বইয়ের চেয়ে প্রিয় সঙ্গী আর কিছুই হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক শান্তনু চৌধুরীর প্রথম বই কথা প্রসঙ্গে-এর মোড়ক উন্মোচন হয়েছে। মোমিন রোডের বিপ্লবী কুটিরে প্রবীণ বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী গত বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। বিনোদ বিহারী চৌধুরী বলেন, ‘বইয়ের চেয়ে প্রিয় সঙ্গী আর কিছুই হতে পারে না। চলতে-ফিরতে বই-ই আমাদের নিত্যসঙ্গী, যা জানার জগতে নতুন নতুন দুয়ার খুলে দেয়। বইটিতে সমাজের নানা ক্ষেত্রে খ্যাতিমানদের চমকপ্রদ বিষয়-আশয় তুলে এনে শান্তনু চৌধুরী বস্তুত ব্যতিক্রমী ও অগ্রসর চিন্তারই পরিচয় দিয়েছেন।’ চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান বলেন, বইটিতে এমন কিছু বিষয় উঠে এসেছে যা পাঠককে আনন্দ দেবে। সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মাহমুদুল হক চৌধুরী, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, রশীদ মামুন, নাসির উদ্দিন হায়দার, আজাদ তালুকদার, উজ্জ্বল ধর, সাইদুল ইসলাম, রেহেনা চৌধুরী প্রমুখ। বইটি প্রকাশ করেছে প্রজ্ঞালোক প্রকাশন।