বইপত্রের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন সন্ধ্যা সাতটা। দেড় হাজার স্কয়ার ফুটের বিশালাকার ঘরটিতে স্থানে স্থানে বসে কিংবা দাঁড়িয়ে চলছে বই দেখা, তুমুল আড্ডা আর হালকা বিতর্কও। এঁদের অধিকাংশই শিক্ষক, শিক্ষার্থী কিংবা সাহিত্য-সংস্কৃতিকর্মী। আড্ডার ফাঁকে ফাঁকে টেবিলের ওপর কাগজের ঠোঙায় রাখা চপ, ডালপুরি, পেঁয়াজো কিংবা বিস্কুট মুখে পুরছেন। সেই সঙ্গে হাতে হাতে ধোঁয়া ওড়ানো চায়ের কাপ।গল্পে গল্পে সময় ফুরায়। তবুও কথা ফুরায় না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। ঘরের কৃত্রিম আলো একসময় নিভে আসে। আপাতত মুলতবি হয় ওই দিনের আড্ডা। পরদিন যথারীতি আবার আড্ডায় মেতে ওঠার ইচ্ছা নিয়ে বইপাগল আড্ডাবাজেরা নিজেদের গন্তব্যে পা বাড়ান। সপ্তাহে শুধু শুক্রবার ছাড়া প্রতিটি দিনই চলে এ আড্ডা। এই আড্ডাস্থল হচ্ছে সিলেটের সৃজনশীল বইয়ের দোকান ‘বইপত্র’। ঠিকানা: ৯০ রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট।শুধু সিলেটের সাহিত্য-সংস্কৃতিকর্মী কিংবা শিক্ষার্থীরা নন, ১৯৯০ সালের ২৬ অক্টোবর ‘বইপত্র’ প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত আড্ডায় বিভিন্ন সময়ে যোগ দিয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট লেখক-শিল্পীরাও। এঁদের মধ্যে বাউলসম্রাট শাহ্ আবদুল করিম, কবি শামসুর রাহমান, কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, সংগীতজ্ঞ ওয়াহিদুল হক, মন্ত্রী ও গবেষক আবুল মাল আবদুল মুহিত, কুটনীতিবিদ ফারুক চৌধুরী, নিসর্গবিদ দ্বিজেন শর্মা, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপোধীর ভট্টাচার্য প্রমুখ উল্লেখযোগ্য।তবে এই ‘বইপত্র’-এর প্রতিষ্ঠার নেপথ্য কারণের খানিকটা ধারণা পাওয়া যেতে পারে এর স্বত্বাধিকারী সেলিমা সুলতানার কথায়। তাঁর ভাষায় বইপত্রের আরম্ভ হচ্ছে এভাবে, ‘একজন পাঠকের পক্ষে তাঁর সারা জীবনেও পৃথিবীর যেকোনো একটি ভাষার তাবৎ মুদ্রিত পুস্তক পড়ে ফেলা সম্ভব নয়। তাই তাঁকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে—তিনি কার বই পড়বেন, কোন বই পড়বেন। গ্রন্থ নির্বাচনের এ কাজটি বইপত্র বিগত দুই দশকের ওপর নির্মোহ ও বিশ্বস্ততার সঙ্গে সম্পন্ন করে আসছে। বইপত্রে আমরা সেই লেখকের বইটি রেখেছি, যাঁর আসন বিশ্বসাহিত্যে কিংবা বাংলা সাহিত্যে তাৎপর্যপূর্ণ ও চিরস্থায়ী।’সেলিমা সুলতানা জানান, নির্বাচিত লেখকদের নির্বাচিত বই ছাড়াও এখানে বাংলাদেশ ও ভারতের নির্বাচিত গবেষণা পত্রিকা ও লিটল ম্যাগাজিনের বিপুল সংগ্রহ; দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীদের আঁকা ছবির রিপ্রোডাকশন এবং ধ্রুপদি সংগীত, যন্ত্রসংগীত, আবৃত্তির অডিও ক্যাসেট-সিডি ও ভিসিডি পাওয়া যায়। বইপত্রের উদ্যোগে বিভিন্ন সময়ে সমাজের গুণী ব্যক্তিদের জন্ম দিবস, মৃত্যু দিবস পালন, লোকগানের আসর এবং গুরুত্বপূর্ণ বই প্রকাশ করা হয়।