বইয়ের পোকা
সীমুর জন্ম হয়েছিল ভোরবেলা। শীতের ভোরবেলা। না-মানুষি জমিনে। সীমান্তে জন্ম বলে তার নাম সীমানা। সেখান থেকে সংক্ষেপিত হয়ে সীমা, অতঃপর সীমু। আর কোনো পদপদবি নাই। সাত বছরের এই মেয়েটি হলদিবাড়ি কিংবা নলচেপাড়া এলাকায় প্রচলিত অভিন্ন আঞ্চলিক উপভাষায় কথা বলে। তবে সে মেড়ো ভাষাটাও ভালোই রপ্ত করেছে। মেয়েটি বসবাস করে না-মানুষি জমিনে, একটা ছইয়ের নিচে। ওই ছইটিই বা সে কোথায় পেল, তা একটা প্রশ্ন বটে। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে লোককথায়, মানুষের মুখে-মুখে কিংবা হরিহর মজুমদারের লেখায়। সেসব কথায় নানা রং, মুখ থেকে কথা কানে, কান থেকে মুখে এলে রং বদলাবেই। কিন্তু বাস্তবে আপনি যখন দেখবেন হলদিবাড়ির সীমান্ত চৌকির পরে কাঁটাতারের বেড়ার ওই পারে, কিংবা নলচেপাড়ার সীমান্ত চৌকি পেরিয়ে, শূন্যরেখার দুই পারের না-মানুষি জমিনে, যে জায়গাটা কোনো মানুষেরই নয়, সেইখানে একটা ছই, আর সেই ছইয়ে একটা মানবশিশু চলাফেরা করছে, তখন আপনার চক্ষুকর্ণের বিবাদভঞ্জন হতে বাধ্য। আর এও জানবেন যে, সে রানির প্রতিপালক। রানি একটা বাঁদরের নাম। রানির বয়স এখন ২২। একটি উপন্যাসের শুরুর অংশ এটি। বলতে হবে উপন্যাসটি ও এর লেখকের নাম কী?