বইয়ে বইয়ে কাটুক বেলা

বছরের অন্য সময়গুলোতে নানা কাজে, নানা উৎসবে তরুণদের সময় কাটলেও এই ফেব্রুয়ারি মাসের অনেকটা ব্যয় হচ্ছে শুধু বই কিনে আর বই পড়ে। যদিও এ মাসে আছে বসন্তবরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আছে সরস্বতী পূজার মতো সর্বজনীন উৎসব। তবু সব উৎসবের মধ্যমণি হয়ে আছে এই বইমেলা।
তাই ফি-বছরের মতো এবারও একুশে বইমেলায় তরুণদের ঢল নেমেছে। সন্ধ্যার খানিক আগে আমরা যখন ঢুকছি বইমেলায়, তখন মেলার প্রধান ফটকের সামনেই দেখা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সালের সঙ্গে, যিনি মাত্রই বইমেলায় ঢুকছেন। ‘দুটো কারণে ফেব্রুয়ারি মাস আমার কাছে ভীষণ প্রিয়। এক হচ্ছে, এ মাস আমাদের মহান ভাষা আন্দোলনের মাস, আর অন্যটি এ মাসেই হয় বইমেলা। প্রায় প্রতিদিনই আমি মেলায় যাই। আর বন্ধুদের সঙ্গে বিভিন্ন প্রকাশনার স্টল ঘুরে দেখি। পছন্দসই বই কিনি। আজ মেলায় এসেছি পৃথিবীর সফল ব্যক্তিদের আত্মজীবনীর কোনো সংকলন পাই কি না, তার খোঁজে।’ জানালেন ফয়সাল। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করি, ‘সফলদের আত্মজীবনী কেন?’
‘তাদের কথা ও জীবনী আমাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে।’ বলছিলেন তিনি। ফয়সাল কথা শেষ করতে পারেননি, এর মধ্যেই তাঁকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এক তরুণ। ‘আরে ফয়সাল...আরে মেহেদী...। দেখি, দেখি কী বই কিনেছিস।’
আমরা বুঝে যাই তাঁরা পুরোনো বন্ধু। বিনয়ের সঙ্গে এ দুই বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা হারিয়ে যাই মেলার ভিড়ে। হাজারো তরুণমুখের সম্মেলন এখানে। কেউ কিনছেন নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য, কেউ কিনছেন প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য। এমনই একজনের সাক্ষাৎ মিলল বাংলা একাডেমি বিক্রয়কেন্দ্রের সামনে। তিনি ইফতেখার রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী জানালেন তিনি মেলার প্রথম দিন থেকেই বই কেনা শুরু করেছেন। প্রতিদিনই একটি-দুটি করে বই কিনছেন। ‘আমি শুধু ফেব্রুয়ারি মাসে বই কিনি আর বিলি করি বছরব্যাপী।’ হাসতে হাসতে ইফতেখার বলে চলেন, ‘প্রতি মাসেই কোনো না কোনো আয়োজন লেগেই থাকে। কারও জন্মদিন, কারও বিবাহবার্ষিকী...। এসব আয়োজনে আমি শুধু বই উপহার দিই। আর যেসব বই উপহার দেব বলে মনস্থির করি সেসব বই কিনি বইমেলা থেকে।’
তাঁকে শুভকামনা জানিয়ে সামনে পা বাড়াই। দেখা হয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী তন্ময় রামিমের সঙ্গে। ছোট ভাইবোনদের নিয়ে মেলায় এসেছেন তিনি। বলেন, ‘ছোটরা ওদের পছন্দমতো বই কেনে। নতুন নতুন ছড়ার বই, গল্পের বই, কার্টুন, ফুল, পাখির ছবিওয়ালা রূপকথার বই কিনতে পেরে ওদের যখন খুব খুশি দেখি, তখন আমার ভীষণ ভালো লাগে।’
এবার বইমেলার মূল আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ায় অনেক জায়গাজুড়ে স্টল বসেছে। ফলে ঠাসাঠাসি ভিড় নেই আগের মতো। তরুণেরা আড্ডা দিতে দিতে বই দেখছেন ও কিনছেন।
এ রকম আড্ডা দিতে দিতে বই দেখছেন ইডেন মহিলা কলেজে পড়ুয়া পাঁচ বন্ধু জয়া, শীলা, মৌটুসী, বৃষ্টি ও মিম। তাঁরা এসেছেন তাঁদের এক বন্ধুর প্রথম প্রকাশিত বই কিনতে।
ভিড় ঠেলে আরও সামনে এগোই। অগণিত তরুণ যেমন হেঁটে বেড়াচ্ছেন, তেমনি ভিড় করে দাঁড়িয়ে আছেন স্টলে স্টলে। তাঁদের কেউ কেউ স্টলের সামনে দাঁড়িয়ে পাতা ওল্টাচ্ছেন প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের কোনো বইয়ের তো, কেউ কেউ ওরহান পামুকের অনুবাদের। গল্প-উপন্যাস, প্রেমের কবিতা, শিশুতোষ বই, প্রবন্ধ বা গবেষণাধর্মী বইও হাতে তুলে নিচ্ছেন কেউ কেউ।
একজনকে দেখা গেল একাত্তরের চিঠি বইয়ের পাতা ওল্টাতে। নাম রাতুল, পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। বললেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার; আমার সবচেয়ে আগ্রহের বিষয়। তাই খুঁজে খুঁজে আমি মুক্তিযুদ্ধের বই বেশি কিনি।’
ফেব্রুয়ারি মাস মানেই উৎসব। আর উৎসব মানেই তো উপহার। সেই উপহারের তালিকায় তরুণেরা বেছে নেন ‘বই’। বইয়ের চেয়ে ‘সেরা উপহার’ আর কী হতে পারে?
সময় বয়ে চলে আর বইমেলায় পাল্লা দিয়ে বাড়তে থাকে তারুণ্যের ভিড়। স্রোতের মতো সেই ভিড়ে এবার আমিও পা বাড়াই নিজের পছন্দের বইয়ের খোঁজে।