বইয়ের পাতায় মুক্তিযুদ্ধের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজদের সঙ্গে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে অস্তমিত হয় বাংলার স্বাধীনতার সূর্য। ১৯৪৭ সালে দেশভাগের পর বাঙালি সংস্কৃতির ওপর নেমে আসে পাকিস্তানি শাসকদের আগ্রাসন। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ফেটে পড়ে সাধারণ মানুষ। রক্তের বিনিময়ে দাবি আদায় করে ছাড়ে তারা। একে একে ১৯৬৬ সালের ছয় দফা দাবি, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের নয় মাসে লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন হয় আমাদের এই দেশ।বইয়ের পাতায় লেখা আর ছবিতে এ দৃশ্যগুলো যেন এবার জীবন্ত হয়ে ধরা দিল। অনেক অজানা তথ্য আর হূদয়স্পর্শী ছবি যেন জানান দেয় স্বাধীনতা যুদ্ধে বাঙালির অসামান্য ত্যাগের কথা।তরুণ প্রজন্মের কাছে বাঙালির গৌরবময় ইতিহাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ট্রান্সকম ফুডস লিমিটেড। ১৭ মে ঢাকার গুলশানে দি গ্লোরিয়াস হিস্টরি অব বাংলাদেশ নামের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো তা। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আলী যাকের, সারা যাকের, সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এবং ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী। আরও ছিলেন মডেল ও উপস্থাপক শারমিন লাকি, মুনমুন, সংগীতশিল্পী তপু, তিশমা প্রমুখ। এ সময় আসাদুজ্জামান নূর বলেন, ‘স্বাধীনতা আমাদের শ্রেষ্ঠ অর্জন। আর এই অর্জন যাঁরা এনে দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস জানতে একটি বই প্রকাশের মাধ্যমে ট্রান্সকম ফুডস লিমিটেড যে উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই একটি অসাধারণ উদ্যোগ।’আক্কু চৌধুরী বলেন, ‘দেশ স্বাধীন করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যে বীরত্ব ও ত্যাগের উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে, তা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে সেই সময়ের গৌরবময় অধ্যায়ের সঠিক ইতিহাস সবার সামনে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।’ আক্কু চৌধুরী আরও বলেন, কেএফসি ও পিৎজা হাটে বেশির ভাগ সময় তরুণেরাই খেতে আসে, তাদের কথা মাথায় রেখে এ বইটি তৈরি করা হয়েছে। এই বই তৈরির সময় সব ইতিহাস যেন সঠিকভাবে প্রকাশিত হয়, তাই মুক্তিযুদ্ধ জাদুঘরের সাহায্য নেওয়া হয়েছে। আমাদের দেশে অনেক বিদেশি আসেন, তাঁদের কাছে এ দেশের সঠিক ইতিহাস উপস্থাপন করার জন্য বইটি বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি মাধ্যমেও করা হয়েছে বলে জানালেন আক্কু চৌধুরী।দি গ্লোরিয়াস হিস্টরি অব বাংলাদেশ নামের এ বইটির পরতে পরতে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহাসিক ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের উত্তাল মার্চ, অপারেশন সার্চলাইটসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়, মুজিবনগর সরকার গঠনের বিশেষ মুহূর্ত ও দেশ স্বাধীন হওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে। ১০ পর্বের এ বইয়ে বিভিন্ন বীরত্বগাথার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত বিভিন্ন দেশি-বিদেশি পত্রিকার অংশবিশেষ, বিভিন্ন দুর্লভ ছবি দিয়ে যেন ফিরিয়ে আনা হয়েছে সেই অবিস্মরণীয় মুহূর্তগুলোকে। আক্কু চৌধুরী জানান, বই বিক্রির টাকার পুরোটাই মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দেওয়া হবে। বাংলাদেশে কেএফসি ও পিৎজা হাটের সব শাখায় ও মুক্তিযুদ্ধ জাদুঘরে দি গ্লোরিয়াস হিস্টরি অব বাংলাদেশ নামের এ বইটি ৫০০ টাকায় কিনতে পাওয়া যাবে।চাইলে আপনিও একটি বই কিনতে পারেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি সাহায্য করতে পারেন মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে।