বইয়ের হকার

শাহীন আলম শেখ ছিলেন এক গৃহস্থবাড়ির লেখাপড়া না জানা রাখাল। কিন্তু তাঁর জীবন এখন বাঁধা পড়ে গেছে দুই মলাটের মোহন ভুবনে। তিনি বইয়ের হকার। ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেনে বই বিক্রি করেন শাহীন আলম। কিন্তু শুধুই হকার নন তিনি, তাঁর রয়েছে দেশি-বিদেশি বইয়ের দারুণ সংগ্রহ। তিনি বইয়ের সমঝদার।
শাহীন আলম শেখের এই রূপান্তর চোখে পড়ার মতো।
পাবনা জেলার ঈশ্বরদীর পশ্চিম টেংরি পেয়ারাখালী মহল্লায় তাঁর বাড়ি। বাবার নাম আলী আহম্মদ শেখ। দরিদ্র বাবার সংসারে চার ভাই, চার বোনের কারও লেখাপড়ার সুযোগ হয়নি। এমনও দিন গেছে, তাঁদের ভাতের মাড় খেয়ে দিন কাটাতে হয়েছে। এ সময় তাঁকে এক গৃহস্থের বাড়িতে রাখালের কাজে লাগানো হয়। শাহীন আলম শেখের বয়স তখন ১০ কিংবা ১২ বছর। গৃহস্থবাড়ির ছেলেদের পড়তে দেখে তাঁর ভেতরে বই পড়ার স্বপ্ন তৈরি হয়। কাছে দাঁড়িয়ে শোনেন তাদের পড়া।
একদিন ঈশ্বরদী স্টেশনের প্ল্যাটফর্মে এক বইয়ের হকারকে দেখে তাঁর মাথায় চিন্তা খেলে, গরুর রাখালি না করে বইয়ের রাখালি করলে কেমন হয়!
গৃহস্থবাড়ির কাজ ছেড়ে ওই হকারের সঙ্গে ঘুরে ঘুরে তিনি শিখে নেন এই কাজের কলাকৌশল। তারপর একদিন নিজেই শুরু করেন ট্রেনে বই বিক্রি। আর বইপত্র নাড়াচাড়া করতে করতেই বই পড়তে শিখে যান তিনি।
শাহীন আলম শেখ যত বই বিক্রি করেন, তত বই পড়েন। মনীষীদের অনেক উক্তি তাঁর মুখস্থ। সব ভালো বইয়ের একটি করে কপি নিজের সংগ্রহে রাখেন। কোনো পাইরেটেড কপি নয়, মূল বই সংগ্রহ করেন। বই দেখতে যান কলকাতায়। বই কেনার জন্য ঋণ নেন ব্যাংক থেকে।

একদিন ট্রেনে
গত ২৭ এপ্রিল ট্রেনে দেখা হয় ৫০ বছর বয়সী শাহীন আলম শেখের সঙ্গে। তাঁর চেনা সব খদ্দের জানতে চাচ্ছেন নতুন কী বই এসেছে। তিনি তাঁদের কাছে নতুন বই দিয়ে যাচ্ছেন। একজন বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজনামচা বইটা বাজারে পাওয়া যাচ্ছে না। শাহীন আলম বইয়ের একটি কপি বের করে দিলেন।
তাঁর হাতের ওপর সাজানো বিভিন্ন লেখকের বই। হার্তা মুলারের দ্য পাসপোর্ট, শারমিন আহমদের তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা, এ পি জে আবদুল কালামের মাই জার্নি:øট্রান্সফরমিং ড্রিমস ইনটু অ্যাকশন, অমর্ত্য সেনের নীতি ও ন্যায্যতা, ড্যান ব্রাউনের ইনফার্নো, মার্ক টোয়েনের দ্য অ্যাডভেঞ্চারস অব হ্যাকলবেরি ফিনসহ বিচিত্র সব বই। বইয়ের নাম দেখে মনে হলো, তাঁর কাছে ‘হালকা’ কোনো বই-ই নেই!
ট্রেনে নিয়মিত চলাচলকারী অনেক মানুষ নিয়মিত পাঠক শাহীন আলমের। এমন একজন পাঠক অডিট বিভাগের চাকুরে নাজমুল আবেদীন। তিনি কিনলেন ১ হাজার ৬০০ টাকার বই। নাজমুল আবেদীন বললেন, বাজারে নতুন বই বের হলেই এই হকারের কাছে চলে আসে। তিনি নিয়মিত তাঁর কাছে বই কেনেন।