সেলিমা সুলতানা বলেন, ‘বাংলা সাহিত্যের ছাত্রী ছিলাম। শিক্ষাজীবন থেকেই বইয়ের প্রতি দুর্বলতা। পরবর্তী সময়ে যখন দেখা গেল এই সিলেট শহরের বেশ কয়েকটি বইয়ের দোকান বন্ধ করে সেখানে জুতা কিংবা মিষ্টির দোকান তৈরি হচ্ছে, বলা যায়, এই প্রেক্ষাপটই বইপত্র প্রতিষ্ঠার মূল কারণ।’ এই উদ্যোগে স্বামী শুভেন্দু ইমামের সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ পেয়ে থাকেন।বইপত্রে কথা হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের তানজিনা তাজুল রেনেসাঁ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের বুশরা চৌধুরী ও লিডিং ইউনিভার্সিটির সিভিল বিভাগের ছাত্রী নার্গিস বিনতে আমিনের সঙ্গে। অনেকটা অভিন্ন সুরে তাঁঁরা বললেন, ‘বইপত্র আমাদের কাছে সম্মোহনী বইয়ের ঘর। কোনো এক অদৃশ্য জাদুবলে কে যেন আমাদের ওই বইঘরে টেনে নিয়ে আসে! বইয়ের দোকান যে এত সুন্দর হতে পারে, এখানে কেউ না এলে সেটা অনুভব করতে পারবে না। আমরা এখান থেকে বিশ্বের নানা ধরনের বই কিনি ও পড়ি। সেই সঙ্গে বন্ধুবান্ধবকে এসব বই সংগ্রহ করে পড়তেও বলি।’সিলেট সরকারি মহিলা কলেজের সুস্মিতা শাওন, এমসি কলেজের রঞ্জিকা চক্রবর্তী ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী ধর একই সুরে বলেন, ‘রবীন্দ্র-শরৎ-বঙ্কিমসহ হাল আমলের জনপ্রিয় লেখকদের বইয়ের সঙ্গেই আমাদের এত দিন পরিচয় ছিল। কিন্তু এখানে দেখলাম নানা দেশের অসাধারণ সব লেখকের বইয়ে ঠাসা পুরো ঘর। এটা যেন এক নতুন জীবনের সন্ধান। এ ছাড়া সাধারণত কোনো দোকানে গেলে বই ধরতে দেওয়া হয় না। কিন্তু এখানে এসে আমরা দেখেশুনে, নেড়েচেড়ে নিজেদের পছন্দমতো বই কেনার সুযোগ পাই। এটি একটি বিশাল পাওয়া।’সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক কাজী সাইফুল আচফিয়া প্রতিদিন সন্ধ্যায় বইপত্রে আড্ডা দিতে আসেন। আলাপকালে তিনি বলেন, ‘সিলেটের মানুষের পাঠরুচি গড়ে তোলার ক্ষেত্রে বইপত্রের বিশাল ভূমিকা রয়েছে। অন্ধবিশ্বাস, কুসংস্কারকেন্দ্রিক বই, বাজারি ও পাইরেসি বই এখানে বিক্রি হয় না। ফলে পাঠকেরা মুক্তবুদ্ধি ও বিজ্ঞানমনস্ক পাঠচর্চার মাধ্যমে বেড়ে উঠছেন। আর প্রতিদিন বিশ্বসাহিত্য-সংস্কৃতির নানা বিষয় নিয়ে শুদ্ধ আড্ডা তো রয়েছেই।’ বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত বইপত্রে নিরবচ্ছিন্ন বই বিক্রির সঙ্গে চলে জমজমাট আড্ডা। সেই আড্ডায় উঠে আসে সমাজ-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি। সারাটা সময় পাঠকের স্পর্শে প্রাণ পায় প্রতিটি বই। অনেকের মতে, সিলেটের পাঠকদের আনন্দ-সূত্রও যেন এখন হয়ে দাঁড়িয়েছে বইপত্র।