে এসে দাঁড়ালেন। শান্তভাবে আমার হাত থেকে গল্পের বইটি নিলেন এবং এক বাক্যের হুমকি দিয়ে গেলেন। হুমকিবাণীটি হলো, ‘লুকিয়ে বই পড়ার ঘটনা তোমার বাবাকে জানানো হবে।’যম সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু বাবার রাগ সম্পর্কে ভালো ধারণা ছিল বলে যমের চেয়ে বাবাকেই বেশি ভয় পেতাম। পরে অবশ্য বাবাকে ঘটনা জানানো হয়নি। জানানো হবে ভেবে সে রাতে নিষ্ঠার সঙ্গে এক ঘণ্টা বেশি পড়লাম। আমার তপস্যা দেখে বাবা কোমল গলায় বললেন, ‘রাত অনেক হয়েছে, এবার শুয়ে পড়।’মো. তানভীর হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।