বউকে চিনে ফেলা
শীতের সকাল, হালকা কুয়াশা। একদিন আমি আমাদের বাড়ির সামনের মাঠে হাঁটাহাঁটি করছি। তখন সূর্য উঠে গেছে। হঠাৎ দেখলাম আমাদের প্রতিবেশী মুনু ভাইয়ের সঙ্গে তার বস দাঁড়িয়ে কথা বলছেন। মুনু ভাইয়ের বস তাকে বলছেন, ‘মুনু, তোমাকে আমি অফিসের কত কাজ করতে দিয়েছিলাম। কিন্তু কই সব কাজ? অফিসে ঢুকে দেখি তোমার টেবিলে কত কাজের কাগজ পড়ে আছে। ফোনে বললে যে সব কাগজ বাসায় নিয়ে এসেছ। কিন্তু কই?’ মুনু ভাই তখন মশকরা করে বলল, ‘জি বস, আপনি এগুলো কী দেখাচ্ছেন? এত কুয়াশা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না।’বস বলল, ‘তাই, তুমি কিছু দেখতে পারছ না। তো বলো দেখি (মুনু ভাইয়ের দিকে লক্ষ করে) ওই ঘরের সিঁড়িতে কে দাঁড়িয়ে আছে?’ মুনু ভাই উত্তর দিল, ‘ও তো আমার প্রিয় বউ।’তখন বস রেগে বললেন, ‘তুমি অফিসের কাগজপত্র কুয়াশার জন্য দেখতে পারছ না আর বউকে খুব ভালো করে একেবারে চিনে নিলে।’মুনু ভাই হেসে উত্তর দিল, ‘আমাদের বিয়ের ২০ বছর হলো। ২০ বছর ধরে বউকে দেখছি। চিনব না আবার! আর চাকরিতে ঢুকেছি এক বছর হলো। কাগজপত্র, ফরম ভালো করে দেখিইনি, চিনব কী করে? তার ওপর কুয়াশা। এবার ব্যাপারটা বুঝেছেন?’ সিরোইল সরকারি উচ্চবিদ্যালয়, রাজশাহী।