বইমেলায় একটু খুঁজে দেখবেন কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে আবিদের দেওয়া শাড়ি পরে মা রমা রহমান গিয়েছিলেন খুলনা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে (রোদচশমা পরা)
ছেলে আবিদের দেওয়া শাড়ি পরে মা রমা রহমান গিয়েছিলেন খুলনা শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে (রোদচশমা পরা)
আবিদ শাহরিয়ার
আবিদ শাহরিয়ার

বইমেলা এলে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হয়। চারদিকে বই আর বই। আর এই বইপাগল ছিল আমার হারিয়ে যাওয়া ছেলে—সবার আবিদ। শিল্পী আবিদ শাহরিয়ার। উহ্! সে কী ছোটাছুটি। কখন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হবে, কখন মেলায় যাবে সে। প্রথম বইটি কিনবে আমার জন্য এবং সঙ্গে সঙ্গেই মুঠোফোনে আমাকে বলবে, ‘তোমার জন্য সুন্দর একটা বই কিনলাম, একাত্তরের চিঠি। মা, আমি এই বইটি পড়েছি আর সারা রাত কেঁদেছি।’
শহীদজননী জাহানারা ইমামের বইটি পড়ে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছিল, আনিসুল হকের মা বইটি পড়ে অবাক হয়ে বলেছিল, ‘চৌদ্দ বছর ভাত না খেয়ে থাকল আজাদের মা।’ যখন যে বইটি পড়েছে, তার ভেতর থেকে নির্যাসটুকু বুঝে সেটির বহিঃপ্রকাশ করেছে। কখনো চোখের জলে, কখনো আনন্দে, কখনো ভালোবাসায়। সমরেশ মজুমদারের কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার পড়ে বলেছিল, ‘মা, আমি মাধবীলতাকে ভালোবেসে ফেলেছি।’ শেষের কবিতার অমিত লাবণ্যের প্রেমে অবাক হয়ে গিয়েছিল। কষ্টও কম পায়নি। ইচ্ছে ছিল লাবণ্য নামটি তার ভালোবাসার মানুষটির নাম রাখবে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ প্রায় মুখস্থ ছিল। গোরা বারবার, পড়ত। কত যে বই পড়ত, ওর হাতে দেখেছি গর্ভধারিণী, দুরবিন, একাত্তরের দিনগুলি, নকশি কাঁথার মাঠ, আমার বন্ধু রাশেদ, বাদশাহ নামদার, মানিক রচনাবলী, সুনীলের প্রথম আলো, আমি বিজয় দেখেছি, ২০১১ সালের এপ্রিল পর্যন্ত হ‌ুমায়ূন আহমেদ ও জাফর ইকবালের প্রায় সব বই তার সংগ্রহে আছে।
পাগলের মতো বই পড়ত, হুমায়ূন আহমেদ দিলাম, কী যে খুশি। জাফর ইকবালের সায়েন্স ফিকশন ওকে খুব আকৃষ্ট করত। মোহিত কামালের লেখা আমার খুব ভালো লাগত। মন বইটি কিনেই ফোন, ‘...মা, এবার তোমার জন্য মন কিনেছি।’ ছোট ভাই বাঁধনের জন্য কিনত অনেক বই। মুক্তিযুদ্ধের বই তার মধ্যে অনেক ছিল। বই উপহার দিতেও পছন্দ করত।
তিন গোয়েন্দার সব খণ্ড পড়েছে। কীভাবে কোথা থেকে যে সব বই গুছিয়ে নিয়ে আসত, আমি নিজেও বুঝতাম না। তবে আমি ছিলাম বই কিনে দেওয়ার সাথি। শার্লক হোমস, ম্যাক্সিম গোর্কির মা, সোনা ঝরা দিন, ফেলুদা, সেই সময়, দীপু নম্বর টু। ইংরেজি সাহিত্যের বিভিন্ন বই আবিদের শোকেসে বর্তমান।

একবার কলকাতা গেলাম। আবিদ (বাপী) ছুটে চলে গেল কলেজস্ট্রিট রোডে। বায়না, বই কিনে দিতে হবে। উন্মাদের মতো বই কিনতে লাগল। প্রথমেই কিনল জয় গোস্বামীর কবিতা সমগ্র। হাতে দিয়ে বলল, ‘মা, সব সময় তো তোমার জন্য আগেই কিনি, তাই তোমাকে আগেই দিলাম।’ তখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র। ২০০৯ সালের মধ্যে লিখে ফেলল একটি উপন্যাস, মুখরতায় নিঃসঙ্গ। মোড়ক উন্মোচন হলো ঢাকা বইমেলায়। লেখক আনিসুল হক মোড়ক উন্মোচন করলেন। সঙ্গে আমিও ছিলাম।

এ মুহূর্তে মনটা বিষণ্নতায় ভরে গেছে স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে। আমি ডাল ভাঙা পাখি হয়ে ছুটে বেড়াই। তোর তো চলে যাওয়ার কথা নয়। কত্ত বই এখন। কে পড়বে? কোথায় তুই? কখন পড়বি? কেন তুই ঝরনার জলের মতো সমুদ্রের নোনা জলে ভেসে গেলি?

দুদিন আগে খুলনা বইমেলায় গেলাম দীর্ঘ ছয় বছর পর। বাধ্য হয়ে বন্ধুসভার বন্ধুদের বায়নায় যেতে হলো। বুকটা দুমড়েমুচড়ে যাচ্ছে। চারদিকে দেখি শুধু তোরই পড়ার মতো বই। কীভাবে কিনব? কোনটা কিনব? আনিসুল হকের ভালোবাসি, ভালোবাসি বইটি হাতে নিলাম। কিন্তু নিজের জন্য কিনতে পারলাম না। বুকের ভেতর সমুদ্রের গর্জন। বন্ধুসভার বন্ধুদের কটি বই কিনে দিলাম তোর কথা ভেবে। বাঁধনকেও বই কিনে দিলাম। বুকটা পাথর দিয়ে চেপে ধরে বন্ধুদের বললাম, চলো, ফিরে যাই। আর ভালো লাগছে না। বাঁধনের হাত ধরে উঠে বসলাম রিকশায়।

পরদিনই একুশের ভোর। আমি সকালবেলা আবিদের কিনে দেওয়া বর্ণমালাখচিত কালো শাড়িটি পরে বন্ধুসভার বন্ধুদের নিয়ে প্রথম মালা দিলাম শহীদ বেদিতে।

বসন্তের বাতাসে আমের মুকুলের ম-ম গন্ধ। চারদিকে পলাশ, গাঁদার সুরভিত গন্ধ কিছুই যেন টের পাচ্ছিলাম না। আমি যে জীবন্ত লাশ! হঠাৎ দন্ত্যস রওশন এর ফোন। ‘কেমন আছেন? আবিদের বই পড়া নিয়ে দুকলম লেখেন...।’

রওশন, আমার বইয়ের পোকা আবিদ যে হারিয়ে গেছে। ঢাকা বইমেলায় একটু খুঁজে দেখবেন কি! পেলেও পেয়ে যেতে পারেন আপনাদের প্রিয় আবিদকে।

(শিল্পী আবিদ শাহরিয়ার ২০১১ সালের ২৯ জুলাই কক্সবাজারের সন্নিকটে সমুদে৶ ডুবে মারা যান।)

রমা রহমান: আবিদ শাহারিয়ার মা ও সভাপতি, প্রথম আলো বন্ধুসভা, খুলনা।