বইমেলায় চাকরি পাওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ করে দিয়েছে বইমেলা l ছবি: সাইফুল ইসলাম
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগ করে দিয়েছে বইমেলা l ছবি: সাইফুল ইসলাম

প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি আয়োজন করেছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার। মেলা প্রাঙ্গণ এখন বিভিন্ন বই প্রকাশনীর স্টল, লেখক আর বইপ্রেমীদের মিলনমেলায় ভরপুর। বইমেলা শুধু নতুন বইয়ের আনন্দ নিয়েই আসে না, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজের সুযোগও করে দিয়েছে এই বইমেলা। বইমেলায় খণ্ডকালীন চাকরি পাওয়া যায় কীভাবে তা নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রতিবেদনে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।

লালমাটিয়া মহিলা কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিশা। তিনি এবারের একুশে বইমেলায় তাঁর এক নিকটাত্মীয়ের পরামর্শে উৎস প্রকাশনে সিভি পাঠান। সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হয়ে এবারই প্রথম বইমেলায় এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পান। তিনি বলেন, ‘বইমেলায় কাজ করাটা সত্যিই খুব আনন্দের। পাঠ্যবইয়ের বাইরে খুব একটা বই পড়া হয় না। এখানে এসে নতুন বই সম্পর্কে জানতে পারছি, লেখক-পাঠকদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে। সব মিলিয়ে কাজটা খুব উপভোগ করছি।’ সুযোগ পেলে আগামী বইমেলায়ও কাজ করতে চান তানিশা।
তানিশার মতো এবারের বইমেলায় বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের এমন কয়েক শ শিক্ষার্থী বিভিন্ন প্রকাশনীর স্টলে খণ্ডকালীন হিসেবে কাজ করছেন। এ বছর ছোট-বড় প্রায় ৪০০টির বেশি প্রকাশনা সংস্থার স্টল নিয়ে বসেছে বইমেলা। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো তাদের প্রকাশিত বই পাঠকদের কাছে বিক্রি ও উপস্থাপনের জন্য স্থায়ী কর্মীর পাশাপাশি অভিজ্ঞ ও অনভিজ্ঞ খণ্ডকালীন বিক্রয়কর্মী নেয়। এর বেশির ভাগই নেওয়া হয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এসব প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়।
এ বছর বইমেলায় প্রথমা প্রকাশন, উৎস প্রকাশন, সময় প্রকাশন, অন্য প্রকাশ, জাগৃতি প্রকাশনীসহ বেশ কয়েকটি স্টল ঘুরে দেখা গেল, স্টলভেদে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ২ থেকে ১৫ জন শিক্ষার্থী বিভিন্ন প্যাভিলিয়নে কাজ করছেন। তাঁদের মধ্যে কেউ কেউ পাঠকদের বই দেখাচ্ছেন, কেউ আবার বই বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।

>বইমেলায় খণ্ডকালীন চাকরি পাওয়া যায় কীভাবে তা নিয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রতিবেদনে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে

বইমেলায় যাঁরা খণ্ডকালীন কাজ করেন, তাঁরা বিভিন্নভাবে কাজের সুযোগ পান। জাগৃতি প্রকাশনীতে খণ্ডকালীন কাজ করতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী আল মামুন যেমন কাজ পেয়েছেন এক বড় ভাইয়ের মাধ্যমে। আর মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষার্থী রোকেয়া খানম বাণিজ্য মেলায় কাজ করার অভিজ্ঞতা থেকে তাঁর এক আত্মীয়ের মাধ্যমে এবারই প্রথম বইমেলায় কাজ পেয়েছেন। তিনি এবার অন্য প্রকাশের স্টলে খণ্ডকালীন কাজ করছেন। স্টলেই বই বিক্রির একফাঁকে কথা হলো তাঁর সঙ্গে। জানতে চাওয়া হলো পড়াশোনার পাশাপাশি বইমেলায় কাজ করতে কোনো সমস্যা হয় না? ঝটপট বলেন, ‘বইমেলা শুরু হয় বেলা তিনটা থেকে, চলে রাত সাড়ে আটটা পর্যন্ত, তাই তেমন একটা অসুবিধা হয় না।’ এই কাজের অভিজ্ঞতা অন্য চাকরির ক্ষেত্রে জীবনবৃত্তান্তেও উল্লেখ করা যাবে বলে জানালেন তিনি।
একই মত প্রকাশ করলেন সময় প্রকাশনে এ বছর কাজ করতে আসা রবিউল আলম। তিনি গত বছরও বইমেলায় কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এবারও এক লেখক বড় ভাইয়ের মাধ্যমে কাজ করছেন। তিনি বলেন, ‘বইমেলায় কাজ করা শুধু আয়ের উপলক্ষ নয়, এখানে লেখক-পাঠকদের কাছ থেকে বিভিন্ন বইয়ের বিষয়ে খুঁটিনাটি জানা যায়। আর বইপ্রেমীদের মধ্যে বই কেনার যে আনন্দ, এ বিষয়টি খুব উপভোগ করছি।’ ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী মৌ এবার কাজ করছেন প্রথমা প্রকাশনের স্টলে। এর আগেও বিভিন্ন বইমেলায় কাজ করেছেন। তিনি বলেন, ‘বইমেলায় কাজ করছি, খুব ভালো লাগছে। বিভিন্ন লেখকের সঙ্গে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে। এটাই আসলে বড় পাওয়া। আর মাস শেষে কিছু সম্মানী তো আছেই। সব মিলিয়ে এটি একটি মজার অভিজ্ঞতা।’
প্রথমা প্রকাশনের স্টলে কথা হয় এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী জাকির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা আমাদের স্টলে এ বছর ১৫ জন বিক্রয়কর্মী নিয়োগ করেছি। সাধারণত তাঁদের সঙ্গে পরিচিতদের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনবৃত্তান্ত নেওয়া হয়। এরপর তাঁদের একটি সাক্ষাৎকারের মাধ্যমে যাঁরা একটু চটপটে এবং সুন্দর করে সাবলীল ভাষায় কথা বলতে পারে, এমন শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়া হয়। বইমেলায় যাঁরা ভালো করেন, সেসব শিক্ষার্থীকে আমরা স্থায়ীভাবেও নিয়োগ করি এবং সারা বছর বিভিন্ন বইমেলায় তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হয়।’