
ব্যস্ত এই নাগরিক জীবনে সন্তানদের পড়ালেখা আর স্কুলের বাড়ির কাজ (হোমওয়ার্ক) মায়েদের জন্য আলাদা একটা চাপই বটে। তা ছাড়া পড়ালেখার সময় শিশুর চঞ্চলতা, পড়তে বসে দশবার করে উঠে যাওয়া, অমনোযোগিতা, হোমওয়ার্ক না করতে চাওয়া প্রভৃতি যেন সব মায়েরই সাধারণ অভিযোগ।
আবার এমনও দেখা যায় কিছু অতি উদ্বিগ্ন মায়ের জীবনে সন্তানের পড়ালেখা এবং হোমওয়ার্ক তৈরি-ই যেন জীবনের প্রধান ও একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। যেকোনো মূল্যেই সন্তানের ভালো ফল, প্রতিটি পরীক্ষায়ই ভালো নম্বরই যেন তাঁদের চাই-ই চাই। আর তাঁদের এই ইচ্ছার মূল্য গিয়ে পড়ে তাঁদেরই প্রিয় সন্তানের সুস্থ মানসিক গঠনে ও বিকাশে। ফলে মায়েরা অনেক ক্ষেত্রে বুঝতেই পারেন না তাঁদের কারণে ছোট্ট শিশুটি দিন দিন হয়ে উঠছে উদ্বিগ্ন, খিটখিটে, পড়ালেখায় অমনোযোগী।
অতিরিক্ত চাপ দিয়ে বা অতি শাসনে পড়ালেখা নয়
সাধারণত চার-পাঁচ বছর বয়স থেকেই শিশু পড়ালেখা নামক নতুন একটি বিষয়ের সঙ্গে পরিচিত হয়। খুব ধীরে ধীরে সে এ-সম্পর্কিত এক ধরনের নিয়মের মধ্যে ঢুকে পড়ে। পরিচয় ঘটে বইয়ের সঙ্গে। বইয়ের অক্ষরের সঙ্গে, জ্ঞানের জগতের সঙ্গে। সে কেন পড়ছে, এর উদ্দেশ্য কী, পড়ালেখা করলে তার ভবিষ্যতে কী লাভ হবে বা না করলে কী ক্ষতি হবে—সেটা বোঝার ক্ষমতা স্বাভাবিকভাবেই পাঁচ-দশ বছরের বাচ্চার থাকে না। ফলে খুব দায়িত্ব নিয়ে সে তার হোমওয়ার্ক করবে বা নিয়মিত পড়ালেখা করবে—এমন আশা করাটা অনুচিত।
মায়েদের মূলত এ সময়টা জোর দেওয়া উচিত বইয়ের প্রতি সন্তানের আগ্রহ তৈরিতে। এই আগ্রহ তৈরি হতেই তার কিন্তু লেগে যাবে বেশ কিছু সময়। কাজেই এই সময়টা না দিয়ে যদি অহেতুক চাপ তৈরি করা হয়, তাহলে পড়ালেখা বা বইয়ের প্রতি কিন্তু শুধু দূরত্বই তৈরি হবে। ফলে স্কুলের একটা পর্যায় পর্যন্ত হয়তো মুখস্থ করে পার পাওয়া যাবে, কিন্তু যখন বিশ্লেষণ করে কোনো পড়াশোনা আত্মস্থ করার বিষয় আসবে তখন সেটা আর সে পারবে না। ফলে অনেক সময়ই দেখা যায়, প্রাথমিক পর্যায়ে মোটামুটি ভালো ফল করা ছেলে বা মেয়েটি মাধ্যমিকে গিয়ে খুব একটা ভালো করতে পারছে না।
অভিভাবকের কী করণীয়?
