বইমেলায় চট্টগ্রামের প্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

একুশের বইমেলায় চট্টগ্রামের প্রতিনিধিত্ব করেন—এমন লেখকের সংখ্যা এখন আর হাতে গোনা নয়। অনেকের একাধিক বইও প্রকাশিত হয়েছে। কয়েক দশক ধরে লিখছেন, জাতীয় অঙ্গনে পরিচিত এমন লেখক-কবিদের পাশাপাশি এবার উল্লেখযোগ্যসংখ্যক তরুণের বইও প্রকাশিত হয়েছে। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, অনুবাদ—বাদ যায়নি কোনো বিষয়।
ঢাকার প্রথমা, ঐতিহ্য, মাওলা ব্রাদার্স, পাঠসূত্রসহ বেশ কয়েকটি প্রকাশনীর পাশাপাশি চট্টগ্রামের বলাকা, শৈলী, কালধারা, বাতিঘর, খড়িমাটি, মিতক্ষরা ও মেঘনাদ প্রকাশ করেছে চট্টগ্রামের লেখক–কবিদের বই।
এবারের মেলায় আবুল মোমেনের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনীগ্রন্থ প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। বিদ্যাসাগরকে একালের পাঠকের সামনে আবারও প্রাসঙ্গিকভাবে হাজির করলেন লেখক। বইটি ইতিমধ্যেই পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া আবুল মোমেনের ছোটদের গল্পগ্রন্থ সূর্য ও শিউলি প্রকাশ করেছে চন্দ্রদীপ।

.
.

জেলেপাড়ার গভীর কালো চোখের মেয়ে নিভা রানী। উন্নয়ন সংস্থার বড় কর্তার চোখ এড়ায়নি কালো মেয়ের এমন সৌন্দর্য। ফলে নিরুপদ্রব সংসার-জীবন থেকে ছিটকে যায় মেয়েটি। কখনো বাসন্তী, কখনো মৌসুমী নাম নিয়ে বেঁচে থাকতে হয় তাকে। বাসন্তী, তোমার পুরুষ কোথায়? উপন্যাসে বিশ্বজিৎ চৌধুরী ভাগ্যবিড়ম্বিত এমনই এক নারীর জীবন তুলে ধরেছেন। গত বছর প্রকাশিত নার্গিস উপন্যাসের সাফল্যের পর প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বিশ্বজিতের এই বইও পাঠকদের নজর কেড়েছে। ইতিমধ্যে বইমেলায় এসেছে বইটি। এ ছাড়া তাঁর ছোটদের গল্পের বই ভূতের সঙ্গে পরির বিয়ে এনেছে চন্দ্রদীপ প্রকাশনী।
খ্যাতিমান কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের একটি উপন্যাস ও দুটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে এবার। তাঁর উপন্যাস এখন তুমি কেমন আছ প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে। এটি একটি প্রেমের উপন্যাস। কিন্তু প্রেমের ভেতর দিয়ে চারপাশের বাস্তবতাই উঠে এসেছে ঘটনার ঘনঘটায়। মানুষের পরিবর্তনশীল জীবনযাপনে বিবর্তিত প্রেমের রূপটিও ধরার চেষ্টা আছে উপন্যাসে। লেখকের গল্পের বই মাকাল লতা প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স এবং কোনো এক চন্দ্রাবতী প্রকাশিত হয়েছে চন্দ্রদীপ থেকে।
এবারও একাধিক বই প্রকাশিত হচ্ছে মহীবুল আজিজের। জোনাকি প্রকাশন থেকে বেরিয়েছে মুক্তিযুদ্ধের গল্প। তাঁর চতুর্দশ কবিতার বই ওগো বরফের মেয়ে প্রকাশ করেছে বলাকা। এ ছাড়া গ্রন্থকুটির প্রকাশ করেছে তাঁর প্রবন্ধের বই উপনিবেশ বিরোধিতার সাহিত্য ও অন্যান্য প্রসঙ্গ। লেখকের সার্ত্র, শোলঝেনিৎসিন ও অন্যান্য প্রবন্ধ প্রকাশ করেছে ধ্রুবপদ। লেখক গবেষক আহমেদ মওলার প্রবন্ধের বই উত্তরকালের সাহিত্য প্রকাশ করছে বিদ্যাপ্রকাশ আর মুক্তধারা থেকে প্রকাশিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সাহিত্য।
খড়িমাটি প্রকাশ করছে খুরশীদ আনোয়ারের চতুর্থ কাব্যগ্রন্থ হালকা কবিতা, হাফিজ রশিদ খানের কবিতার বই লর্ড ক্লাইভের পথিকেরা ও গদ্যের বই অলস করতালি, শাহিদ আনোয়ারের নির্বাচিত কবিতা এবং অরুণ সেনের ছড়ার বই ছড়া কবিতার বিয়ে। গত বছর কবি ওমর কায়সারের নির্বাচিত কবিতা প্রকাশ করেছিল সংবেদ। এবার মেলায় চন্দ্রদীপ প্রকাশনা এনেছে তাঁর ছোটদের গল্পের বই যাদুর বেলুন। টান টান গদ্য আর মজার সব কাহিনিতে ঠাসা এই বই খুদে পাঠকদের জন্য দারুণ উপহার। 

