
আমি আর বসে থাকলাম না। চট করে উঠে দাঁড়ালাম।
আট ঘণ্টা অফিস করে এখন মার্কেটের সিঁড়িতে বসে থেকে ফায়দা নেই। এভাবে বসে না থেকে বরং মৌয়ের জন্য একজোড়া কানের দুল কিনে ফেললেও হতো! সে বিশেষ খুশি হতো কি না বলা মুশকিল, তবে চেষ্টা করতে দোষ কী! এমন চেষ্টা তো আমি আগে কখনই করিনি।
কালশী ফ্লাইওভারটা হওয়ায় একরকম উড়ে উত্তরা থেকে মিরপুর ১০ চলে আসা যায়। প্রতিদিন সময় খরচ হয় মোটে ৩০-৩৫ মিনিট। একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি। আজকে দেখা যাবে বিশিষ্ট কেউ রাস্তা আটকে ভয়াবহ জ্যাম করে ফেলেছেন!
আজব ব্যাপার! আজকে অফিস থেকে বাসস্ট্যান্ড যেন এসে পৌঁছাতেই পারছি না। মনে হচ্ছে যেন অনাদিকাল ধরে হেঁটে যাচ্ছি। হুট করে আবার এক হন্তদন্ত পাংকু মহিলার সঙ্গে ধাক্কা খেয়ে বসলাম! কী যেন একটা গাল দিলেন। সম্ভবত তিনি ‘রাবিশ’ বলেছেন। খুব একটা ভুল বলেননি অবশ্য। মৌয়ের সঙ্গে আমার ব্যবহার অনেকটা ময়লার মতো। প্রশ্ন করলে উত্তর দিই না। উত্তর দিলে কড়া করে দিই। ওর সঙ্গে আমার আচরণ পাথর টাইপ! কোনো এক অজানা কারণে পাথর-পতি নিয়ে মৌ তেমন একটা দুঃখ প্রকাশ করে না। আমি বসে পেপার পড়ছি। পাশে বসে হালকা আলাপ জমানোর চেষ্টা করল। রাগী চোখে তাকালাম আর ও উঠে চলে গেল! একটু পরে ডাক দেবে, ‘ভাত খেতে আসবেন না?’
বাস পেয়েছি। আকিক পরিবহন। আচ্ছা, মৌকে হাঁটু গেড়ে বসে প্রোপোজ করলে কেমন হয়? ভালোবাসি-টালোবাসি তো জীবনেও বলিনি। বউকে এক-দুবার এসব কথা বললে নাকি ভালো! ফুলটুল সঙ্গে থাকলে ভালো মানাত। তার মধ্যে রসবোধ প্রবল। আমার গত জন্মদিনে হাতে একটা কার্ড বানিয়ে দিয়েছিল। বড়ই কমপ্লিকেটেড স্টাফ! খুললাম আর ভেতর থেকে একটা কাগজের কেক বেরিয়ে এল! সঙ্গে কতশত উক্তি আর কত কী!
তবে এক প্যাকেট মিস্টার টুইস্ট হলেও মন্দ হবে না। এই জিনিস সে ভাতের মতন খায়। বেশ কয়েকবার এসএমএস করে একটা মিস্টার টুইস্ট আনতে বলেছিল। ইচ্ছা হয়নি। আনিনি। তাই এখন আর বলে না। আজকে এক কার্টন মিস্টার টুইস্ট নিয়ে যাব। পুরোনো পাপের কাফফারা দেব!
বলব, আমাকে ‘তুমি’ করে ডাকতে। মৌ আজকে জ্ঞান হারিয়ে ফেলে নাকি আল্লাহ মালুম!
পূরবী ক্রস করেছে বাস। আর বেশিক্ষণ বাকি নেই। সারা দিনে একটা ফোন দেয়নি মৌ। আমিও দিইনি। সাধারণত দিই না। আগামীকাল থেকে অসাধারণ হয়ে যাব। দুই ঘণ্টা পরপর ফোন দিয়ে খবর নেব!
বাস থেকে নামার সময় এক টল-ডার্ক-হ্যান্ডসাম লোক পায়ে পাড়া দিয়ে দিলেন। কঠিন কিছু বলতে যাব তখনই মিহি স্বরে ‘সরি’ বলে ভদ্রলোক কেটে পড়লেন। যত্তসব! ডিকশনারি থেকে এই ‘সরি’ শব্দটা উঠিয়ে দেওয়া উচিত!
দোকানে মিস্টার টুইস্ট নেই। আলুজ-ফালুজ কী সব হাংকু-পাংকু চিপস এসে পুরোনো সব উঠে গেছে!
সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বিরক্তি চরমে চলে গেল। চারতলার কারেন্টের তারে কী যেন সমস্যা। বাতি জ্বলে না, বেল বাজে না। প্রচুর শক্তি দিয়ে দরজা ধাক্কাতে লাগলাম!
‘কে?’
‘এখন কার আসার কথা!’
জুয়াইরিয়া জাহরা হক
মিরপুর, ঢাকা