বইয়ের পোকা
ধড়মড় করে ঘুম থেকে উঠে বসেন জুলিয়ান। সারা শরীর ঘামে ভিজে গেছে, গলা শুকিয়ে কাঠ। হাতড়ে হাতড়ে মাথার কাছে রাখা টেবিল থেকে পানির গ্লাসটা তুলে ঢকঢক করে এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে দেন। ধ্বক ধ্বক করে হূদপিণ্ড শব্দ করছে বুকের ভিতর, অনেকক্ষণ লাগে নিজেকে শান্ত করতে। কি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছেন তিনি।বিছানা থেকে নেমে জানালার কাছে এসে দাঁড়ান জুলিয়ান, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে, পথঘাট পানিতে ভিজে চকচকে। ল্যাম্পপোস্টের লম্বা ছায়া পড়েছে রাস্তায়। বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে জুলিয়ান আপন মনে বললেন, কি আশ্চর্য স্বপ্ন।স্বপ্নটা ঘুরে ফিরে মাথার মাঝে খেলা করে তাঁর, আশ্চর্য একটা স্বপ্ন, অথচ যতক্ষণ স্বপ্নটা দেখেছিলেন ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি স্বপ্ন দেখছেন। মনে হচ্ছিল সত্যি বুঝি সব কিছু ঘটে যাচ্ছে তার জীবনে। জানালার পাশে দাঁড়িয়ে জুলিয়ানের মনে হল এমন কি হতে পারে যে তিনি এখনো স্বপ্ন দেখছেন? এই গভীর রাতে জানালার সামনে দাড়িয়ে থাকা, বাইরে বৃষ্টি ভেজা চকচকে পথ আর ল্যাম্পপোস্টের ছায়া সবই আসলে একটা স্বপ্ন?জনপ্রিয় একটি গল্পের শুরুর অংশ এটি। বলতে হবে গল্পটি ও এর লেখকের নাম কী।