বখাটের আগুনে কপাল পুড়ল সাত পানচাষির
‘অ-ভাই আঁর বিয়াগ্গিন ত শেষ। বখাটে আবুলু আঁর পানর বরজগান পুড়ি দিইয়্যি। আঁর ত আর কিছু নাই। বউ-পোয়ারে এহন কী হাবাইয়ুম।’ (আমার তো সব শেষ। বখাটে আবুলু আমার পানের বরজ পুড়িয়ে দিয়েছে। আমার তো আর কিছু নেই। বউ-ছেলেকে এখন কী খাওয়াব।আগুনে পুড়ে যাওয়া বরজে বসে কাঁদছিলেন রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের কাটাখালি গ্রামের পানচাষি আবু বক্কর (৪৫)। ৪ জুলাই সন্ধ্যায় তাঁর ৫৬ শতক জমির পানের বরজ আগুনে পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়। আবু বক্কর জানান, চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের কদমতলি গ্রামের বখাটে যুবক আবুল হোসেন (৩৪) ওরফে আবুলু পানের বরজে আগুন দেয়। আগুনে আবু বক্করসহ তিন চাষির পানের বরজ পুড়ে যায়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়। এর আগে গত ১৪ এপ্রিল ওই বখাটে আগুন দিয়ে আরও চার চাষির পানের বরজ পুড়িয়ে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় পানচাষি আবদুস ছালাম বাদী হয়ে ওইদিন রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।চাষিরা জানান, চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের কদমতলি গ্রামের মাহমুদুল হকের ছেলে আবুল হোসেন দীর্ঘদিন ধরে পানের বরজের নারী শ্রমিকদের উত্ত্যক্ত করে আসছিল। গত ১২ এপ্রিল সে আবদুস ছালামের পানের বরজে কাজ করার সময় জনৈক নারী শ্রমিকের শ্লীলতাহানি ঘটায়। আবদুস ছালাম প্রতিবাদ করলে বখাটে আবুল হোসেন কয়েক সহযোগী নিয়ে তাঁকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করায় আবুল হোসেন গত ১৪ এপ্রিল আবদুস ছালামের পানের বরজে আগুন লাগিয়ে দেয়। এতে আবদুস ছালামের ৪০ শতক, ছালেহ আহম্মদের ১২ শতক, আহমদ শাহের ১০ শতক ও এজালাস মিয়ার আট শতক পানের বরজ পুড়ে যায়। ওই সময় পানচাষি আবু বক্কর মামলা করার কাজে সহযোগিতা করায় আবুল হোসেন গত ৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় আবু বক্করের পানের বরজে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন ছুটে এলে আবুল হোসেন পালিয়ে যায়। খবর পেয়ে আবু বক্কর বাড়ি থেকে ছুটে এসে বরজের আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আবু বক্করের ৫৬ শতক, শহর মুল্লকের ১৪ শতক, আবু ছৈয়দের আট শতক জমির পানের বরজ পুড়ে যায়। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন জানান, মরিয়মনগর ইউনিয়নের কাটাখালি ও চন্দ্রঘোনা ইউনিয়নের কদমতলি গ্রামের প্রায় ৩০০ পরিবার পানচাষ করে জীবিকা নির্বাহ করে। এঁদের আয়ের অন্য কোনো পথ নেই। আর বখাটে আবুলুর দেওয়া আগুনে গ্রামের সাত পানচাষির কপাল পুড়েছে বলে তিনি জানান। চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগর প্রথম আলোকে বলেন, ‘মাহমুদুল হকের ছেলে আবুল হোসেন ওরফে আবুলু শুধু বখাটে নয়, মাদকসেবীও। মদপান করে প্রায় সময় সে গ্রামে অসামাজিক কাজে জড়িত থাকে। তার বিরুদ্ধে কেউ কথা বললে সে নানা উপায়ে মানুষের ক্ষতি করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘গত ১৪ এপ্রিল পানের বরজে আগুন দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় সে জামিনে রয়েছে। মামলা করায় সে ক্ষিপ্ত হয়ে পানের বরজে আবার আগুন দিয়েছে। সে এখন পলাতক। পুলিশ তাকে খুঁজছে।’