বকবাড়িতে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কে নাফ নদীর পারে ছায়া-সুনিবিড় গ্রাম জাদিমুরা। গ্রামের একপাশে বিশাল পাহাড়, অন্য পাশে নাফ নদী। মধ্যভাগে সড়কের পাশে প্রকৃতিপ্রেমী আবুল হাশেমের বসতবাড়ি। এই বাড়ির আঙিনায় কয়েকটি গাছে বাসা বেঁধেছিল কয়েক হাজার বক। কিন্তু এখন বকগুলো দীর্ঘদিনের আশ্রয় ছেড়ে চলে যাচ্ছে।মুরা বা পাহাড়ের ওপর রাখাইন সম্প্রদায়ের জাদি অর্থাৎ মন্দির আছে বলেই গ্রামটির এমন নাম। কেবল মন্দির দেখতে নয়, জাদিমুরা গ্রামে কক্সবাজারসহ দূর-দূরান্ত থেকে পর্যটক আসত আবুল হাশেমের বকবাড়ি দেখতে। গাছের নিচে দাঁড়িয়ে বকের ছবি তুলত তারা। অবাক হয়ে দেখত শত শত বকের নির্ভয়ে ওড়াউড়ি। কিন্তু এখন যেভাবে বকগুলো আবাস ছেড়ে যাচ্ছে, এমন দৃশ্য অদূর ভবিষ্যতে দেখা যাবে কি না, তা নিয়ে চিন্তিত গ্রামবাসী। কেন বকগুলো এতদিনের নিরাপদ আশ্রয় ছেড়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে জাদিমুরা গ্রামে গিয়ে জানা গেল প্রকৃত ঘটনা। এই বাড়িতে বকগুলোকে যিনি আশ্রয় দিয়েছিলেন, সেই আবুল হাশেম সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর অনুপস্থিতিতে অনিরাপদ হয়ে উঠেছে বকের আশ্রয়স্থল। সন্ধ্যার পর সুযোগ সন্ধানী শিকারিদের আনাগোনা বেড়েছে। রাতের অন্ধকারে বকের বাসায় হানা দেওয়ার ঘটনাও ঘটছে। কয়েকজন গ্রামবাসী জানান, মূলত নিজেদের রক্ষা করতেই আবুল হাশেমের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বকগুলো।নাফ নদীর তীরে ৪০ শতক জমির ওপর আবুল হাশেমের গাছ-গাছালিতে ভরা বসতবাড়ি। সাবেক এই সেনাসদস্য একাত্তরের মুক্তিযুদ্ধের পর অবসর নেন। অবসরজীবনে মগ্ন হয়ে পড়েন বন্য প্রাণী নিয়ে।১৯৯৯ সালের জুলাই মাসের এক বিকেলের কথা। আহত একটি বক হঠাৎই প্রবেশ করে আবুল হাশেমের ঘরে। বকটির গলা দিয়ে তখন রক্ত ঝরছিল। আবুল হাশেমের স্ত্রী নূরজাহান বেগম ও ছেলেরা মিলে বকটি ধরলেন। তাঁরা দেখলেন, বকের গলায় মাছের কাঁটা বিঁধেছে। নদী থেকে মাছ ধরে খেতে গিয়েই সম্ভবত বকটির এই বিপদ। আহত বকটিকে আবুল হাশেম হাসপাতালে নিয়ে যান। সেখানে অপারেশন করে গলা থেকে কাঁটা বের করা হলো। তারপর ওষুধ লাগিয়ে ছেড়ে দেওয়া হলো। এর পর থেকেই আবুল হাশেমের বাড়িতে একটি-দুটি করে বক আসতে শুরু করে। আবুল হাশেমের পরিবারের সদস্যরা জানান, ওই ঘটনার পর ঝড়বৃষ্টির সময় শত শত বক ঝাঁক বেঁধে ঢুকে পড়ত তাঁদের ঘরে। খাটের নিচে, ঘরের মাচায় কিংবা টেবিলের ওপর আশ্রয় নিত। বিপদ কেটে গেলে আবার চলেও যেত। বকের এই উপদ্রবে পরিবারের সব সদস্য বিরক্ত হলেও আবুল হাশেম নীরব থাকতেন। উল্টো বকগুলোকে খাবার দিতেন, আহত হলে চিকিৎসার ব্যবস্থা করতেন। বাড়ির আঙিনার কৃষ্ণচূড়া গাছটিতে বাসা বাঁধল হাজারো বক। দীর্ঘ ২৩ বছর বকগুলো নির্ভয়ে এই বাড়ির গাছে থেকেছে। কিন্তু এখন আবুল হাশেমের অনুপস্থিতিতে শ্বেতশুভ্র এই পাখির মাংসের লোভে নিয়মিতই হানা দিচ্ছে শিকারিরা। আবুল হাশেমের বড় ছেলে রেজাউল করিম জানান, কেবল বক নয়, পানকৌড়িসহ নানা জাতের পাখি এসে বসত এই বাড়ির গাছগুলোতে। দুই যুগের বেশি সময় ধরে এমন দৃশ্য দেখা গেছে। কিন্তু তাঁর বাবার মৃত্যুর পর গত কয়েক মাস ধরে বকগুলো চলে যাচ্ছে। আগের মতো পাখির আনাগোনাও নেই জায়গাটায়। স্থানীয় লোকজন জানান, বৈশাখ থেকে ভাদ্র-আশ্বিন পর্যন্ত এই সাত মাসে বকগুলো কমপক্ষে দুই থেকে তিনবার ডিম পাড়ত। ডিম পাড়ার আগে খড়কুটো দিয়ে গাছে বাসা বাঁধত এরা। তারপর বাচ্চা বড় হলে কিছুদিনের জন্য উপকূলের দিকে অজানার উদ্দেশে পাড়ি জমাত। আবুল হাশেমের পরিবারের সদস্যদের আক্ষেপ, সরকার জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কোটি কোটি টাকা খরচ করে, অথচ বকের এই আবাসস্থল রক্ষার উদ্যোগ নেই। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে সরকারি কিছু খাসজমিতে বকের অভয়ারণ্য গড়ে তোলা যায়। উদ্যোগ নিলে বকসহ বিভিন্ন জাতের পাখির বিচরণক্ষেত্র তৈরি করা সম্ভব। এতে পাখিপ্রেমী আবুল হাশেমের ইচ্ছা পূরণের পাশাপাশি রক্ষা হতো পরিবেশের ভারসাম্যও।