শিকারিদের উৎপাত নেই, নেই মানুষের মাত্রাতিরিক্ত জ্বালাতন। এ যেন বকদের খুদে এক অভয়ারণ্য। নওগাঁ জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এক নিভৃত গ্রামে বকদের এই নিরাপদ আবাস আর আঁতুড়ঘর গড়ে তুলেছেন আবদুস সোবহান। তাঁর বকরাজ্য নিয়ে এবারের মূল রচনাবাঁশবাগানের মধ্যে ঢুকলেই পাখির কলরবে কান জুড়িয়ে যায়। মন উথাল-পাথাল হয়। কত পাখি, কত ছানা যে একযোগে ডাকছে, তার কোনো ইয়ত্তা নেই। দু-একটা ঘুঘু আর অন্যান্য পাখির দেখা মিলবে বটে; কিন্তু স্রেফ চোখের দেখা আর শ্রবণেন্দ্রিয়ই বলে দেয়, এই বাঁশবাগানে আসলে বকেরই রাজত্ব। সারা বাগানে দাপাদাপি করে বেড়াচ্ছে বিভিন্ন রকমের বক। বৈশাখ মাস থেকে এই বাঁশবাগানে আসতে শুরু করে বকের দল। বাচ্চা ফুটিয়ে বড় করে বাচ্চাকে সঙ্গে নিয়ে ভাদ্র-আশ্বিন মাসের দিকে আবার উড়ে চলে যায়। শিকারিদের উৎপাত নেই, নেই মানুষের মাত্রাতিরিক্ত জ্বালাতন। এ যেন বকের খুদে এক অভয়ারণ্য। বকের নিরাপদ আস্তানা বাঁশবাগানটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের আমন্ত গ্রামে। নওগাঁ জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এক নিভৃত গ্রামের বকদের এই নিরাপদ আবাস আর আঁতুড়ঘর গড়ে তুলেছেন আবদুস সোবহান। পাখির এই প্রজননকে নির্বিঘ্ন করার জন্য তিনি সব সময় সতর্ক থাকেন। যতই অসুবিধা হোক, বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্তু তিনি তাঁর বাগানের কোনো বাঁশ কাটেন না। বিক্রিও করেন না। দু-একজন প্রতিবেশীর তীব্র আপত্তির মুখেও তাঁর পাখির প্রতি ভালোবাসায় ঘাটতি পড়েনি।বাঁশবাগানে একবেলাপুকুরের দুই পাড়ে বিস্তৃত বাঁশবাগান। বাগানের মধ্যে সব গাছ ছাড়িয়ে মাথা উঁচু করে আছে একটা শেওড়াগাছ। আমন্ত গ্রামের দক্ষিণ পাড়ায় আবদুস সোবহানের বাড়ির আঙিনায় ঢুকতেই সবার আগে এই গাছটি নজরে পড়ে। প্রথম দর্শনেই মনে হবে, এটা যেন একটি আস্ত পাখির গাছ। ফল আর পাতার মতো গাছে যেন পাখি ধরে আছে। এর মধ্যে বিভিন্ন জাতের বক, রাতচরা আর পানকৌড়ির সংখ্যাই বেশি। বিকেলে ও সকালে গেলে দেখা যাবে শামুকখোল পাখি। সকাল হওয়ার পর শামুকখোল মাঠে চলে যায়। মা-বকেরা সারা দিনই আসা-যাওয়া করে। কোনো আহারের জোগাড় করতে পারলেই সেটা নিয়ে উড়ে চলে আসে। বাচ্চাদের খাইয়ে আবার চলে যায় খাবারের সন্ধানে।আমন্ত গ্রামের ভেতর দিয়ে একটি পাকা রাস্তা চলে গেছে। গ্রামের মাঝামাঝি গিয়ে বাঁ দিকে নেমে গেছে পায়ে চলা মেঠোপথ। কয়েক দিন আগে ওখানে গিয়ে পাখি আছে কোথায় জিজ্ঞেস করতেই এক যুবক দেখিয়ে দিলেন ওই আমন্ত দক্ষিণ পাড়ার রাস্তা। একেবারেই নিভৃত এলাকা। বৃষ্টির পর কাদায় ডুবে আছে রাস্তার অংশবিশেষ। তবে দক্ষিণ পাড়া পৌঁছে আর বলে দিতে হলো না, কোথায় পাখির দল। দূর থেকে শেওড়াগাছটির মাথায় বসে থাকা পাখির দল নজর কেড়ে