বইয়ের পাতায় সাধারণের মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগল্প ৭১ বইয়ের সম্পাদক নিশাত জাহান
ছবি: লেখক

একাত্তরের এক দুরন্ত কিশোরী নাজনীন সুলতানা। সে সময় নাজনীনেরা থাকতেন চট্টগ্রামের বোয়ালখালী থানার গোমদণ্ডী ইউনিয়নে। যুদ্ধের সময় তাঁদের বাড়িটি ছিল মুক্তিবাহিনীর প্রশিক্ষণকেন্দ্র। প্রায় প্রতিদিনই শ খানেক তরুণ প্রশিক্ষণ নিতে আসতেন ওই বাড়িতে। সেখানে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। ওই বাড়ির একটি ঘরে স্তূপ করে রাখা হতো যুদ্ধাস্ত্র।

মেজ ভাইয়ের অনুপ্রেরণায় ছাত্রদের মিছিলেও দু-একবার যোগ দিয়েছিলেন নাজনীন। বড়দের স্লোগানে তিনিও গলা মিলিয়েছিলেন। একাত্তরের এই কিশোরী অস্ত্র হাতে যুদ্ধ করেননি। তবে তাঁর চোখে দেখা মুক্তিযুদ্ধের এই বর্ণনা পড়েছিলাম জনগল্প ’৭১ বইয়ে। যেখানে নাজনীনের মতো আরও ২৫ জন সাধারণ মানুষের জবানে উঠে এসেছে মুক্তিযুদ্ধের অসাধারণ সব অভিজ্ঞতা।

বইয়ের সূত্র ধরে যোগাযোগ হলো বইটির সম্পাদক নিশাত জাহান রানার সঙ্গে। ২০১৯ সালে নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান যুক্ত থেকে বইটি প্রকাশ করেন তিনি। সাংবাদিকতা ও উন্নয়ন সংস্থার সঙ্গে দীর্ঘ সময় যুক্ত ছিলেন। ২০১৫ সালের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বইয়ের জন্য গল্প সংগ্রহের কাজ শুরু করেন। এখন লেখালেখি, বই প্রকাশ আর জনমানুষের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সংগ্রহ করেই তাঁর সময় কাটে।

নিশাত জাহান বলছিলেন, ‘২০০২ সালে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে নিয়ে আমার নির্মিত একটি তথ্যচিত্র দেখে আমরা মা বলেছিলেন যুদ্ধের সময়গুলোতে তাঁরও অনেক ঘটনা আছে! কথাটি শুনে মনে হলো, মায়ের দেখা যুদ্ধের দিনগুলোর অভিজ্ঞতাগুলো তো সংরক্ষণ করার মতো। মায়ের কাছ থেকেই প্রথম ঘটনা সংগ্রহ করলাম। এরপর থেকে পরিচিত কারও প্রত্যক্ষ অভিজ্ঞতা জানার সুযোগ হলে সংগ্রহে রাখতাম।’

এভাবে ছোট পরিসরে ব্যক্তিগতভাবে সংগ্রহ চলছিল। তবে ২০১৫ সালের ওই ফেসবুক স্ট্যাটাসের পর থেকে পরিচিত-অপরিচিত অনেকে আগ্রহ দেখাল। অনেকেই লেখা পাঠাতে শুরু করলেন। বন্ধুরাও উৎসাহ দিলেন। নিশাত জাহান তখন প্রবাসী বন্ধু সেলিনা শেলীকে সঙ্গে নিয়ে ছোট একটি তহবিল গঠন করলেন। এরপর লেখা সংগ্রহ ও যাবতীয় কাজের জন্য সার্বক্ষণিক কর্মী হিসেবে উর্মি লোহানীকে সঙ্গে নিলেন।

ই-মেইল ও চিঠির মাধ্যমে অনেকে নিজের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা লিখে পাঠান। আবার লেখার অভ্যাস না থাকায় অথবা বয়সের কারণে লিখতে অনেকে পারেন না। এসব ক্ষেত্রে ওই ব্যক্তির আত্মীয়দের অনুরোধ করা হয় তাঁর বর্ণনার অডিও ধারণ করে পাঠানোর জন্য। অভিজ্ঞতা সংগ্রহের কাজে নিজেরাও গেছেন দেশের বিভিন্ন জেলায়। রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ প্রায় ১৫টি জেলায় গিয়ে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সংগ্রহ করেছেন তাঁরা।

নিশাত জাহান রানা বলেন, ‘জেলায় জেলায় যাতায়াতের খরচ দিই আমরা নিজেদের পকেট থেকেই। যুক্তর সঙ্গে আমার বন্ধুবান্ধব যাঁরা জড়িত, তাঁরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে আমার কাজে সাহায্য করেন। যুক্ত শুধু প্রকাশনা প্রতিষ্ঠান না। আমরা এখানে সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক বিভিন্ন ধরনের কাজও করে থাকি।’

প্রতি মাসেই যুক্তর কার্যালয়ে জনগল্প ’৭১ বইয়ের সঙ্গে সংশ্লিষ্টরা মিলিত হন। মাসিক সভায় সংগ্রহগুলো নিয়ে যাচাই-বাছাই চলে। আর কোনো এলাকায় অভিজ্ঞতা সংগ্রহে যাওয়ার আগে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তাঁরা।

বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের অভিজ্ঞতা সংগ্রহ করেন না তাঁরা। শুধু সাধারণ মানুষের প্রত্যক্ষ অর্থাৎ নিজের চোখে দেখা অভিজ্ঞতাগুলোই তাঁরা সংগ্রহ করেন। পরিবার বা অন্য কারও মুখ থেকে শোনা এমন কোনো অভিজ্ঞতা নেওয়া হয় না। প্রয়োজনে অভিজ্ঞতার বর্ণনাগুলো নির্দিষ্ট ওই এলাকার স্থানীয়দের কাছ থেকে যাচাইও করে নেওয়া হয় বলে জানলেন নিশাত জাহান রানা। এরপর সম্পাদনার টেবিলে চলে যায় লেখাগুলো। সম্পাদনার পর পুরো লেখা প্রদানকারী ব্যক্তিকে দেখানো হয়। এরপর ওই ব্যক্তির সম্মতিক্রমে ছাপানোর জন্য পাঠানো হয়।

চলমান মহামারি ও বইটির প্রধান উপদেষ্টা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ও সম্পাদনা পর্ষদের সদস্য কামাল লোহানীর মৃত্যুতে কাজের অগ্রগতিতে কিছুটা ভাটা পড়ে। তারপরও গেল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ১৩ জনের অভিজ্ঞতার সংকলন নিয়ে বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। আগামী বছর আরও ১৩টি অভিজ্ঞতা নিয়ে তৃতীয় খণ্ড প্রকাশেরও কথা রয়েছে। শিগগিরই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের অভিজ্ঞতা নিয়েও সংগ্রহ শুরু করতে চান তাঁরা।