.
.


ছোটদের জন্য লেখা রাশেদ রউফের গল্পের বই পরি কি সত্যি সত্যি ঘরে এসেছিল প্রকাশ করেছে গ্রন্থকুটির। তাঁর নিজের প্রকাশনা শৈলী থেকে প্রকাশিত হয়েছে কিশোর কবিতার বই আমার সোনার বাংলা। নিজের গণ্ডির বাইরে এসে রাশেদ রউফ এবার একটি জীবনীগ্রন্থও লিখেছেন।
অধ্যাপক মোহাম্মদ খালেদের জীবন নিয়ে লেখা এই বই প্রকাশ করেছে বাংলা একাডেমি।
কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীরের তিনটি বই প্রকাশিত হচ্ছে এবার। প্রবন্ধের বই কমলনামা প্রকাশ করছে বেঙ্গল পাবলিশার্স, উপন্যাস হৃদ মাজার প্রকাশ করছে আশালয় এবং জোনাকি প্রকাশ করছে জয় বাংলা ও অন্যান্য গল্প। বাদল সৈয়দের উপন্যাস জলের উৎস মেলায় এনেছে বাতিঘর। ছোটবড় সবার জন্য সমানে লিখে যাচ্ছেন মানজুর মুহাম্মদ। দেশ পাবলিকেশনস থেকে এবারে বের হচ্ছে তাঁর কবিতার বই মাটির পাখি, আলোর ডানা। শব্দশিল্প প্রকাশ করছে তাঁর চারটি মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর-উপন্যাস জলপাই রঙের গ্রেনেড, গগন যখন গেরিলা, পিনুর বাঁশের বন্দুক, কাটা পাহাড়ের লাল টিয়ে। এ ছাড়া তাঁর নির্বাচিত ছড়া প্রকাশ করেছে বাতিঘর। দুই কন্যার ছড়া শিরোনামে আইউব সৈয়দের ছড়ার বই প্রকাশ করছে অ্যাডর্ন। সাজিদুল হকের কবিতার বই নাটোরের মির্জাকন্যা প্রকাশ করছে শাঁখ প্রকাশনা। অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষিরের পুতুল–এর নাট্যরূপ দিয়েছেন নাট্যজন ও গায়ক শান্তনু বিশ্বাস। সেটি বই আকারে প্রকাশ করেছে বাতিঘর।
মোয়াজ্জেমুল হকের স্বপ্নের ফেরিওয়ালা বইটি মেলায় এনেছে আবির প্রকাশন। চট্টগ্রামের সাবেক মেয়র ও রাজনীতিবিদ এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জীবনভিত্তিক এই বই অনেক পাঠকেরই আগ্রহের কেন্দ্রে থাকবে।
শাহনেওয়াজ বিপ্লবের প্রথম গল্পের বই উপনিবেশ প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ। মহি মুহম্মদের উপন্যাস মেনকা প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স এবং ছোটদের গল্পের বই জলদিঘির রহস্যের প্রকাশক জোনাকি। উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে শান্তনু চৌধুরীর প্রেমের উপন্যাস ফিরে এসো।
এবারের মেলায় চট্টগ্রামের এক ঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণের বই প্রকাশিত হচ্ছে। প্রান্ত পলাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ জরায়ুর কান্না প্রকাশ করেছে ঐতিহ্য। আহমদ জসীমের গল্প সংকলন সিন্দাবাদের গালিচা প্রকাশ করেছে অগ্রদূত। পাঠক সমাবেশ থেকে বেরিয়েছে রিপন মিনহাজের প্রথম গল্পের বই বাঙলা মানুষ, দ্যাশের মানুষ। মিতক্ষরা এনেছে জাহেদ মোতালেবের অণুগল্প সংকলন বিকেল অথবা বাঘের গল্প, মাহমুদ আলম সৈকতের দক্ষিণ এশিয়ার লেখকদের অনুবাদ গল্প সংকলন ভাঁডার ঘর এবং অন্যান্য গল্প এবং রাজীব দত্তের কবিতার বই সাবানের বন। মেঘনাদ প্রকাশন প্রকাশ করেছে হাসনাত শোয়েবের কবিতা সংকলন সূর্যাস্তগামী মাছ ও নির্ঝর নৈঃশব্দের কবিতা সংকলন মহিষের হাসি। এ ছাড়া ফজলুল কবিরীর গল্প সংকলন মগজের নাটাই বাঙলায়ন থেকে, শোয়ায়েব মুহমদের প্রথম গল্প সংকলন ঘুড়িযাত্রা পাঠসূত্র এবং জয়ন্ত জিল্লুর গল্প সংকলন ছায়া শরীরের গল্প কাকতাড়ুয়া থেকে প্রকাশিত হয়েছে।
শৈলী প্রকাশনার কর্ণধার আয়েশা হক জানালেন, তাঁরা এবার ২৫টি বই বাজারে এনেছেন। এর মধ্যে আনোয়ারা আলমের আত্মজীবনী আমার শিক্ষকতার জীবন, দিলরুবা আহমেদের কিশোর গল্প মাছের মায়ের পুত্র শোক, নেছার আহমদের প্রবন্ধের বই স্মরণের আবরণে চট্টগ্রামের কৃতীপুরুষ, অধ্যাপক তৌহিদ আহমদের আত্মজীবনী মম জীবন যৌবন, মম দুঃখ বেদন, তহুরীন সবুর ডালিয়ার কবিতার বই দিনটি আজ আমাকে দাও, ফারজানা রহমান শিমুর গল্পের বই কাছে নয় দূরে উল্লেখযোগ্য।

