বইয়ের খোঁজে প্রাণের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবার হাত ধরে একটির পর একটি বইয়ের দোকান ঘুরে পছন্দের বই কিনছিল ছোট্ট রাইয়ান। হাতে তার দুটি ছড়ার এবং একটি গল্পের বই। এবার বাবার কাছে বায়না, একটি ভূতের গল্পের বইও কিনে দিতে হবে। এখন পর্যন্ত ভূতের গল্পের বই পছন্দ করে উঠতে পারেনি সে। তাই এ-দোকান ও-দোকান ঘোরাঘুরি। রাইয়ানের মতো নগরের ডিসি হিল প্রাঙ্গণে ১২ দিনব্যাপী বইমেলায় আসা ছোট-বড় অনেককে দেখা গেছে ঘুরে ঘুরে পছন্দের বই খুঁজতে। ‘বাঙালি জাতিসত্তার মহান অর্জন চির অনির্বাণ হোক’—এই স্লোগান সামনে রেখে ডিসি হিলে ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছে একুশ মেলা পরিষদ আয়োজিত ১২ দিনব্যাপী অমর একুশে বইমেলা। মেলায় মা আর ছোট বোনকে নিয়ে এসেছিলেন কলেজপড়ুয়া অনন্যা কানুনগো। কী বই কেনা হয়েছে, জানতে চাইলে হাতের দুটি প্যাকেট এগিয়ে দিয়ে হাসিমুখে বললেন, ‘অবশ্যই হুমায়ূন আহমেদ ও জাফর ইকবালের বই।’ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য সম্ভারের বই বিক্রেতা জাবেদুর রহমানও জানালেন, হুমায়ূন আহমেদের উপন্যাস এবং জাফর ইকবালের সায়েন্টিফিক কিশোর গল্প-উপন্যাসগুলোই বেশি বেচাকেনা হচ্ছে।এ ছাড়া মেলায় বিভিন্ন বইয়ের স্টলে অন্য অনেক লেখকের নানা গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কম্পিউটার ও আইনসহ নানা বিষয়ের বইও পাওয়া যাচ্ছে। এসব বইয়ের কাটতি কেমন জানতে চাইলে অক্ষরের বই বিক্রেতা জয়দেব বলেন, ‘বাজারে পাইরেট বইয়ের ছড়াছড়ি। আসল বইগুলোর দাম যেখানে ৪০০ টাকা সেখানে পাইরেট করা বই সড়কের ফুটপাতে মিলছে ১০০ টাকায়।বেশির ভাগ পাঠক এই বইগুলোকেই বেছে নেয়। ফলে আমাদের ব্যবসা মার খাচ্ছে।’ ডিসি হিলে বইয়ের বিকিকিনি ছাড়াও পাশের মঞ্চে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শনিবার সন্ধ্যায় ড. অনুপম সেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ড. শিরিন আখতার, ড. জিনবোধি ভিক্ষু, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বালাগাত উল্লাহ, কবি কামরুল হাসান, শিল্পী যদু গোপাল বৈষ্ণব প্রমুখ। এরপর লোকসংগীতের আলেখ্যানুষ্ঠান ‘মেঠোপথ’-এ প্রথমেই শিল্পী আব্দুর রশিদ খান গেয়ে শোনান লালনের ‘সত্য কাজে কেউ নয় রাজি/সবাই করে তা না না না, জাত গেল জাত গেল’ গানটি। এরপর একে একে গান পরিবেশন করেন কল্পনা লালা, গিরজা রাজবর, রমলা ঘোষ, হাসান জাহাঙ্গীর, চন্দ্রমোহন দেবনাথ, সিদ্ধার্থ বড়ুয়া, শিউলি চৌধুরী প্রমুখ। এদিকে নগরের মুসলিম ইনস্টিটিউট হলের সামনে চলছে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের যৌথ আয়োজনে ১০ দিনব্যাপী আরেক বইমেলা। গত রোববার বিকেলে এ মেলা উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম। মেলায় চট্টগ্রামের ২২টি প্রকাশনা এবং বই বিক্রয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি শাহ আলম। তিনি জানান, মেলায় প্রতিদিন সন্ধ্যায় নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা হবে। এ ছাড়া মেলা চলাকালে সিটি করপোরেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলবে নাচ, গান ও ছড়া-কবিতা পাঠের আসর।