বই বাঁধাইয়ের খোঁজখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকশেলফে অনেক দিন ধরেই যত্ন করে রাখছেন প্রিয় কিছু বই। দিন গড়ায় বইটির বয়সও বাড়ে। পাতাগুলো ম্রিয়মাণ হয়ে যায়, অনেক সময় ছিঁড়েও যায়। প্রয়োজনের সময় যদি বইয়ে গুরুত্বপূর্ণ পাতাটি খুঁজে না পান, তবে কেমন হবে? তাই সেই ‘অসময়ের দশ ফোঁড়’ দেওয়ার আগে না হয় বইটি বাঁধাই করে নিন। আপনার পুরোনো বইটি নতুন মলাটে বাঁধাই করে নিতে পারেন ঢাকার নীলক্ষেত, নয়াবাজার, বাংলাবাজার, আরামবাগ, ফকিরাপুল ও মোহাম্মদপুর থেকে। শুধু বই নয়, ইচ্ছা করলে আপনার সংগ্রহে থাকা পুরোনো কোনো ম্যাগাজিন বা নিজের ডায়েরিও বাঁধাই করে রাখতে পারেন। বইয়ের আকার ও পৃষ্ঠার অবস্থার ওপর নির্ভর করে বাঁধাইয়ের ধরন। বইয়ের পাতা যদি অনেক পুরোনো ও ছিঁড়ে যাওয়ার মতো অবস্থায় থাকে, সে ক্ষেত্রে বাঁধাই করতে বেগ পেতে হয় বেশি। তাই এ ক্ষেত্রে খরচও একটু বেশি। যে বইয়ের পাতা কম, সেগুলো সাধারণ পিনআপ মাধ্যমে করে নিতে পারেন বাঁধাই। এ জন্য আপনাকে গুনতে হবে প্রকারভেদে ২০ থেকে ৮০ টাকা। বইয়ের আকার বড় কিংবা বেশি পৃষ্ঠার হলে মোটা মলাটে এক পাশে রেকসিন দিয়ে সুন্দর করে বাঁধাই করাতে পারেন। এ ক্ষেত্রে বইয়ের পাতাগুলো সুতা দিয়ে সেলাই করা হয়। খরচ হবে ৮০ থেকে ১০০ টাকা। যে বইটির মলাট পুরোপুরি নষ্ট হয়ে গেছে, সেই বইটিকে বাঁধাই করে নিতে পারেন রেকসিন দিয়ে। রেকসিন মলাটে বাঁধাইয়ের খরচটাও একটু বেশি, ১২০ থেকে ২০০ টাকা।আপনি চাইলে পুরো বই কিন্তু বাদামি-কালো চামড়া দিয়ে বাঁধাই করে নিতে পারেন। এতে বইটি নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে এবং বাঁধাইও মজবুত হয়। এই বাঁধাইয়ের খরচ হবে ৩০০ থেকে ৫০০ টাকা।ইচ্ছা করলে কিন্তু নতুন বইও বাঁধাই করে নিতে পারেন। বাঁধাই করা বইয়ের মলাট কিন্তু আপনার ইচ্ছামতো রঙের হতে পারে।