বইমেলার আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামেও ঢাকার বইমেলার আমেজ। মেলাকে ঘিরে বই প্রকাশের ধুম পড়েছে এখানে। এবারের একুশে উপলক্ষে চট্টগ্রাম থেকে প্রায় ১১০টি বই প্রকাশিত হবে। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো এ জন্য তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বেশির ভাগ বই পাওয়া যাবে বলে প্রকাশকেরা আশা করছেন। শৈলী প্রকাশনের রাশেদ রউফ জানালেন, বইমেলায় তাঁদের ৩৩টি বই বের হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বই: ড. মাহবুবুল হকের অন্বেষার আলোয় চট্টগ্রাম, কাজী জাফরুল ইসলামের চট্টগ্রামের সংবাদপত্রের ১২০ বছর, ড. গোলাম মোস্তাফার অনুভবের উন্মেষে, মুহাম্মদ এনায়েতুর রহমানের হলুদ বাড়ি, রাশেদ রউফের স্বাধীনতার ছড়া, ডা. প্রণব কুমার চৌধুরীর মায়ের কাছে সোনামণির চিঠি, আনোয়ারা আলমের ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের নারী, মুহাম্মদ ইসহাক চৌধুরীর চট্টগ্রামের লোকসাহিত্য। নতুন বই নিয়ে কথা হয় ড. মাহবুবুল হকের সঙ্গে। তিনি জানান, শৈলী থেকে এবার তাঁর যে বইটি আসছে, তা হচ্ছে চট্টগ্রামের উপভাষা, লোকসংস্কৃতি সাহিত্য নিয়ে প্রবন্ধ সংকলন অন্বেষার আলোয় চট্টগ্রাম। বলাকা প্রকাশনের জামাল উদ্দিন জানান, এবারের বইমেলায় তাঁদের ৪৮টি বই আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ড. অনুপম সেনের বাংলাদেশ ও বাঙালি সত্তার ভূত ভবিষ্যৎ, ড. জামাল নজরুল ইসলামের সমাজ দর্শন বিজ্ঞান ও অন্যান্য প্রসঙ্গ, ড. গাজী সালেহ উদ্দীনের প্রামাণ্য দলিল: মুক্তিযুদ্ধে চট্টগ্রাম, কলকাতার ভবানী মুখোপাধ্যায়ের বিশ্ব সাহিত্যের লেখক, আলম তালুকদারের বারো মাসে তেরো ছড়া, সিদ্দিক আহমেদের কিছু মানব ফুল, কাজী জাফরুল ইসলামের সংবাদপত্র ও সাংবাদিকতা, মুহাম্মদ শামসুল হকের স্বাধীনতার সশস্ত্র প্রস্তুতি: আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দি (দ্বিতীয় সংস্করণ), জামাল উদ্দিনের বার আউলিয়ার চট্টগ্রাম। প্রভাংশু ত্রিপুরার লোককাহিনী। কলকাতার সিদ্ধার্থ সিংহের ব্ল্যাকবোর্ডে ভূত। শরীফা বুলবুলের অবিনাশি হুমায়ুন আজাদ। কবি এয়াকুব আলীর কবিগান।ড. অনুপম সেন জানান, এবার বলাকা তাঁর যে বইটি বের করছে তা মূলত তাঁর বিভিন্ন সময় দেওয়া পাঁচটি বক্তৃতার সংকলন। কালধারা প্রকাশনার শাহ আলম জানান, তাঁরা ১৩টি বই বের করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— রফিক আজাদের চারটি উপন্যাস ও একটি উপন্যাস সমগ্র, ড. ইফতেখার উদ্দীনের প্রবন্ধ সংকলন। আবীর প্রকাশনীর নুরুল আবছার জানান, একুশে উপলক্ষে তাঁদের ছয়টি বই বের হচ্ছে। এর মধ্যে নুরুল আবছারের সম্পাদিত সিদ্দিক আহমদ সম্মাননা স্মারক উল্লেখযোগ্য। দিন দিন চট্টগ্রাম থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা বাড়লেও তবে এখানকার বিপণনব্যবস্থার দুর্বলতার জন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বিকাশ হচ্ছে না বলে লেখক ও পাঠকের অভিযোগ। এ ব্যাপারে অনুপম সেন বললেন, চট্টগ্রামের প্রকাশকদের পুঁজি কম, ঢাকার প্রকাশকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এবং তাঁদের আউটলেট অনেক, যা এখানকার প্রকাশকদের নেই। আসলে বইগুলোর ডিস্ট্রিবিউটর থাকা উচিত।এ ব্যাপারে মাহবুবুল হক বলেন, ‘শুধু চট্টগ্রাম কেন, সারা বাংলাদেশেই বিপণনব্যবস্থা ততটা ভালো নয়। আমার মতে, বই বিপণনের জন্য কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত। যেখান থেকে সারা দেশে বইগুলো পাঠানো হবে। এ ধরনের উদ্দেশ্য নিয়ে জাতীয় গ্রন্থকেন্দ্র গড়ে উঠলেও এখন নিবু নিবু অবস্থায় চলছে। যদি বিভিন্ন জায়গায় এর কিছু শাখা করা যেত তবে সেখান থেকে বই বিপণনের একটা ভালো ব্যবস্থা করা যেত।’বিপণনের দুর্বলতার কথা স্বীকার করে শৈলী প্রকাশনের রাশেদ রউফ বলেন, চট্টগ্রামে সৃজনশীল বইয়ের দোকান আছে মাত্র তিন-চারটি। তা ছাড়া সারা দেশে বই পাঠালে শুধু পরিচিত বা বন্ধু-বান্ধবের দোকান থেকেই কেবল টাকা পাওয়া যায়। অন্যান্য দোকান থেকে টাকা পাওয়া যায় না। তাই এখানকার প্রশাসকেরা এভাবে বই পাঠানোর চেয়ে বিভিন্ন মেলাকে উদ্দেশ করে বই বের করেন। মেলায় বিক্রীত বইয়ের টাকাটাই একমাত্র ঠিকভাবে উঠে আসে। বলাকা প্রকাশনের জামাল উদ্দিন জানান, চট্টগ্রামের প্রকাশনা মাঝে এক দশক ঝিমিয়ে পড়লেও এখন বেশ চাঙা হয়ে উঠেছে। বলাকা প্রকাশন সারা দেশে ৮৬টি, কলকাতায় নয়টি বইয়ের দোকানে তাদের বই সরবরাহ করে।