.
.

বলাকা প্রকাশন থেকে ইতিমধ্যে ২৯টি বই প্রকাশিত হয়েছে। আরও ১৯টি বই প্রকাশের কাজ চলছে বলে জানালেন এই সংস্থার অন্যতম উদ্যোক্তা জামাল উদ্দিন। এসবের মধ্যে মুক্তিযোদ্ধা ও গবেষক মাহফুজুর রহমানের গবেষণাগ্রন্থ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও মুক্তিযুদ্ধ বইটি স্বাধীনতাযুদ্ধের অনেক অজানা ইতিহাস উন্মোচন করেছে বলে জানালেন তিনি। নূর মোহাম্মদ রফিক সম্পাদিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অভিধানটিও একটি গুরুত্বপূর্ণ বই। বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীকে নিয়ে একটি বই লিখেছেন এ এম আবদুল্লাহ। এ ছাড়া জামাল উদ্দিনের তিনটি বই শাশ্বত চট্টগ্রাম, চট্টগ্রামের ইতিহাস (প্রাচীন কাল), ভারতবর্ষের স্বাধীনতাসংগ্রাম মাস্টারদা সূর্য সেন ও সূর্যসাথীরা ইতিহাস–ঐতিহ্যের প্রতি আগ্রহী পাঠকদের তৃষ্ণা মেটাবে।
এ ছাড়া বলাকা থেকে যেসব বই প্রকাশিত হয়েছে তার মধ্যে ড. জামাল নজরুল ইসলাামের প্রবন্ধের বই সমাজ দর্পণ বিজ্ঞান ও অন্যান্য প্রসঙ্গ, কবি আল মাহমুদকে নিয়ে কামরুদ্দিন আহমদের লেখা আল মাহমুদ কবি ও কথাশিল্পী, তোফায়েল আহমেদের কবিতার বই উড়ন্ত মেঘের ঘুম, চন্দন চৌধুরীর কবিতার বই ঢাকা সিরিজ ও পাণ্ডব জন্ম, শরীফা বুলবুলের অবিনাশী হুমায়ুন আজাদ, পূর্ণিমা এখনও ভোটার হয়নি উল্লেখযোগ্য। কালধারা প্রকাশন থেকে ছয়টি বই বেরিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শাহ আলম নিপু সম্পাদিত হেমন্তের সন্ধ্যায় কবিকণ্ঠ এবং মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারভিত্তিক শাহজাহান চৌধুরীর বই মুক্তিযোদ্ধার জবানবন্দি।