. ধৈর্য রাখুন, পড়ালেখার আগ্রহ তৈরিতে যথেষ্ট সুযোগ ও সময় দিন।
. পড়াশোনা শুরুর প্রথমেই খুব ভালো ফল করতে হবে এমন প্রত্যাশা থেকে সরে এসে বরং শিশুর কাছে বইয়ের প্রতি যেন একটা আগ্রহ তৈরি হয়, সেটার দিকে মনোযোগী হোন।
. পড়ালেখার বা হোমওয়ার্ক প্রথমেই একেবারে ঘড়ি ধরে রুটিনমাফিক না করে শিশুর ইচ্ছে অনুযায়ী দিনের যেকোনো সময় বসান।
. একই সঙ্গে একটানা দীর্ঘক্ষণ শিশুকে জোর করে পড়ার মধ্যে ধরে রাখবেন না। কারণ, এ বয়সের বাচ্চা অনেকক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না। পড়ার সময় মাঝেমধ্যে তাকে উঠতে দেওয়ার সুযোগ দিন।
. পড়ালেখার বিষয়টি যথাসম্ভব খেলাচ্ছলে করার চেষ্টা করুন, গল্পের মধ্যে করুন।
. কৈশোরের আগপর্যন্ত সাধারণত মা-বাবাই শিশুর জগতের প্রধান ও মধ্যমণি হিসেবে কাজ করে। তার যে আচরণ বা ব্যবহারের প্রতি আপনি মনোযোগ দেবেন, সেটা আরও বেড়ে যাবে। সুতরাং যখনই আপনার সন্তান বই নিয়ে বসবে বা পড়ালেখা করবে সেটা যতটুকু হোক, সেটার উচ্ছ্বসিত প্রশংসা করুন।
. হোমওয়ার্কের বিষয়টি মাঝেমধ্যে শিশুর নিজ দায়িত্বে ছেড়ে দিন এবং পরে সারপ্রাইজ করুন। এ ক্ষেত্রে বাচ্চা যতটুকু পারল, (সেটা যত সামান্যই হোক) তার প্রশংসা করুন।
. হোমওয়ার্ক করার সময় শিশুর চঞ্চলতা, এদিক-ওদিক তাকানো, মাঝেমধ্যে উঠে যাওয়া প্রভৃতি স্বাভাবিক। এসব ব্যবহারে বকা না দিয়ে যথাসম্ভব উপেক্ষা করুন, মেনে নিন।
. হোমওয়ার্ক বা পড়ালেখার বিষয়ে ক্রমশ অনীহা দেখালে বিষয়টা গুরুত্বের সঙ্গে নিন এবং কেন তার অনীহা তৈরি হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। প্রয়োজনে মানসিক রোগ বিশেষজ্ঞ বা মনোবিদের সহায়তা নিন।
কী করবেন না
. সব সময় হোমওয়ার্ক বা পড়ালেখা নিয়ে রেগে থাকবেন না।
. স্কুল, কোচিং বা খেলা থেকে আসার পরপরই হোমওয়ার্ক বা পড়ালেখা নিয়ে কথা বলবেন না। বরং তাদের প্রয়োজনীয় বিশ্রামের সময় দিয়ে ধীরে-সুস্থে বিষয়টি সামনে নিয়ে আসুন।
. বকাঝকা বা শাসন করে হোমওয়ার্ক করাবেন না। এতে বাচ্চার মনে পড়ালেখা নিয়ে অহেতুক ভীতি তৈরি হয়। ভীতিই বাচ্চার মনে পড়ালেখায় আনন্দ, আগ্রহ ও মনোযোগ কমিয়ে দেয়। বরং শাসনের পরিবর্তে প্রয়োজনে সাময়িকভাবে আদর, কথা বলা, কমিয়ে দিন অথবা আচরণে সাময়িক দূরত্বের একটা ভাব আনুন।
. পড়ালেখার বিষয়ে অন্য বাচ্চার সঙ্গে নেতিবাচক তুলনা করবেন না।
. পড়ালেখা, হোমওয়ার্ক করতে চাওয়ার সঙ্গে শিশু কোনো শর্ত যুক্ত করে দিলে (যেমন—‘পড়লে আমাকে খেলনা কিনে দিতে হবে’) মেনে নেবেন না।
. হোমওয়ার্ক বা ক্লাস টেস্টে বাচ্চা যেসব বিষয়ে তুলনামূলক ভালো করেছে, সেসব বিষয় নিয়ে আগে কথা বলুন এবং প্রশংসা করুন। তার ভুল-ত্রুটিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন।
শেষ কথা
মনে রাখতে হবে, প্রতিটি শিশু যেমন বৈশিষ্ট্যের দিক থেকে আলাদা, তেমনি সব বিষয়ে সবার পারদর্শিতাও এক না। কিন্তু তারপরও প্রায় সব শিশুই জন্ম নেয় অমিত সম্ভাবনা নিয়ে। আপনার ধৈর্যশীল মন, গ্রহণযোগ্যতা আর শিক্ষকতাই পারবে সেই সম্ভাবনার যথাসম্ভব পূর্ণ বিকাশ ঘটাতে।
লেখক: মানসিক রোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল