‘তোমরা নিশ্চয় আলাদিনের দৈত্যের গল্প শুনেছ? ঘষা দিলেই চেরাগের ভেতর থেকে দৈত্য বের হয়ে এসে বলত, “হুকুম করুন মালিক। আমি পারি না এমন কোনো কাজ নেই।” এ রকম একটা করে মহা শক্তিধর দৈত্য তোমাদের সবার ভেতরে লুকিয়ে আছে। তাকে বের করে আনতে পারলেই তোমরা সব কিছু সম্ভব করতে পারবে। আলাদিনের চেরাগের দৈত্য বের করে আনতে যেমন চেরাগটাকে একটু ঘষা দিতে হতো, ঠিক তেমনিভাবে তোমাদের ভেতরের দৈত্যকে বের করে আনতেও দরকার একটু ঘষা। আর এই ঘষাটা দিতে হবে বই দিয়ে। বই পড়লে জ্ঞান বাড়বে। আর তখন তুমিও আলাদিনের দৈত্যের মতো শক্তিশালী হয়ে উঠবে। তোমার কাছে অসাধ্য কিছু থাকবে না।’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বইমেলার শেষ দিনের সমাপনী অনুষ্ঠানে এ কথাগুলোই বললেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান আব্দুল্লাহ আবু সায়ীদ। তাতেই যেন খোলাসা হয়ে উঠল বই পড়ার গুরুত্বটা আসলে কত বেশি।বইমেলার ছিল ৩০টির মতো স্টল। সময়, অনন্যা, অন্যপ্রকাশ, বিদ্যাপ্রকাশ, বিশ্বসাহিত্য কেন্দ্রের সামনের ভিড় ছিল চোখে পড়ার মতো।সময়ের স্টলের সামনে কথা হলো চৈতীর সঙ্গে। ‘অনেক বই কিনেছি। টাকা শেষ হয়ে গেল, না হলে আরও কিছু বই কেনার ইচ্ছা ছিল।’ অতশ খুঁজছিল মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস। ‘ছোট ভাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক কিশোর উপন্যাস খুঁজছি।’ জানতে চাই, ‘নিজের জন্য’? উত্তর মেলে, ‘নিজের জন্য তো প্রায় দুই হাজার টাকার বই কিনেছি।’হ্যাঁ, বই সবার হাতেই ছিল কমবেশি। কেউ কিনেছেন নিজের জন্য, কেউ ছোট ভাইবোনের জন্য, কেউ বা আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবের জন্য, আবার কেউ নিজের পছন্দের মানুষের জন্য। এমন একজনকে পাওয়া গেল যিনি কি না বই কিনেছেন পছন্দের মানুষটির জন্য। নাম প্রকাশে অনিচ্ছু্ক বিবিএ পড়ুয়া এই তরুণ জানালেন, ‘অনেকভাবেই চেষ্টা করেছি মন জয়ের। এবার শেষ চেষ্টা। অনেক কিছুই মুখে বলতে পারি না, কিন্তু বই পারে এমন অনেক অজানা ও না-বলা কথা বলে দিতে। দেখি কী হয়...।’হ্যাঁ, বই সত্যিই পারে সব না বলা কথা বলতে, অজানা কথা জানাতে। বইমেলার শেষ আকর্ষণ ‘অন্য জগতের’ কথা বলে শেষ করি। মারিয়া ফারিহার কোরিওগ্রাফিতে ছোট্ট লাইব্রেরি ঘরটিই কীভাবে কথা বলা, বুক শেলফ, অজস্র বই আর বই পড়ুয়া পাঠকদের নিয়ে যে অন্য এক জগৎ হয়ে ওঠে, তা না দেখলে আসলে বোঝা যাবে না। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছাড়াও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইফতি জানালেন, ‘এ ধরনের বইমেলা প্রতিবছর আয়োজন করার চেষ্টা থাকবে এনএসইউতে। কারণ, আমরা চাই বইয়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে যাক আরও ব্যাপকভাবে।’