বইয়ের ফেরিওয়ালা জন উড
ভিন্ন কিছু করার তাগিদে জন উড মাত্র ৩৫ বছর বয়সে ছেড়ে দিয়েছিলেন মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানের চাকরি। তাতে কী, মানুষ তো তাঁর স্বপ্নকেও ছাড়িয়ে যায় মাঝেমধ্যে। জন উড তেমনই এক স্বপ্নদ্রষ্টা। জন বিশ্বের নানা প্রান্তের অবহেলিত স্কুলে বই পৌঁছে দিতে তিলে তিলে গড়লেন অলাভজনক প্রতিষ্ঠান ‘রুম টু রিড’। মাত্র ১০ বছরেই এ প্রতিষ্ঠানের উদ্যোগে গড়ে উঠেছে সাড়ে সাত হাজার পাঠাগার। বিনা মূল্যে বিতরণ করা হয়েছে ৬০ লাখেরও বেশি বই এবং প্রতিষ্ঠা করা হয়েছে ৮৩০টি বিদ্যালয়। বিশ্বজুড়ে নারীদের জন্য আট হাজার ৮০০টি দীর্ঘমেয়াদি বৃত্তির ব্যবস্থাও করেছে রুম টু রিড। পরিসংখ্যান বলছে, বিশ্বের ৩০ লাখেরও বেশি শিশুর শিক্ষায় সরাসরি ভূমিকা রাখছে এ প্রতিষ্ঠানটি। পরপর পাঁচবার ফার্স্ট কোম্পানি ম্যাগাজিনের সোশ্যাল ক্যাপিটালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে রুম টু রিড। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দৃষ্টিতে জন উড হয়েছেন ‘ইয়ং গ্লোবাল লিডার’। টাইম ম্যাগাজিন তাঁকে বলেছে, এশিয়ান হিরো।১৯৯৮ সালের এপ্রিলে ছুটি কাটাতে নেপাল গিয়েছিলেন মাইক্রোসফটের বিজনেস ডেভেলপমেন্ট শাখার একজন পরিচালক জন উড। সেখানকার পাহাড়ঘেরা স্কুলগুলো দেখে বেশ চমকে যান। শিশুদের জন্য একটিও গল্পের বই ছিল না সেখানে। আর তা দেখেই যুক্তরাষ্ট্র থেকে বই সংগ্রহ করে নেপাল ফিরে আসেন জন উড। পিঠে ব্যাগভর্তি বই বোঝাই করে পাহাড় বেয়ে পৌঁছে যান প্রত্যন্ত সব স্কুলে। নেপালের ১০টি স্কুলে কয়েক হাজার বই বিতরণের পর এক রাতে জন উড তাঁর বাবাকে বলেছিলেন, ‘এই কি যথেষ্ট?’ বিশ্বে এমন হাজার হাজার গ্রাম আছে, যেখানকার স্কুলের লাইব্রেরিতে কোনো বই নেই। ১০টি লাইব্রেরি গড়ে তোলা বেশ সহজ কাজ। কিন্তু এ তো সমুদ্রের এক ফোঁটা পানির মতো। সে রাতেই বুঝে গেলেন, তাঁর ভবিষ্যৎ মাইক্রোসফটে নেই। নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে জন উড বলেছেন, ‘ভেতরে ভেতরে কেমন যেন লাগছিল। এর পরই চাকরিটা ছেড়ে বেইজিং চলে যাই। বিশ্বের সেরা কোম্পানি ছেড়ে আমি নিজে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে যাচ্ছিলাম, যার ছিল না কোনো ব্র্যান্ড, ছিল না টাকা। মূলধন বলতে ছিল শুধু আমার উদ্দীপনা ও মনোবল।’সেই জন উড এখন কাজ করছেন বাংলাদেশে। ২৪ আগস্ট বইওয়ালা জন উড এসেছেন বাংলাদেশে। ২৬ আগস্ট জন উড সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি গ্রাম ষোলশত জাঙ্গালিয়াতে রুম টু রিডের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। রুম টু রিডের উদ্যোগে সিরাজগঞ্জের দুটি উপজেলার (সদর ও বেলকুচি) ১০৯টি সরকারি ও রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ে মাট ৫৭৫টি শ্রেণীকক্ষ পাঠাগার স্থাপন করে সেখানে ৫৭৫টি বুকশেলফ ও ৫৭ হাজার ৫০০টি বই প্রদান করেছে। শ্রেণীকক্ষকে আনন্দদায়ক করার জন্য বিভিন্ন রঙে রাঙানো হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের ১৩টি চরের ২৩৪ জন মেয়েশিশুকে এসএসসি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষা সহায়তা দিচ্ছে রুম টু রিড। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ৬০টি সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে ৩০০টি শ্রেণীকক্ষ পাঠাগার স্থাপন করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই ৩০০টি বুকশেলফ ও ৩০ হাজার বই সরবরাহ করা হয়েছে।জন উডের পক্ষে তো আর বিশ্বের আনাচে-কানাচে গিয়ে নিজের পয়সায় স্কুল বানিয়ে দেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোও বেশ সাড়া দিয়েছে তাঁর এ উদ্যোগে। তবে উড চান, সবাই যেন নিজের অবস্থান থেকে এগিয়ে আসেন বই নিয়ে। তাই বললেন, ‘আমরা স্কুল বানাই। আমরা সেসব গোষ্ঠীর সঙ্গে সানন্দে কাজ করি, যারা আগে থেকেই স্বেচ্ছাসেবী হিসেবে শিক্ষার জন্য কাজ করে আসছে। আপনি যদি আপনার গ্রামে একটি আদর্শ স্কুল দেখতে চান, তো আপনাকেই আগে জামার হাতা গুটিয়ে ভিত্তিটা তৈরি করতে হবে। নিজের কাঁধে তুলে নিতে হবে সিমেন্টের ব্যাগ।’জন উডের আপাত লক্ষ্য—বিশ্বের এক কোটি শিশুর হাতে তাদের মাতৃভাষা ও ইংরেজিতে লেখা বই তুলে দেওয়া। এ মিশনে সফল হওয়াটাকেই বড় করে দেখছেন না তিনি। কেননা উন্নয়নশীল দেশের ৮০ কোটি মানুষ এখনো অক্ষরজ্ঞানহীন। এখনো প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত আছে ১০ কোটি শিশু। জন উড তাই ভালো করেই উপলব্ধি করেন, ওই খুদে হাতগুলোতে সময়মতো বই পৌঁছে দিতে পারলে পরবর্তী প্রজন্মের মেধাতেই দূর হবে দারিদ্র্য। শিক্ষার ফেরিওয়ালা তাঁর রোমাঞ্চকর জীবনের সব গল্প নিয়ে একটি বই লিখেছেন, লিভিং মাইক্রোসফট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তাঁর বইটি কেমন সাড়া ফেলল, সে গল্প না হয় থাক। শুধু বইয়ের ফ্ল্যাপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের একটা কথা বলা যাক। তা হলো, ‘একবার ভাবুন দেখি! মাত্র ১০০ মানুষ যদি জন উডের মতো ভাবতে শুরু করে, তবে কেমন হয়!’