বইয়ের ভারে ক্লান্ত শিশু

সকাল ছয়টায় ঘুম থেকে ওঠে নয় বছর বয়সী তমা। সাতটায় স্কুলের ক্লাস শুরু। শেষ হয় দুপুর ১২টা নাগাদ। স্কুল থেকে ফিরতে ফিরতে বেজে যায় প্রায় একটা। গোসল-খাওয়া সেরেই ছুটতে হয় কোচিংয়ে। বাসায় ফেরা সন্ধ্যার আগে আগে। দিনে কেটে যায় এভাবেই। সন্ধ্যা নামার পরপরই আসেন গৃহশিক্ষক। পড়া শেষ হতে হতে সাড়ে আটটা-নয়টা। রাতের খাওয়া, স্কুলের পড়া। একটু টিভি দেখে ঘুমাতে যেতে যেতে ১২টা। সপ্তাহে ছয় দিন এভাবেই ছোটাছুটি পড়াশোনা নিয়ে।
শুধু তমা নয়, রাজধানী ঢাকাসহ দেশের বড় নগরগুলোর বেশির ভাগ শিশুর রুটিন অনেকটা এ রকমই। অবসর বলে কিছু নেই। যেটুকু অবসর পাওয়া যায় তা চলে যায় কম্পিউটারে গেম খেলা, কার্টুন বা টিভি দেখায়। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য মুক্ত বাতাসে খেলাধুলা ও বিনোদন জরুরি। অনেক অভিভাবকই এ নিয়ে চিন্তিত হলেও এর কোনো সুরাহা নেই যেন।
পাঠ্যপুস্তক এবং আরও পাঠ্য
খুব কম শিশুই নিজের ব্যাগ নিজে বহন করে স্কুলে নিয়ে যায়। বইয়ের চাপে ব্যাগ এতটাই ভারী থাকে যে, শিশুর পক্ষে তা বহন করা সম্ভব হয় না। আমাদের দেশে কিন্ডারগার্টেনের শিশুরা কতগুলো বই পড়বে, সিলেবাস কেমন হবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট কিন্ডারগার্টেন কর্তৃপক্ষের ওপর। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত বইয়ের পাশাপাশি সেখানে আরও অনেক বই পড়ানো হয়। স্বাভাবিকভাবেই বেশি বইয়ে চাপের পরিমাণও বেশি।
রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান মনে করেন, ‘শিশুদের পড়াশোনার চাপের জন্য অনেকটাই দায়ী অতিরিক্ত বই। শুধু কিন্ডারগার্টেনই নয়, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোসহ অনেক বড় স্কুলেই পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ের চেয়ে অতিরিক্ত আরও অনেক বই পড়ানো হয়, যা শিশুদের পড়াশোনায় চাপ সৃষ্টি করে।’
অতিরিক্ত চাপের কারণ
সময়ের সঙ্গে সঙ্গে পড়াশোনার ধারায়ও এসেছে পরিবর্তন। নতুন নতুন অনেক কিছুই সিলেবাসে যোগ হচ্ছে, যা আগে ছিল না। এ ছাড়া সচেতন নাগরিকমাত্রই চান তাঁর সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, সমাজে সফলভাবে প্রতিষ্ঠিত হোক। আর পড়ালেখায় ভালো ফলাফলকেই সাফল্যের চাবিকাঠি মনে করার কারণে শিশুদের সব সময় পড়াশোনায় ব্যস্ত রাখতে চান অভিভাবকেরা। স্কুলের পড়াশোনায় বিভিন্ন নতুন সংযোজন এবং পিতামাতার অতি সচেতনতা শিশুদের মধ্যে এক ধরনের চাপের সৃষ্টি করে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এ এম মাসুদুজ্জামান। তাঁর মতে, আরও বেশ কিছু কারণ রয়েছে যার ফলস্বরূপ শিশুদের ওপর পড়াশোনার অতিরিক্ত চাপ সৃষ্টি হয়—
১. আগে বেশির ভাগ স্কুল ছিল খোলামেলা। শিশুরা স্কুলে গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পেত। এখন ঢাকাসহ বড় শহরগুলোতে কিছু সরকারি স্কুল বাদে বেশির ভাগ স্কুলেই পর্যাপ্ত খেলার জায়গা নেই। শিশুরা যতক্ষণ স্কুলে থাকছে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকছে। সেখানে কোনো বিনোদন নেই। এ কারণে তাদের ওপর চাপের সৃষ্টি করে।
২. জ্ঞানজগতে যোগ হচ্ছে নিত্য নতুন শাখা। এর সঙ্গে খাপ খাইয়ে নিতে শিশুদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা থেকেই বইয়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। ফলে চাপও বেড়ে যাচ্ছে।
