বইয়ের পোকা
বড় অদ্ভুত নাম তার, রামগোলাম। মাথাতোলা হয়ে মাকে একদিন জিজ্ঞেস করেছিল, তার এ রকম নাম কে রেখেছে। মা বলেছিল, ‘তোর দাদা-দাদি কেউ রেখেছিল বা তোর বাপ।’ বাপের নাম তো শিউচরণ। তবে তার নাম এ রকম কেন? মনের ভেতর বড় আকুলিবিকুলি করত প্রশ্নটা। একদিন সাহসে ভর করে দাদুর সামনে গিয়ে দাঁড়িয়েছিল রামগোলাম। দাদুকে বড় ভয় করত সে। যমদূতের মতো চেহারা। কালো মুখে ইয়া বড় গোঁফ। গোঁফের গায়ে মোম মাখত দাদু। গোঁফের আগা দুটো বড় নাকটির দুই পাশ বেয়ে ওপর দিকে উঠে গিয়েছিল। আগুনে চোখ। গোঁফ, নাক, কালো রং, আগুনে চোখ দুটো নিয়ে ভয়-জাগানিয়া চেহারা ছিল গুরুচরণের। পাড়ার সর্দার ছিল সে। মেথরপট্টির মানুষরা তার কথায় উঠবস করত। বড় মান্য করত তারা গুরুচরণকে। হরিজনদের অধিকার আদায়ের জন্য জান দিতে প্রস্তুত ছিল গুরুচরণ। চট্টগ্রামের চারটি মেথরপট্টির মানুষরা তা জানত। তাই তাদের কাছে গুরুচরণের কথাই শেষ কথা। তারা যেমন তাকে শ্রদ্ধা করত, তেমনি ভয়ও করত।