বইয়ের আলোয় একটি দিন

‘বই মানুষের মনের দিগন্তকে প্রসারিত করে। বড় মনের মানুষ ছাড়া সমৃদ্ধ দেশ গড়া সম্ভব নয়। তাই সভ্যতাকে এগিয়ে নিতে বইয়ের কোনো বিকল্প নেই।’ বিশ্ব সাহিত্যকেন্দ্র চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সেরা বই পড়ুয়াদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ৪ এপ্রিল শুক্রবার নগরের মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ে বসেছিল এই আসর।
আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্ব সাহিত্যকেন্দ্র ৩৫ বছর ধরে সারা দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া কর্মসূচি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর সেরা বই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এ বছরের পুরস্কার বিতরণী উৎসবে শামিল হয়েছিলেন ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ অসংখ্য মানুষ।
চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তন ও মাঠে দুই পর্বের অনুষ্ঠানে অতিথি ছিলেন অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন, প্রকৃতিবিদ ইনাম আল হক, শিশু সাহিত্যিক আলী ইমাম, টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ ও মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ফজলুল কাদের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ব সাহিত্যকেন্দ্রের মহানগর সংগঠক আলেক্স আলীম, উপস্থাপনা করেন মেজবাহ উদ্দীন। ২০১৩ সালে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যালয় পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৭৩টি স্কুল থেকে প্রায় আট হাজার শিক্ষার্থী বইপড়া কর্মসূচিতে অংশ নেয়। কর্মসূচি শেষে বই পড়ার ওপর নির্ভর করে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠক এই চারটি বিভাগে পুরস্কার দেওয়া হয় তিন হাজার ৪৬৮ জন শিক্ষার্থীকে।
এদের মধ্যে ষষ্ঠ শ্রেণীর ৭১৫ জন, সপ্তম শ্রেণীর এক হাজার ৩৫ জন, অষ্টম শ্রেণীর ৫৪২ জন, নবম শ্রেণীর ৬৮৬ জন ও দশম শ্রেণীর ৪৪৬ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। দিনব্যাপী এ আনন্দ আয়োজনে সহযোগিতা করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড, প্রাণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন।