বকশিশ দিলে বিলাতি কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই বিলাতি কুকুর বাংলাদেশের কোথাও পাবেন না। তাই পর্যটকেরা দ্বীপ ভ্রমণে এসে সঙ্গে করে নিয়ে যান। আপনিও নিতে পারেন, কিন্তু বকশিশ দিতে হবে। একটির দাম ৫০০ টাকা। দুটি নিলে ৮০০ টাকা। কুকুর বিক্রি হারাম। তাই আমরা বকশিশ নিয়ে খরচের টাকা তুলছি।’সেন্ট মার্টিন দ্বীপের উত্তরপাড়ায় থাকে ১৪ বছরের বালক সৈয়দ নুর। তার দুই হাতে দুটো কুকুরছানা। পর্যটকদের কাছে কুকুর বিক্রির গল্পটি সে-ই বলছিল। সৈয়দ নুরের মতো আরও কয়েকজন বালকের হাতে দেখা গেল কুকুরছানা। কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে প্রতিদিন আসা পর্যটকেরা পোষার জন্য এসব কুকুর কিনে নিয়ে যাচ্ছেন নিজের ঘরে।দ্বীপের পশ্চিম পাশে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদর বাংলোবাড়ি ‘সমুদ্র বিলাস’-এর সামনে দেখা গেল শিশুরা কুকুরছানা নিয়ে ঘুরছে। এদের একজনের নাম শফিক। সে বলে, ‘সেন্ট মার্টিনের কুকুরের চুল লম্বা, চোখ ছোট ছোট এবং শিকার করতে ওস্তাদ। আমরা এদের বিলাতি কুকুর বলি। অনেক দূর থেকে এসে লোকজন এই কুকুর নিয়ে যান।’সৈকতের মাছবিক্রেতা কবির আহমদ (৪৫) বলেন, প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০টি কুকুরের বাচ্চা বকশিশ দিয়ে নিয়ে যাচ্ছেন পর্যটকেরা। ছোট ছেলেমেয়েরাই মূলত বকশিশের জন্য কুকুরছানা তুলে দিচ্ছে। কিন্তু তার পরও কুকুরের সংখ্যা কমছে না।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, কয়েক দশক ধরে ঘরে পোষার জন্য লোকজন এখানকার কুকুর ছানা নিয়ে যাচ্ছেন। তবে কেউ বিক্রি করতে শুনিনি। ছোট ছেলেমেয়েরা কুকুরছানা ধরে এনে দিলে হয়তো কিছু টাকা বকশিশ পায়।ইউপি চেয়ারম্যান বলেন, সেন্ট মার্টিনের বেওয়ারিশ কুকুরের জ্বালায় অতিষ্ঠ মানুষ। গেল ডিসেম্বরে অভিযান চালিয়ে ছয় শতাধিক বেওয়ারিশ কুকুর নিধন করা হয়েছিল। দ্বীপে বেওয়ারিশ কুকুর রয়েছে আরও দুই হাজারের বেশি। এসবও নিধন করা হবে।