বউ সাজলেন নকশার পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানজিলা কান্তা
তানজিলা কান্তা
নকশায় পাঠকের চিঠি আসে নিয়মিত। তবে বগুড়ার মেয়ে তানজিলা কান্তার চিঠিটা ছিল অন্য রকম। কান্তা তাঁর প্রিয় প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশার কাছে অনুরোধ করেছিলেন তাঁকে একবার বউয়ের সাজে সাজানোর জন্য। চিঠি পেয়ে নকশা দল যোগাযোগ করে তাঁর সঙ্গে। বগুড়া থেকে ঢাকায় এলেন কান্তা, তাঁকে সাজানো হলো বউয়ের সাজে।


মায়ের ইচ্ছা গেঁথে গিয়েছিল মেয়ের মনে। ‘পড়াশোনা করো। প্রতিষ্ঠিত হও।’ 

এই ইচ্ছা আঁকড়ে ধরেই তানজিলা কান্তা সামনে এগিয়েছেন। বান্ধবীরা একে একে বিয়ের পিঁড়িতে বসলেও পড়াশোনা শেষ করেছেন তিনি। ৩৫তম বিসিএসের নন-ক্যাডার চাকরিতে নিয়োগ পেয়েছেন, দ্রুত যোগ দেবেন মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসেবে।
মনের মধ্যে ছোট্ট একটা ইচ্ছা পুষছিলেন কান্তা। বেনারসি শাড়ি পরে বউয়ের সাজ সাজবেন। নকশায় পাঠানো চিঠিতে কান্তা লিখেছিলেন, ‘আমার মা-বাবা নেই। আরও নানা কারণে বিয়েটা হয়তো করা হবে না। এ সমাজে ধারণা করা হয়, মা-বাবা নেই, এই বাড়িতে “জামাই আদর” হবে না। কিন্তু বিয়ের সাজে নিজেকে দেখার আমার খুব সাধ।...’
এই চিঠির পর নকশার আমন্ত্রণে ঢাকায় এলেন কান্তা। ১২ ডিসেম্বর পারসোনায় তাঁকে সাজানো হলো বউয়ের সাজে। সাজানোর পর জিজ্ঞেস করা হলো, কেমন লাগছে? ‘দারুণ অভিজ্ঞতা। তবে বিয়ের শাড়ি এত ভারী!’ বললেন কান্তা।

বউয়ের সাজে কান্তা শাড়ি: বেনারসি কুঠী, গয়না: স্পার্কেল ও নুজহাত খান,  সাজ: পারসোনা
বউয়ের সাজে কান্তা শাড়ি: বেনারসি কুঠী, গয়না: স্পার্কেল ও নুজহাত খান, সাজ: পারসোনা

ছবি তোলার পরদিন প্রথম আলো অফিস ঘুরতে এসেছিলেন কান্তা। কথায় কথায় জানালেন, তাঁরা দুই বোন। ছোট বোন বিবিএ পড়ছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। কান্তা উদ্ভিদবিজ্ঞান বিষয়ে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিনি যখন নকশায় চিঠি লেখেন তখন নাকি তাঁর ভাবনাতেই ছিল না তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে। কান্তা বলেন, ‘হঠাৎ মনে হলো তাই লিখলাম। তবে অবাক হয়েছিলাম আপনাদের ফোন পেয়ে। কী হয় না হয় সেটা ভেবে একটা চাপা উত্তেজনা ছিল। বাড়ির অভিভাবকদের মনেও ছিল দ্বিধা। কোথায় যাবে? কীভাবে ছবি তোলা হবে? কিন্তু প্রথম আলোর কারণেই আস্থা পান তাঁরা। একটু একটু করে সাজানো হচ্ছিল আর নিজেকে নতুনভাবে আবিষ্কার করছিলাম। এমন সাজ, গয়না বা শাড়ি পরে কখনো ক্যামেরার সামনে দাঁড়াইনি তো।’
চলে যাওয়ার আগে বারবার বলছিলেন, ‘আগে কখনো এভাবে ছবি তুলিনি। ছবিগুলো যে কেমন হবে।’ বলা হলো, এত চিন্তা করছেন কেন? কান্তার ঝটপট উত্তর ‘টেনশন করব না? এটা যে নকশায় ছাপা হবে। নকশার সব পাঠক দেখবে যে। আমি নিজেই তো নকশার পাঠক, নকশা জমিয়ে রাখি।’