বউবাজারে আগুনে ৫২ দোকান ও ঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়া বউবাজারে গতকাল সোমবার ভোররাতে আগুনে ৫২টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। আনুমানিক ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।বাকলিয়া থানার পুলিশ জানিয়েছে, আগুনে শতাধিক বসতঘর ও দোকান ভস্মীভূত হয়েছে। থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মতিন জানান, আগুনে শতাধিক টিনের ছাউনির বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হবে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, মাস্টারপোলের বউবাজার ছালা কলোনিতে ভোররাত সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক গোলযোগের কারণে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের ছোট ছোট ঘর ও দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ৩৬টি দোকান ও ১৬টি বসতঘর ভস্মীভূত হয়।ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সকাল পৌনে আটটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মরিয়ম বেগমের ১৪টি ও শমসের আলীর ২২টি দোকান, মাসুমা বেগমের মালিকানাধীন ১৬টি বসতঘর পুড়ে গেছে। আগুনে আনুমানিক ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মান্নান জানান। তিনি বলেন, বাকলিয়া থানাধীন বউবাজার এলাকার সড়কগুলো সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে দেরি হয়।পুলিশ জানায়, আগুন লাগার সময় এখানকার বাসিন্দারা বেশির ভাগই ঘুমিয়ে ছিল। কিন্তু স্থানীয় লোকজন উদ্যোগ নিয়ে সবাইকে ঘর থেকে বের করে নিয়ে আসে। ফলে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুনে প্রায় তিন শ লোক গৃহহীন হয়ে পড়ে বলে উপপরিদর্শক মতিন জানান।১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ার ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বলেন, বৌবাজারে আগুনে ৯৩টি দোকান ও ঘর ভস্মীভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। সিটি করপোরেশন ও মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের রাতের ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী সময়ে সিটি করপোরেশনের উদ্যোগে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে।