বই হোক উপহার
চারদিকে তাকালেই দেখা যায় ই-যুগের কেরামতি। কখনো ভিডিও গেমসের মাধ্যমে, কখনো মোবাইল ফোনে। ইন্টারনেট তো আছেই। এর মধ্যে পাতার পর পাতা উল্টিয়ে দেখার সময় কি কারও আছে? তবে বইয়ের আবেদন অন্য রকম। যত কিছুই আবিষ্কার হোক না কেন, বইয়ের স্থান কেউ নিতে পারবে না। এ কথাগুলো জানালেন কয়েকজন বইপড়ুয়া, যাঁরা সব সময় বই পড়ে এসেছেন এবং মনে করেন, উপহার হিসেবে বই-ই সবচেয়ে ভালো।ছোটবেলার কথা। জন্মদিন এলেই পেয়ে যেতেন নতুন মলাটে মোড়ানো বই। নন্দিনী শাহলা চৌধুরীর বইয়ের প্রতি আকর্ষণ সেই উপহারের বইগুলো থেকেই পাওয়া। বর্তমানে তিনি পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে। বিষয় রিজিওনাল মাস্টার্স ইন জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।উপহারের ক্ষেত্রে বই হতে পারে অন্যতম। বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। নিজের অভিজ্ঞতা থেকেই তুলে ধরলেন মনের কথা। বই পড়ার অভ্যাসটা আসলে ছোটবেলা থেকেই জন্ম নেয়। এ কারণেই উপহারের জন্য বইয়ের চেয়ে ভালো কিছু আর নেই। শিশুদের জোর করে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করানো যায় না। বরং কিছু একটা জিনিস বারবার পেলে সেটার দিকে কৌতূহল জন্ম নেবেই। জানান নন্দিনী শাহলা চৌধুরী।মজার তথ্য দিলেন ইডেনের ছাত্রী সালেহা রহমান, ‘উপহারের ক্ষেত্রে বই সবচেয়ে ভালো। কোনো ঝামেলা নেই। দেওয়ার পর মনে হয় না কী দিলাম, ঠিক আছে তো? যাকে দেব, তার মনেও কম দামি, বেশি দামি উপহার নিয়ে কোনো প্রশ্ন আসবে না। বইয়ের আসল মজাটা তো এখানেই।’শুধু বইমেলার কারণে মিজানুর রহমান এখন ঢাকায়। তিনি চুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে শেষ বর্ষের শিক্ষার্থী। ছুটির পুরো সময়টাই দেবেন বইমেলাকে এবং নতুন আসা পছন্দসই বইগুলোকে। বই সবার কাছেই গ্রহণযোগ্য। এ কারণেই তিনি উপহার হিসেবে বেছে নেন বইকে।ফেব্রুয়ারি মাসে কোনো অনুষ্ঠান মানেই বই। সঞ্জীব চক্রবর্তীর আশপাশের মানুষগুলোও এত দিনে তা বুঝে গেছেন। কারও জন্মদিন অথবা কোনো বিশেষ অনুষ্ঠান—সঞ্জীব চক্রবর্তী সবাইকে বই উপহার দেবেনই। বইমেলার সময় তিনি আর অন্য কোনো উপহারের দিকে তাকান না। যদিও তিনি সারা বছরই বই উপহার দেওয়ার পক্ষপাতী। একাকিত্বের বড় সঙ্গী হচ্ছে বই। যখন কিছুই করার থাকে না, তখন বই সবচেয়ে ভালো সঙ্গ দেয় বলে জানান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ুয়া এই ছাত্র।নায়লা জাহাঙ্গীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। নিজে বই পড়েন। তিনি চান, অন্যরাও বই পড়ুক। তবে তিনি যাকে বই দেন, তার পছন্দের কথা মাথায় রেখেই বইটি বেছে নেন। তিনি বলেন, কেউ যদি সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করে, তবে তাকে প্রেমের উপন্যাস দিয়ে তো লাভ নেই। তিনি আরও বলেন, ‘বই এমন একটি জিনিস, যেটি সবাইকে দেওয়া যায়। শিক্ষক থেকে শুরু করে কাছের বন্ধু—সবার হাতেই নির্দ্বিধায় উপহারটি দেওয়া যায়। এটি এমন একটি জিনিস, কেউই এটি নিতে মানা করতে পারে না। আমি চাই, আমার মতো অন্য সবাইও বই উপহার দিক।’অন্য কোনো উপহার দিলে কেউ সংগ্রহে রাখতেও পারে আবার না-ও পারে। বই হচ্ছে এমন একটি উপহার, যা সবাই সংগ্রহে রাখে। সেই সঙ্গে রয়ে যায় আপনার স্মৃতিও। যত দিন বইটি থাকবে, আপনিও রয়ে যাবেন তার মনে। এ কারণটি স্বর্ণাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। এর জন্যই তিনি চোখ বন্ধ করে বইকে বেছে নেন উপহারের জন্য।