৩. বর্তমান সময়ে শিশুদের অনেক পাবলিক পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। এই পরীক্ষাগুলোর জন্যও পড়াশোনার আলাদা প্রস্তুতি, মডেল টেস্ট, কোচিং ইত্যাদিতে ব্যস্ত হয়ে যেতে হচ্ছে শিশুদের। ফলে শিশুদের ওপর পড়াশোনার চাপ আরও বেড়ে যাচ্ছে।
অধ্যাপক মাসুদুজ্জামান মনে করেন, শিশুদের পড়াশোনা হওয়া উচিত বিনোদন-নির্ভর, যাতে শিশুরা আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে। সিলেবাস এমনভাবে তৈরি হওয়া উচিত যেখানে বিনোদনের বিষয়টি সম্পৃক্ত থাকে। সেজন্য প্রয়োজনে স্কুল শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। তাঁর মতে, পঞ্চম শ্রেণী শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) এবং অষ্টম শ্রেণী শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। এ নিয়ে অন্তত একটি গবেষণা চালিয়ে দেখা উচিত এই পরীক্ষাগুলো শিশু শিক্ষায় ঠিক কতটা কার্যকর ভূমিকা রাখছে।
অতিরিক্ত চাপ বিকাশের অন্তরায়
পড়াশোনার অতিরিক্ত চাপ শিশুদের শারীরিক ও মানসিক উভয় বিকাশকেই বাধাগ্রস্ত করে। অতিরিক্ত চাপের ফলাফল আসলে ভয়াবহ। শিক্ষাজীবন হুমকির মুখে পড়ার মতো ঘটনা ঘটাও বিচিত্র কিছু নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মেহজাবীন হক বলেন, ‘অনেক সময় দেখা যায় কিছু শিশু একটি নির্দিষ্ট ক্লাসের পর আর পড়াশোনায় ভালো ফলাফল করতে পারে না। ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, মনোযোগের প্রচণ্ড অভাব সৃষ্টি হয়। এই ঘটনাগুলো হচ্ছে পড়াশোনায় অতিরিক্ত চাপের চূড়ান্ত ফলাফল। এ ক্ষেত্রে শিশুটি ধীরে ধীরে পড়াশোনায় ভয় পেতে শুরু করে। কিন্তু অধিকাংশ অভিভাবকই বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন না। লেখাপড়া না করলে তাঁরা বকাঝকা এমনকি মারধরও করেন, যা শিশুর মধ্যে বিরূপ মনোভাব তৈরি করে। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক পরিবারের ছেলেমেয়েরাই মাঝপথে পড়া ছেড়ে দেয়। এ ক্ষেত্রে শুরু থেকেই যদি পিতামাতা সচেতন হন, তাহলে এ ধরনের সমস্যা সৃষ্টি হয় না।’
ভালো থাকুক প্রতিটি শিশু
একেক শিশুর পড়াশোনার আগ্রহ, বোঝার ক্ষমতা একেক রকম। তাই সব সময় অন্য শিশুর সঙ্গে নিজের সন্তানের তুলনা করা উচিত নয় বলে মনে করেন মনোবিজ্ঞানী মেহজাবীন হক। তাঁর মতে, পড়াশোনার চাপের পেছনে অভিভাবকদের একটি বড় ভূমিকা থাকে। তাই তাঁদের সচেতন হতে হবে এবং কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে—
১. আপনার সন্তান যদি ১০০ নম্বরের পরীক্ষায় ৯৫-এর উত্তর দেয়, তাহলে তাকে বাহবা দিন, কিন্তু পাঁচ নম্বরের উত্তর কেন দিতে পারেনি সেজন্য তাকে ভর্ৎসনা করবেন না।
২. শিশুকে ভালো ফলাফল করার জন্য উৎসাহ দেওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্যও উৎসাহিত করুন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিন।
৩. আপনার সন্তানকে বুঝুন, সন্তানের সঙ্গে সময় কাটান, পড়াশোনার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলুন। সে অবশ্যই বুঝতে পারবে।
সঠিক দিকনির্দেশনা যেমন শিশুকে আগামী দিনের একজন সফল মানুষ হিসেবে তৈরি করতে পারে, তেমনি ভুল নির্দেশনাও একটি শিশুকে পথভ্রষ্ট করে ফেলতে পারে। তাই সন্তানের যত্ন নিন, পড়াশোনার জন্য কেবল চাপ না দিয়ে তাকে পড়তে উৎসাহিত করুন। শিক্ষার আলোকোজ্জ্বল পৃথিবী আপনার শিশুকে স্পর্শ করুক। ভালো থাকুক, ভালো মানুষ হয়ে বেড়ে উঠুক প্রতিটি শিশু।