বইমেলায় যাই রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমির একুশে বইমেলা। ফাইল ছবি
বাংলা একাডেমির একুশে বইমেলা। ফাইল ছবি

পৃথিবীর নানা দেশে নানা আয়োজনের বইমেলা হয়। এগুলোর কোনোটি চোখধাঁধানো, কোনোটি সমীহ জাগানো, কোনোটি ছোট ও অন্তরঙ্গ। কিন্তু ঢাকার বাংলা একাডেমির বইমেলার মতো আর কোনো মেলা পাঠক-অপাঠকদের আবেগ-ভালোবাসা এতটা জাগাতে পারে না। দেশের সাংস্কৃতিক বর্ষপঞ্জিতে এত বড় একটা জায়গা আর কোনো বইমেলা করে নিতে পারেনি।
অথচ এটি যে খুব বড় আয়োজনের কোনো মেলা, তা তো নয়। বইয়ের বেচাকেনাও তেমন আহামরি কিছু নয়। তারপরও শুধু ঢাকা নয়, সারা দেশের মানুষ ১১ মাস অপেক্ষায় থাকে এই মেলার জন্য। এখন মেলার পরিসর বেড়েছে, মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারে বইয়ের স্টল থেকে স্টলে। ছুটির দিনে ব্যাপক ভিড় থাকে বইমেলায়। সবাই যে বই কেনে, তা নয়, অনেকে যায় বইমেলার আকর্ষণে, বই হাতে নিতে, প্রিয় লেখকদের দেখতে, তাঁদের সান্নিধ্য পেতে। ভিড় ঠেলে প্রতিবছর আমিও যাই। কেন যাই? যাই, কারণ বইমেলা মনটাকে জাগায়।
একটা প্রিয় বই কিনে প্রচুর আনন্দ পাই। অনেকের সঙ্গে দেখা হয়। কথা হয়। এই একটি জায়গায় মানুষের কথাবার্তায় বিষয়চিন্তা থাকে না, রাজনীতি থাকে না। এখানে যারা যায়, তারা প্রসন্ন ও পরিচ্ছন্ন মনের মানুষ। এদের মাঝখানে কিছুক্ষণ থাকলে ভালো লাগে।
এবারের বইমেলায় একজন পাঠক হিসেবে সবাইকে আমন্ত্রণ জানাই। আমার কষ্ট হয়, যখন দেখি, বই পড়ার চর্চাটা শিক্ষাবিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না। আমি যখন স্কুলে পড়তাম, আমার বন্ধুদের প্রায় সবার বাড়িতে বইয়ের একটা আলমারি থাকত। বই পড়ে কত দুপুর-বিকেল কাটিয়েছি। বই মনের দরজা আর জানালাগুলো খুলে দেয়। জ্ঞানের রাজ্য মহাবিশ্বের মতো বড়, জানাবোঝার অঞ্চলটাও অসীম, একবার এই রাজ্যে বেড়াতে বের হলে প্রতিটি মুহূর্ত শুধু বিস্ময়ই বাড়ে। এখন দৃশ্যমাধ্যমের যুগ। এখন ইন্টারনেট জ্ঞানের আধার। ইন্টারনেটে অবশ্যই ঘুরে বেড়াতে হবে। কিন্তু ইন্টারনেট কখনো বইয়ের বিকল্প নয়, মোবাইল ফোনে গেম খেলা যে রকম মাঠের খেলার তুলনীয় নয়। বইয়ের সঙ্গে বন্ধুত্ব করলে সারা জীবনের পথচলাটা খুব সহজ হয়ে যায়।
বইমেলায় আর সব মেলার মতো বন্ধুদের বা পরিবারের কারও সঙ্গে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। এর সঙ্গে বাড়তি আনন্দ প্রিয় কোনো লেখকের সঙ্গে দেখা হওয়া, কথা বলার সুযোগ পাওয়া, হয়তো তাঁর কোনো বইয়ে একটা অটোগ্রাফ নিয়ে ফেলা।
বন্ধু, ভাইবোনের জন্মদিনে বই দিলে দিনটাই সুন্দর হয়ে যায়। এই বই মেলা থেকে কিনে নিতে পারো। তবে আমার মনে হয়, আরেকটা কারণে তোমাদের বইমেলায় যাওয়া উচিত।
বইমেলা শুধু পাঠক সৃষ্টি করে না, লেখকও সৃষ্টি করে। তোমাদের মধ্যে অনেকেই আছো, যারা ভবিষ্যতের লেখক, হয়তো অনেক বিখ্যাত লেখক হবে, অনেক জনপ্রিয় হবে। সেই লেখক অনুপ্রাণিত হবে বই দেখে, বইয়ের সঙ্গ পেয়ে।
একদিন গিয়েই দেখো, প্রতিদিন যেতে ইচ্ছে করবে।