বইয়ের যত্ন-আত্তি
এই সময়ে তিন হাজার পৃষ্ঠার শরৎ রচনাসমগ্রকে সাত মেগাবাইটে ধারণ করা যায়। কম্পিউটারের পর্দায় ভেসে ওঠা কালো হরফে শরৎচন্দ্র কিংবা রবীন্দ্রনাথের সৃষ্টিগুলো পড়তে পারছেন, তবে অলস দুপুরে আরামকেদারায় এলানো শরীরে, শেষ বিকেলে ছাদের কার্নিশে গোত্তা খাওয়া ঘুড়িতে, টিনের চালে বৃষ্টির ছন্দে উৎসুক চোখে দুই হাতের কোলে আদরে ধরে রাখা বইয়েই কেবল পাওয়া সম্ভব জীবনের খোঁজ।প্রযুক্তিকে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রযুক্তি বরং আমাদের জীবনকে করে তুলেছে সহজ ও আরামদায়ক। কিন্তু তবু মানুষের এমন কিছু আবেগময় জায়গা থাকে, যেখানে পিছিয়ে পড়াটা দোষের কিছু নয়। এই যেমন ধরুন বইয়ের কথা। নতুন বইয়ের প্রিয় ঘ্রাণটা কম্পিউটারের বিমূর্ত পর্দায় পাওয়া সম্ভব কি? এভাবেই বলেন শিশু একাডেমীর প্রধান গ্রন্থাগারিক রেজিনা আখতার।শুরু হয়েছে প্রাণের মেলা, একুশের বইমেলা। প্রতিবছরই বইমেলা উপলক্ষে ছোট-বড় সবার মাঝে বই কেনার ধুম পড়ে যায়। বইগুলো অগোছালো করে না ফেলে রেখে আপনার বসার ঘরের এক কোণে গড়ে তুলতে পারেন খুদে পাঠাগার বা গ্রন্থাগার। নতুন বইগুলোর সঙ্গে যোগ করতে পারেন ছড়িয়ে-ছিটিয়ে থাকা পুরোনো বইগুলোও। বইয়ের সাজসজ্জা ও যত্ন-আত্তি নিয়ে পরামর্শ দিয়েছেন রেজিনা আখতার। ঘরের এক কোণে কাঠের তাকে বই সাজাতে পারেন। বসার ঘর ছাড়াও করিডর বা পড়ে থাকা বাড়তি জায়গাখানিও কাজে লাগাতে পারেন। দেয়ালের সঙ্গে কাঠ বা কাচের তাক জুড়ে দিয়েও ঘরে আনতে পারেন ভিন্ন মাত্রা। ঘরে যে স্থানে আলো-বাতাস আছে সে স্থানে বইয়ের তাক স্থাপন করুন। তবে বইয়ের তাক স্থাপনের সময় সরাসরি রোদ আসে বা বৃষ্টির পানি পড়ার আশঙ্কা রয়েছে এমন স্থান পরিহার করুন। ঘরের যে স্থানে ধুলাবালির প্রকোপ বেশি সেখানেও বই না রাখাই ভালো। যদি অন্য কোনো সুবিধাজনক স্থান পাওয়া না যায় তবে বইয়ের তাকটি অবশ্যই যেন স্বচ্ছ কাচে আবৃত থাকে। বইগুলো তাকে রাখার সময় বিষয়ভিত্তিক, শিরোনামভিত্তিক অথবা লেখকের পরিচয়ভিত্তিক রাখুন। এতে বই খুঁজে পেতে সুবিধা হবে। বইগুলো একটির ওপর অন্যটি না রেখে পাশাপাশি রাখুন। ঠাসাঠাসি করে না রেখে আড়াআড়িভাবে কিছুটা দূরত্ব রেখে সাজাতে পারেন। এতে যেমন ভালো দেখাবে, পড়ার জন্য বই বের করতেও সুবিধা হবে। তা ছাড়া ঠাসাঠাসি করে রাখা বইয়ের তাক থেকে বই বের করতে গিয়ে অনেক সময় বইয়ের বাঁধন খুলে যাওয়ার আশঙ্কা থাকে। মোড়কের রঙের ভিন্নতা অনুযায়ী রঙিন বইগুলোকে ছড়িয়ে রাখা যেতে পারে। তাকে বই রাখার পর কিছু অংশ খালি রাখুন। এর মাঝে ঘর সাজানোর ছোটখাটো অনুষঙ্গ যোগ করতে পারেন। সেটি হতে পারে রঙিন মোমবাতি, ছবির ফ্রেম, টেবিলবাতি, সিরামিক পাত্র কিংবা কোনো পুতুল। কিছু কিছু বই থাকে, যেগুলো সব সময়ই জনপ্রিয়, সে রকম কিছু বইকে সাজানোর সময় সামনে নিয়ে আসুন। বইয়ের তাকটা এমনভাবে সাজান যেন দেখলেই ভালো লাগা কাজ করে এবং হাত বাড়িয়ে একটি বই নিয়ে পড়তে ইচ্ছে করে। মনে রাখবেন, বইয়ের জন্য বর্ষাকালের স্যাঁতসেঁতে আবহাওয়া ও শীতের ধুলাবালু-এ দুই-ই ক্ষতিকর। এ দুই সময়ে বইয়ের যত্নের দিকে খেয়াল রাখতে হবে। কিছুদিন পর পর বই তাক থেকে নামিয়ে ঝাড়ামোছা করতে হবে। দীর্ঘদিন তাকে রাখা বইয়ে পোকার উপদ্রব হতে পারে। এ সমস্যা এড়াতে তাকে নিমপাতা বা কালিজিরা ছড়িয়ে দেওয়া যেতে পারে। কোনো বইয়ে যদি স্যাঁতসেঁতে ভাব চোখে পড়ে তাহলে স্বাভাবিক বাতাসে বইটি কিছু সময় খুলে রাখুন। এ ক্ষেত্রে অবশ্যই অধিক আলো ও কড়া রোদ পরিহার করুন। বই পড়ার সময়ও বইয়ের প্রতি যত্নশীল থাকুন। দুই ভাঁজ করে বই পড়া, বইয়ের পাতার কোনা ভাঁজ করা থেকে বিরত থাকুন।