বইছে সমাবেশের সুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌচাক, গাজীপুরে প্রথম আলো বন্ধুসভা প্রথম জাতীয় বন্ধু সমাবেশ। ফাইল ছবি
মৌচাক, গাজীপুরে প্রথম আলো বন্ধুসভা প্রথম জাতীয় বন্ধু সমাবেশ। ফাইল ছবি

গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ঘর বলছে, আর ১০ দিন বাদেই জাতীয় সমাবেশের বেলুন উড়বে গাজীপুরের মৌচাকের আকাশে। সে তারুণ্যের উৎসবে প্রাণবন্ত হয়ে উঠবে শালবনে ঘেরা মৌচাকের স্কাউট মাঠ। সারা দেশের দুই হাজার আশাজাগানিয়া তরুণ বন্ধু মেতে উঠবেন উৎসব আনন্দে। বছরের প্রথম সূর্যের রোদ গায়ে মেখে বিজয় শপথ নেবেন বন্ধুরা। অপেক্ষা আর উত্তেজনায় সে কথাই যেন প্রতিধ্বনিত হলো গোপালগঞ্জের বন্ধু পূরবী শেখের কণ্ঠে, ‘একটি সমাবেশ শেষ হতেই অপেক্ষা শুরু হয় পরের সমাবেশের। আর এবার সমাবেশে বাড়তি পাওনা হিসেবে যোগ হবে বন্ধুত্বের বন্ধনে নতুন বছরের প্রথম দিন উদ্যাপনের সুযোগ।’
তবে পৌষের দিনগুলো এবার যেন একদমই স্বল্প আয়ু নিয়ে হাজির চট্টগ্রামের বন্ধু শিহান জিসানের কাছে। অন্তত বন্ধু সমাবেশের ক্ষণ গণনা শুরু হাওয়ার পর তাঁর ধারণা জন্মেছে এমনই। ‘ব্যক্তিগত কারণে আমি সমাবেশে আসতে পারব না। এ কথা মনে হলেই গত সমাবেশের সুখস্মৃতি ভর করে। সমাবেশের তারিখ ঘোষণা হওয়ার পর দিনগুলো যেন আমার কাছে ছোট হয়ে এসেছে, চোখের পলকে পেরিয়ে যাচ্ছে!’ আর ওদিকে রাজশাহী বন্ধুসভার সভাপতি আনোয়ারুল ইসলাম পড়েছেন মধুর ঝামেলায়। আনোয়ারুল বলেন, ‘সমাবেশ উপলক্ষে দেয়ালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সাংস্কৃতিক পর্বে কী উপস্থাপন করব, তা নিয়েও বন্ধুদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু বিপত্তি বেধেছে অংশগ্রহণকারী বন্ধুর তালিকা চূড়ান্ত করতে গিয়ে। কারণ সমাবেশে অংশ নিতে সবাই আগ্রহী।’
তবে সে সমস্যার সুরাহা করেছেন খুলনার বন্ধু সজীব কুমার মোহলী, ‘আমরা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যাঁরা এর আগের সমাবেশে অংশ নেননি, এমন বন্ধুদের অগ্রাধিকার দিতে।’
পূরবী, সজীব কিংবা আনোয়ারুলের মতো ১৭ ডিসেম্বর ফোনে কথা হয় বিভিন্ন বন্ধুসভার আরও কয়েকজন বন্ধুর সঙ্গে। তাঁদের কথায় মনে হয়, যেন সমাবেশের সুবাস বইছে সারা দেশের বন্ধুদের মধ্যে। তখনো সবাই ব্যস্ত সমাবেশে কী পরিবেশনা থাকছে তা নিয়ে। সারা দেশের বন্ধুদের সামনে নিজেদের নিজস্বতা তুলে ধরতে তাই আটঘাট বেঁধেই নেমেছে যেন সব বন্ধুসভা। তবে সবার কণ্ঠে একই সুর—সমাবেশে দেখা হবে হাজারো বন্ধুর সঙ্গে। আওয়াজ তুলবেন নিজেদের এগিয়ে নেওয়ার প্রত্যয়ে।

সহসভাপতি প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।