নিল। আশপাশে সবই মাটির দেয়ালের ঘরবাড়ি। শেওড়াগাছের সামনের বাড়িতে খানিকটা ইটের গাঁথুনি রয়েছে। জানা গেল, বিশাল বাঁশবাগানটির মালিক ইটের বাড়িওয়ালা। নাম আবদুস সোবহান। আবদুস সোবহানের ছেলে জিয়াউর রহমান পাখি দেখতে যাওয়ার কথা শুনে বেশ আগ্রহের সঙ্গে বাঁশবাগানের ভেতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে গেলেন। বাগানের ভেতর ঢুকে দেখি, পাখির কলকাকলিতে বাইরের কোনো শব্দই আর কানে আসছে না। কত বিচিত্র স্বরে যে পাখি ডাকছে, তার হিসাব মেলানো ভার। তবে এর মধ্যে কিচিরমিচিরটাই বেশি কানে বাজছে। বাঁশবাগানের ভেতর দিয়ে যেতে ওপরের দিকে তাকালে চোখে পড়ে অসাধারণ সব দৃশ্য—বাচ্চার মুখে খাবার তুলে দিল মা-বক। একসঙ্গে দু-তিনটা বাচ্চা মায়ের মুখ থেকে খাবার নেওয়ার জন্য চারদিক থেকে জেঁকে ধরেছে মা-বককে। বক আর পানকৌড়ি মাতামাতি করলেও রাতচরা পাখি পাতার আড়ালে চুপচাপ বসে রয়েছে। ঘুঘুর দল কোত্থেকে যে ডাকছে, বোঝা মুশকিল। সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়েছে, সেটা হচ্ছে রাশি রাশি পাখির বাসা। নতুন-পুরোনো মিলিয়ে বাগানের প্রতিটি বাঁশেই রয়েছে একাধিক পাখির বাসা। বাসার কোনোটিতে সবে ডিম পেড়েছে বক। কোনোটিতে সদ্য ফোটা পাখির ছানা। পালক ছড়িয়ে আছে বাগানময়। বিষ্ঠায় সাদা হয়ে গেছে বাগানের প্রতিটি বাঁশ। তবে সমস্যা শুধু একটাই, আঁশটে গন্ধে বাগানে বেশিক্ষণ টেকা দায়।কানাবগির ছাপাখির বিষ্ঠার গন্ধ পাত্তা না দিয়ে একটি শিশুর দল অনবরতই বাগানের মধ্যে ছোটাছুটি করছে। এর কারণ বোঝা গেল কিছুক্ষণ পরই। ওদের একজনের হাতে দেখা গেল একটা বাচ্চা বক। সেটা নিয়ে মহা উৎসাহে ছুটতে শুরু করেছে সে। তার পিছু পিছু দৌড়াচ্ছে আরও পাঁচ-সাতজন শিশু। জানা গেল, ওরা বক কুড়াচ্ছে। আম কুড়ানোর কথা শুনলেও বক কুড়ানোর কথা কখনো শুনিনি। বিষয়টি পরিষ্কার করলেন জিয়াউর রহমান। সাধারণত বক ও পানকৌড়ি মাঠ থেকে বাচ্চাদের জন্য খাবার খুঁজে নিয়ে আসে। ইদানীং প্রায় জমিতেই কীটনাশক দেওয়া হয়। এতে ছোট মাছ মরে যায়। এই কীটনাশকে আক্রান্ত মাছ নিয়ে এসে মা-বক যখন ছোট বাচ্চাকে খাওয়ায়, তখন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে যায়। অনেক সময় মা-বকও বিষক্রিয়ায় আক্রান্ত বাচ্চা নিচে পড়ে যায়। এগুলো পড়ে মরে যায়। জিয়াউর বলেন, এই বকগুলো বাচ্চারা কুড়িয়ে নেয়।পাখির জন্য লড়াইসেদিন দুপুরে দেখা গেল, সাইদুর রহমান ও আবদুস সোবহানের পরিবারের মধ্যে তুমুল ঝগড়া চলছে। আবদুস সোবহান বাড়িতে নেই। সাইদুর রহমান চেঁচিয়ে যাচ্ছেন, ‘তুমি পাউচিন কী, আমি পাখিকে দাবড় দিব। তুমি যা করবার পারেন করবেন।’ এ কথা শুনে ছুটে এলেন আবদুস সোবহানের স্ত্রী গোলেজা বিবি, মেয়ে সাজেদা খাতুন ও ছেলে জিয়াউর রহমান। গোলেজা বিবি চিৎকার করে বলেন, ‘আমি আমার বাগানত পাখি রাখব। তুমি পারলে ঠেকান দেখি। বাড়ি করার আগে তুমি চিন্তা করেননি যে হামার বাগানত পাখি থাকে।’ সাংবাদিকদের পেয়ে সাইদুর রহমান চেপে ধরলেন। বললেন, ‘ভাই, আমি যদি পাখিকে দাবড় (তাড়ায়ে) দিই, তাহলে ওরা আমার বিরুদ্ধে কী করতে পারবে। আমার অসুবিধা হচ্ছে, আমি দাবড় দেব।’ জিয়াউর রহমান তাঁকে সাবধান করলেন। বললেন, ‘আমার পাখির কোনো ক্ষতি হলে আমি তোমার বিরুদ্ধে থানায় মামলা করব। ভাই, মানুষ আশ্রয় না দিলে কি দেশে পাখি থাকবার পারব। আমার আশ্রয়ে পাখি থাকে, এটা আমার আনন্দ। আপনি দেখেন, আশপাশে আরও বাঁশবাগান আছে, তাদের বাগানে পাখি যায় না।’ সত্যিই দেখা গেল, গ্রামের মধ্যে আরও বেশ কয়েকটি বাঁশবাগান রয়েছে। সেখানে কোনো পাখি নেই। আবদুস সোবহানের মেয়ে সাজেদা খাতুন বললেন, ‘পাখি একটা দেখার শোভা। এই পাখি না থাকলে কি আপনারা এখানে আসেতন?’ তিনি আরও বলেন, ‘আমি আমার জন্মের পর থেকে বাগানে পাখি দেখে আসছি। পাখির জন্য যদি আরও কিছু করতে হয়, আমরা করব।’ তিনি জানান, গ্রামের অপর প্রান্তে সরকারপাড়ায় তাঁর শ্বশুরবাড়ি। ওখানে মাঠে পাখি দেখলেই শ্বশুরবাড়ির লোকজন বলে, ‘ওই দেখো, তোমার বাপের বাড়ির পাখি এসেছে। তখন খুব ভালো লাগে।’পাখির সঙ্গে বসবাসবাগানের পাশের বাড়ির মানুষ পাখির ব্যাপারে আপত্তি করলেও শফিউদ্দিনের পরিবার দীর্ঘদিন থেকেই এই বাঁশবাগানের একাংশের মধ্যেই বাড়ি করে বসবাস করছে। তাদের ঘরের টিনের চালা পাখির বিষ্ঠায় একেবারে সাদা হয়ে গেছে। শফিউদ্দিনের স্ত্রী আমিনা বেগম বলছিলেন, ‘কী আর করা, পাখির সঙ্গেই থাকতে হয়। অসুবিধা হয়, ঝামেলা করে, তাও থাকি। সহ্য করতে হয়।’আবদুস সোবহান সে সময় বাড়িতে ছিলেন না। দুপুরের দিকে বাইসাইকেলে চেপে ফিরলেন। রাজশাহী থেকে পাখি দেখতে এসেছি শুনে ভীষণ খুশি হলেন। তাঁর বয়স এখন প্রায় ৫৫। এসএসসি পাস। আবদুস সোবহান পাখি ও প্রকৃতির ভারসাম্যের কথা বোঝেন। তিনি বলছিলেন, ‘পাখির জন্য আমি বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত যতই প্রয়োজন পড়ুক, বাগানের কোনো বাঁশ কাটি না। কিন্তু গ্রামের সব মানুষ পাখিদের ভালোবাসে না। বাঁশবাগানের উত্তর পাশে সাইদুর রহমান নামের একজন বছর তিনেক আগে বাড়ি করেছেন। তিনি পাখির বিষ্ঠার এই গন্ধ মানতে নারাজ। তাঁরা বুঝতে চান না, পাখি আমাদের কী উপকার করে। তাঁকে বোঝানোও যাচ্ছে না।’ তবে সব প্রিয় পক্ষীকুলের জন্য সব করতে রাজি তিনি। বেশ জোর দিয়েই বলছিলেন, ‘প্রয়োজনে আমি পাখির জন্য আইনি লড়াই করব। তবু কাউকে আমার পাখির গায়ে হাত দিতে দেব না। পাখি মানুষের বন্ধু। দেখতে কত সুন্দর। কারও কোনো ক্ষতি করে না; বরং পোকামাকড় খেয়ে খেতের ফসল বাঁচায়। বিষ্ঠার গন্ধটা আমাদেরও লাগে, কিন্তু পাখির বংশ বিস্তারের সুবিধার্থে আমরা সহ্য করি। পাখির জন্য এতটুকু আমরা কেন করতে পারব না?’