বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি নতুন বছর উপলক্ষে প্রকাশনা সংস্থা শুদ্ধস্বর ১০ দিনব্যাপী একক বইমেলার আয়োজন করেছে। ২ জানুয়ারি সকাল সাড়ে দশটায় ঢাকার সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ চত্বরে মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। বইমেলা উপলক্ষে শুদ্ধস্বর প্রকাশিত বই ৩০ থেকে ৭০ শতাংশ মূল্যছাড়ে বিক্রি হচ্ছে। বইমেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা।মেলা উদ্বোধন করতে এসে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আর বই পাঠকের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম বইমেলা; যদিও আমাদের প্রকাশনা সংস্কৃতি একটি নির্দিষ্ট মাসকেন্দ্রিক হয়ে পড়েছে। তাই অনেক জরুরি বই পাঠক বছরের অন্যান্য সময় সহজে সংগ্রহ করতে পারেন না। রাজধানী ঢাকার বাইরে মফস্বলগুলোতে বাস্তবতা আরও করুণ। এই পরিস্থিতির পরিবর্তনে প্রকাশনা সংস্থাগুলোকেই মূল উদ্যোগ গ্রহণ করতে হবে। শুদ্ধস্বর পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার জন্য একক বইমেলার মাধ্যমে হ্রাসকৃত মূল্যে বই বিক্রির যে ব্যবস্থা গ্রহণ করেছে তা প্রশংসনীয়।’বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী বলেন, ‘দেশের সব অঞ্চলের পাঠকেরা যাতে সহজে বই সংগ্রহ করতে পারেন, তাই আমরা পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলাশহরগুলোতে শুদ্ধস্বরের বইমেলার আয়োজনের পরিকল্পনা করেছি।’