
নাইক্ষ্যংছড়ি থেকে গাড়িতে করে বান্দরবান জেলা সদর ও আলীকদমে যাওয়ার সরাসরি পথ নেই। কক্সবাজার জেলার রামু হয়ে তারপর বান্দরবান কিংবা আলীকদম যেতে হয়। সেই পথের ঝক্কি অনেক। সময়ও কম নয়, কমপক্ষে পাঁচ ঘণ্টা লাগে। তবে আলীকদমে হেঁটে যাওয়ার রাস্তা আছে। তাতে সময় লাগে সাত ঘণ্টা। এ দুর্ভোগ বছরের পর বছর ধরে পোহাচ্ছে নাইক্ষ্যংছড়ির মানুষ। এখন সেই দুঃখ ঘোচানোর অপেক্ষায় আছে তারা।
রামুর ঈদগড় ইউনিয়নের বউঘাটে আলীক্যং খালের ওপর নির্মাণ করা হচ্ছে গার্ডার সেতু। এটি নির্মিত হলে নাইক্ষ্যংছড়ির সঙ্গে আলীকদমের দূরত্ব কমবে ৫১ কিলোমিটার। রামুর ঈদগড় ও গর্জনিয়ার লোকজনেরও যোগাযোগব্যবস্থা সহজ হবে।
বউঘাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জবর মুল্লুক (৮০), চাষি আবু বক্কর ছিদ্দিক (৪৪) ও মোস্তাক আহমদ (৬৫) জানান, সেতুটি নির্মিত হলে নাইক্ষ্যংছড়ির সঙ্গে অলীকদম-লামা হয়ে বান্দরবান জেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তখন এলাকায় উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া যাবে।
সরেজমিনে দেখা গেছে, রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে শেষ প্রান্ত বউঘাট বাজার। তার পাশে আলীক্যং খাল। খালের ওপারে নাইক্ষ্যংছড়ির উপরেরখিল গ্রাম। খালের দুই পাশে রাবারবাগান। মাঠজুড়ে ফসল আর ফসল।
ঈদগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ বলেন, শুষ্ক মৌসুমে খালের পানি কমে গেলে পারাপার হতে সমস্যা থাকে না। কিন্তু বর্ষাকালে পানি ফুঁসে উঠলে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। এখন আলীক্যং খালের ওপর সেতুটি নির্মিত হলে উপরেরখিল, ছেইনছড়ি, বরইছড়ি, নিরিবিলিগ্রাম, বউঘাট বাজার, বড়বিল, সিকদারপাড়া, কাটাজাঙ্গল, শফিরপাড়া, লেইঙ্গাপাড়াসহ অন্তত ২০টি গ্রামের মানুষ উপকৃত হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, কক্সবাজার আলীক্যং খালের ওপর ৯৯ মিটার দৈর্ঘ্যের ওই গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৫৩৫ টাকা। ইতিমধ্যে সেতুর ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান চকরিয়ার ‘মেসার্স আসলাম অ্যান্ড কোম্পানি’ সেতুটি নির্মাণ করছে।
এলজিইডি রামু উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করা গেলে নাইক্ষ্যংছড়ির উপরেরখিল আলীকদম উপজেলা, সেখান থেকে লামা, আবার লামা থেকে লামা-সুয়ালক সড়ক হয়ে বান্দরবান যাওয়া যাবে। এ ছাড়া আলীকদম থেকে থানচিতে যাতায়াতের জন্য সেনাবাহিনীর সদস্যরা একটি সড়ক তৈরি করছেন।