‘বইয়ের হকার’ ডাকলেই খুশি
ট্রেনের হকারের কাছে সাধারণত পাওয়া যায় কিছু ধর্মীয় বই, কী করিলে কী হয়, খোয়াবনামা, দুচারটা বেস্টসেলারের পাইরেটেড কপি আর পাওয়া যায় ফাল্গুনী মুখ্যোপাধ্যয় ও শরৎচন্দ্রের কিছু বই। ৫০-৬০ টাকার মধ্যে দাম। কিন্তু শাহীন আলমের বইয়ের সংগ্রহ এসবের বাইরে। শাহীন বললেন, ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কামরা আর সাধারণ কামরার পাঠক আলাদা। তাঁর পাঠকেরা শীতাতপনিয়ন্ত্রিত কামরার। সিটি করপোরেশনের মেয়র থেকে শুরু করে সাংসদ, কূটনীতিক ও বিচারপতিরাও তাঁর নিয়মিত ক্রেতা। বললেন, বইয়ের হকার বলে ডাকলে তাঁর খুব ভালো লাগে।
শাহীন আলম শেখ ঈশ্বরদী বাইপাস স্টেশনের একটি দোকানে বই মজুত রাখেন। সেখান থেকে ট্রেনে ওঠেন। সপ্তাহে রোববার ছাড়া প্রতিদিন রাজশাহী-ঢাকা আন্তনগর ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত কামরায় তাঁকে পাওয়া যাবে। প্রায় ৩৫ বছর ধরে এই কাজ করছেন। তিনি বলেন, ভালো বই কিনতে অনেক টাকা লগ্নি করতে হয়। নিজের থেকে সব টাকার জোগান দিতে পারেন না। এ জন্য তিনি দুটি ঋণ নিয়েছেন। একটি গ্রামীণ ব্যাংকে, আর একটি স্থানীয় সমিতির। বই বিক্রি করে ঋণের কিস্তি পরিশোধ করেন।

ঘর ভরা বই
ঈশ্বরদীর পশ্চিম টেংরি পেয়ারাখালী মহল্লায় শাহীন আলম শেখের বাসায় গিয়েছিলাম গত ১ মে। বাড়ি বলতে বস্তির ভেতরে টিনের ছোট্ট খুপরি। তার একাংশে নিজের সংগ্রহের বই রেখেছেন। সব ‘ভারী’ বই। শাহীন আলম শেখ বলেন, ‘বলতে পারেন এটা আমার একটা বদ অভ্যাস—আমি প্রচুর বই পড়ি। এখন পড়ছি এ পি জে আবদুল কালামের টার্নিং পয়েন্ট।’
মনীষীদের অনেক কথা তাঁর মুখস্থ। সম্রাট হুমায়ুনের বিদ্রোহী ভাই মির্জা কামরানের কবিতা থেকে উদ্ধৃত করলেন, ‘রাজ্য হলো এমন এক রূপবতী তরুণী, যার ঠোঁটে চুমু খেতে হলে সুতীক্ষ্ণ তরবারির প্রয়োজন।’
শাহীন আলম শেখের এক ছেলে দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। শাহীন বললেন, শিক্ষার সঙ্গে মানুষের দীক্ষারও প্রয়োজন রয়েছে। এ জন্য মেয়েকে কম্পিউটার ও কুটিরশিল্পের ওপর প্রশিক্ষণ করাবেন। তাঁর ভাষায়, হাতের কাজের প্রশিক্ষণটা হচ্ছে দীক্ষা। একমাত্র ছেলেটিও বইয়ের হকার। দারিদ্র্যের কারণে ছেলেকে পড়াশোনা করাতে পারেননি। তবে ছেলে জসীম উদ্দিন শীতাতপনিয়ন্ত্রিত কামরার হকার নন। তাঁর বইয়ের দাম কম।